আমার বলতে কোন দ্বিধা নেই,আমি তোর প্রেমে পড়েছি
জানালা খোলা হাওয়ার মত
আমি
তোর শব্দহীন মুগ্ধ ও মৌলিক প্রেমিক।
বিষন্ন রাত্রি যখন জমাট বাঁধতে বাঁধতে আকাশের কার্নিশে
একটি ঘুমহারা পেঁচার নৈঋত কোণে ডাক
অন্ধকার ও অতীতের সাঁকো
নড়বড়ে সাঁকো
দুলে দুলে আমাকে আমার থেকে চুরি করে নিতে চায়
আমি তোকে ভেবে ফিরে আসি
ফিরে আসি তোর চোখের কথা ভেবে
ফিরে আসি তোর ঠোঁটের কথা ভেবে
ফিরে আসি তোর চুলের কথা ভেবে...
প্রিয়তম বন্ধু,তোকে আজ কিছু বলব বলে
বলবই বলে আমি বিদ্রোহে রক্তাক্ত করি আত্মদেহ
তোর চোখে সমাহিত কান্নায় স্নান
তোর হাসি ঠোঁটের কার্নিশে প্রতীয়মান
তোর চুল ভেজা সৌরভের অভিজ্ঞান
আমার বলতে দ্বিধা নেই
আমি তোর প্রেমে পড়েছি
শারীরিক আশ্রয় নয় তোর বুকের গহীন ঘরে
একটি আশ্রয়ের লোভে
অবিরাম খুঁড়েছি
আমি তোর প্রেমে পড়েছি।
========================================
দ্রষ্টব্য: কবিতাটি যাকে উদ্দেশ্য করে লেখা,তাকে উৎসর্গ না করে করছি অন্য একজন কে।যে একবার আমাকে তার দুঃস্বপ্নের কথা বলেছিলো।তার দুঃস্বপ্নের কথা শুনতে শুনতে আমি তার প্রেমে পড়েছিলাম।অনেক পরে বুঝতে পেরেছিলাম,তা আসলে প্রেমের বদলে সান্নিধ্য ছিলো,যতটা না মানসিক,ততোধিক শারীরিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



