১.
তুমি মানে তুমি
তুমি মানে বাতাসের ছোঁয়া
তুমি মানে বুকের ভেতর বয়ে চলা নদী
একখন্ড আকাশ
জলের ঢেউ
তুমি মানে কবিতা
না বলা প্রেম
তুমি মানে অস্তিত্ব
যার গহীনে তুমি নাই বরঙ অন্য কেউ।
২.
সেদিন আত্মহত্যা করবো বলে
হাতের শিরা কেটে দিলাম।
লোহিতকণিকা কাটলাম।
তারপর ভেতরে উঁকি দিয়ে দেখি
লেখা...
'বন্ধু, ভালোবাসিস, মনে রাখিস...'
আমি কাটা লোহিতকণিকা রেখে দিয়েছি
জীবনবাবু'র কাব্যগ্রন্থের ভেতর।
আবার কখনো আত্মহত্যা করতে ইচ্ছে হলে
খুলে দেখতে হবে।
৩.
আমার বুক চরাচর
শুণ্যতা ঘর
দখিন দুয়ার মেলা।
খুব বাতাসে
ঘুম নিভে আসে
ঝিরি ঝিরি দোলা।
আমার একলা আকাশ
একলা চৌকাঠ
সব বাতায়ন খোলা।
৪.
আলো কে টুকরো টুকরো করে ভেঙে গহীন অন্ধকারে অন্ধযাত্রায়
ক্রান্তি আমার শিরায় শিরায় - মৃদু মৃদঙ্গ তালে অগোছালে আমায়।
৫.
বলে দিতে চাই রুদ্ধ কথাকাব্যিতা
মেঘময়তায় এক ফোঁটা ঘুম
বলে দিতে বাতাসপাখির শিহরণ
দু'চোখ ভরা আলতো মদির চুম।
৬.
কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর ফুরালে
অনিন্দিতা জেগে উঠে বলে,
'আমার কী মৃত্যু হয়েছে?'
আমি বললাম,
'কেঁদোনা। ওটা একটা পাখি ছিলো।'
৭.
কিউপিডের ঘুম ফুরিয়ে
আঁখিপটে জাগে নিঃস্ব রাত
নিজের ভেতর চোখ মেলে দ্যাখ
হাসছে এক নতুন প্রভাত।
৮.
চোখ পুড়ে গেলে চোখের ভেতর থাকে কালো
অন্ধকার
দিন পুড়ে গেলে মৃগনাভি
রাত পুড়ে গেলে পূর্ণিমা।
আর আমি পুড়ে যাই
আমিত্ব পুড়ে হয় জোনাকী।
জোনাকীটির ডান পাখা বামের চেয়ে ছোট
আর পেটের ভেতর ধ্যানমগ্ন একটা বেড়াল
কালো বেড়াল
যাকে দেখে বিভ্রম হয়
প্রেমিকা মনে হয়।
৯.
আমি আর প্রিয়তা
আমাদের কেউ একজন এই মুহুর্তে মৃত।
কিন্তু কে মৃত?
জানি না।
খেয়াল করেছিস, আজকের আকাশ টা অন্ধকার।
১০.
হবে না, নাই বা হলো, থাক কিছু কথা আড়ালে
খসিয়ে পালক, ভীষণ ঝড়ে বক, কিছু বক উড়ে
পথ ভুলে, ঘন কাশফুলে, কার হাসি, সারা কাশবন, ঘোরে
ছোঁয়া লাগে প্রাণে, ভালোবাসা গানে, দ্বিধা সরিয়ে কেউ কেউ, বলতে না পারে
============================================
[ আমার ক্যাম্পাস লাইফ প্রায় শেষ। RAG শেষ। ডিপার্টমেন্ট থেকে বিদায় পেলাম। জমজমাট ক্লাস পার্টি করলাম। আজ হলো আমাদের খেলাঘর 'জয়ধ্বনি' র শেষ প্রোগ্রাম।
সব শেষ হয়ে যাচ্ছে আমাদের। কেবল রয়ে যাবে কিছু বন্ধু। তাদের মধ্যে একজন। মাফরুহা। কবিতা দিয়ে পরিচয় বলে কবিতাবন্ধু।
মাফরুহার কিছু স্বপ্ন আছে। স্বপ্নগুলো পূর্ণ হোক।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




