লক্ষবর্ষজীবি আত্মা যদি আসে, আমার পাশে;
গাঢ় স্বপ্নে আঙ্গুল বুলিয়ে আমাকে দেখায়, বেঁচে আছি
আমি সময়ে; ক্রালে নয়, এই মফস্বলে নয়, তারকাঁটার বেড়ার এপাশে নয়।
কয়েক দশকের ডোবা আর ভেসে ওঠা হয়ে যাবে এক সেকেন্ডের দাদু।
আর শতাব্দীরা ব্যাকুল হয়ে খুঁজবে সময়।
তাই ভবিষ্যতের প্রশ্নে ব্যাপক বিপদে পড়ে যায় চশমার কাঁচ।
প্রশ্ন ওঠায় কে, কোথায়, কখন; স্বপ্নবাজ ঈগল নায়ক বনে স্বর্ণমন্দিরের চূড়ায়;
ঝাপসা দ্যাখে স্পর্শ, মফস্বলের বারান্দায়;
প্রাচীন মলাটে কালির গন্ধ শোঁকে আর
পুরোনো কবিতার দু’পাশ কেটে আঙ্গুলে ঘষে বর্তমানের রঙ;
তাই পোড়া প্লাষ্টিক কিংবা সময় নামক ভদ্রলোকের আধিভৌতিক কাঁধে চড়ে আমি আঙ্গুলের দাগে হিসাব কষছি এমনি করে......
আজকের প্রয়োজন বিশ বছর শেষে হয়ে যেতে পারে সংজ্ঞা গণহত্যায়। একেবারেই ভুল হবে যদি বলা হয় তর্জনীতে ঘামের গন্ধ আর জুতার তলায় শাদা দাগ মনে করায় কোন রাস্তার কথা অকৃপণ। পঞ্চাশের কবিরা হাহাকার করে, ছাপার অক্ষরে, ঘুণে খাওয়া বুকশেলফে,তা দেখে মুঠোয় চেপে ধরি সিগারেটের ধোঁয়া আর হামাগুড়ি দেই কালো গর্তে। নতুন অর্থ আমদানি করে দেয়ালের আঁকিবুকি............... এইভাবে হিসেব মেলাই অনন্ত ক্রমের;
আর ওঁৎ পেতে থাকি, কখনও
লক্ষবর্ষজীবি আত্মা এলে আমার পাশে;
গাঢ় স্বপ্নে আঙ্গুল বুলিয়ে আওড়ালে সেই পুরনো শ্লোক,
দুম করে বলে দেবো,
শার্সির ওপাশ বলছে অন্য কথা।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


