আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

রশীদ হলের চিড়িয়াখানা - ৪ (ডাইনিং, মোষ, ডিম চাইনিজ, ... আর লেপ-তোষকের বনফায়ার)

২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৭

শেয়ারঃ
0 2 0

------
[পর্ব ১] [পর্ব ২] [পর্ব ৩]
-----
ডিম চাইনিজ
রশীদ হলে রাতের দিকে ১২টার পরে হলের ছেলেরা সব বেরিয়ে পড়তো। যারা দেরী করে ফিরেছে হলে, তারা হয়তো ডাইনিং এর খাওয়া মিস করেছে ... অথবা পড়াশোনা করতে করতে আঁতেল গোছের ছাত্রদের খিদে পেয়ে গেছে ... সবাই যেতো হলের ক্যান্টিনে, অথবা পলাশীর মোড়ে।

হলের ক্যান্টিনে রাত ১১টার পর থেকে পাওয়া যেতো পরোটা, গরুর মাংসের ঝোল (যদিও মাংসের বদলে তাতে থাকতো হাড্ডি), ডাল, ডিম ভাজি ইত্যাদি। পলাশীর মোড়ে খুলতো ইটালিয়ান হোটেল ... ইটালিয়ান কারণ অনেকটা ইটের উপরে বসার ব্যবস্থা, অথবা কপাল ভালো হলে বেঞ্চ, আর সেখানে পাওয়া যেতো সদ্য ভাজা পরোটা, আর রকমারী ডিমভাজি। বাহারী নাম তাদের, যেমন ডিম পাটোয়ারী, ডিম চাইনিজ ... পাটোয়ারীটা কী তা মনে করতে পারছিনা, কিন্তু চাইনিজটা ছিলো স্ক্র্যাম্বল্‌ড এগ ... ডিমকে ভেজে তার পর ঝুরা ঝুরা করে দেয়া। বন্ধু বান্ধবদের সাথে বিস্তর সেখানে রাতে খেয়েছি ... সদ্য ভাজা পরোটা আর ডিমে এতো মজা আর পাইনি কোথাও।

জীর্ণ মোষদলের অন্তিমযাত্রা
সেই ইটালিয়ান হোটেলের বেঞ্চে বসে ডিম চাইনিজ খেতে খেতে রাতের ঢাকার রূপ দেখতাম। উল্লেখযোগ্য যে ব্যাপারটা চোখে পড়তো, তা হলো গবাদীপশুর বিশাল মিছিল। উত্তরবঙ্গ থেকে গাবতলীর হাট দিয়ে এগুলো এসে পলাশীর রাস্তা দিয়ে যেতো বিভিন্ন বাজার আর কসাই খানাতে, পরদিনের বিক্রি হওয়া মাংসের যোগান দিতে। মজার ব্যাপার হলো, যতদিন দেখেছি এই পশুর মিছিল, কোনো সময়েই গরু দেখিনি এই মিছিলে। গরুর বদলে ছিলো মোষ ... জীর্ণ শীর্ণ মোষের দল।

এতো সব মোষ কোথায় যায়, তা অবশ্য বুঝতে সমস্যা হয়নি। আমাদের হলের ডাইনিং এ গরুর মাংসের নামে যা দিতো, তা সব সময়েই হতো ঘোর কৃষ্ণ বর্ণের। গরুর মাংসের লালচে আভা দেখিনি, কালো রঙ, আর শক্ত ভাবে দেখে বোঝা যেতো, এগুলো সেই মোষের মিছিল থেকে উদ্ভুত।
---

cliche গল্পের ডাল
হলের ডাইনিং এর ভাত যারা একবার খেয়েছে, দুনিয়ার যেকোনো খাবারই নির্বিবাদে খেয়ে ফেলতে পারবে, তা বলতে পারি নিঃসন্দেহে। হলের ডাইনিং এর খাবার নিয়ে কিছু cliche, অর্থাৎ বহুল প্রচলিত, এবং অতি-ব্যবহারে বিপর্যস্ত গল্প চালু আছে, একটা হলো এরকম, গল্প লেখক হলের ডাইনিং এ গিয়ে ডালকে হাত ধোয়া পানি, অথবা হাত ধোয়া পানিকে ডাল মনে করে খেয়ে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদি। বেশ কয়েকজনের লেখাতে এই একই গল্প পড়ে মনে হতো আগে, বোধ হয় কেউ কারো গল্প মেরে দিয়েছে।

রশীদ হলের ডাইনিং এর ঐতিহাসিক ডাল দেখে অবশ্য এই গল্পের শানে নযুল টের পেয়েছি প্রথম দিনেই। আমার আবার ঘন ডাল পছন্দ, তলানি থেকে নেয়াটা অভ্যাস। সমস্যা বাঁধতো, যখন পাতলা ডাল খাওয়া কারো পাশে বসতাম, পাশের জনে চামচ দিয়ে ঘুটা দিয়ে পুরো ডালের মিশ্রণকে সমঘনত্ব (শূন্য ঘনত্বের কাছাকাছি) করে ফেলতো, তখন সেই ডাল, আর হাত ধোয়া পানির মধ্যে পার্থক্য থাকতো না।

ডাইনিংএ মোষের মাংসের হাড্ডি আলু ঝোল ছাড়াও বিচিত্র সব খাবার মিলতো। একবার লাল শাক মুখে দিয়ে টের পেলাম, শক্ত কিছু ... গলার ভেতর থেকে বেরিয়ে এলো হিটারের কয়েলের তারের কিছু অংশ! কাঠের টুকরা, পাথর এসব তো মিলতোই। চিল্লাচিল্লি করে বেশি লাভ হতো না, যে কে সেই অবস্থা।

প্রতি বেলার খাবারের মূল্য ছিলো ৮ টাকা, কাজেই অবশ্য এই টাকাতে কিছু মিলতো সেই বড়ো কথা। পুরো মাস এভাবে আধাপেটা খেয়ে থাকতে হতো, কিন্তু ছেলেপেলে আপত্তি করতোনা, কারণ সবুরে মেওয়া ফলে, আর ঠিক একই ভাবে পুরো মাস পাথর, মোষ, তার, ডালস্য পানি - এসব খেয়ে পেটে পাথর বেঁধেই সবাই তীর্থের কাক হয়ে থাকতো, তার প্রধান কারণ হলের ফিস্ট।
---

পেটে খেলে পিঠে সয়
রশীদ হলের ফিস্ট ছিলো এক দেখার মতো মচ্ছব। প্রতিদিনের বাজার করার বাজেট যেখানে হাজার চারেক আটেক, সেখানে ফিস্টের বাজেট ছিলো ৫০ হাজার থেকে লাখ খানেক টাকার মতো। কারণটা পরিস্কার, ফিস্টে প্রায় ৯-১০ পদ রাজভোগ খাওয়ার আয়োজন হতো। কাচ্চি বিরিয়ানী, মুরগীর আস্ত রোস্ট, কাবাব, মাছ ভাজা, খাসির রেজালা, মিষ্টি, জর্দা, আপেল/আম, কমলা, পায়েস, বোরহানী, আর কোক/পেপসি । এই ফিস্ট খেতেই অন্য হলের অনেকে আসতো রশীদ হলে। পুরো মাসের সব হা-পিত্যেস করা লোকজনে এই এক দিনের রাজকীয় খানাদানা পেয়ে খুশি থাকতো বেজায়। আর মোটাসোটা থেকে শুরু করে কাকলাশ টাইপের রোগাভোগারাও যে পরিমাণে বিরিয়ানী টানতো, তাতে বোঝা যেতো, সবাই পয়সা উশুল করছে এই এক বেলাতেই।

হলের ডাইনিং এর বাজার করার দায়িত্ব পেতো দুইজন ম্যানেজার। পেশাদার নয়, বরং প্রতিমাসে ছাত্রদের মধ্য থেকেই ম্যানেজার নিয়োগ করা হতো। আর এই দায়িত্ব পাওয়ার জন্য কাড়াকাড়িটাও দেখার মতো। রীতিমতো দরখাস্ত দিয়ে আবেদন করে প্রভোস্টকে ইন্টারভিউ দিয়ে ম্যানেজারি পেতে হবু-প্রকৌশলীদের প্রবল প্রচেষ্টা লক্ষ্যনীয় ছিলো।

কারণটা আর কিছুই না ... গোপন সূত্রে শোনা যেতো, ম্যানেজারি পেলে প্রতি দিনের বাজার থেকে কিছু টাকা হাতানো যায়, হলের ৫০০ ছেলের বাজার প্রতিদিনে হাজার আটেকের মতো, তা থেকে শ পাঁচেক দিনে হাতাতে পারলেই মাসে ৩০ হাজারের উপরে জমে। তাই বেশ কিছু ছাত্র আপ্রাণ চেষ্টা করতো ম্যানেজারির খাতায় নাম লেখাতে। আর ম্যানেজারি করে সিনিয়র অনেক ভাই সেই মাসে কম্পিউটার কিনেছেন, এই কথাও বেশ প্রচলিত ছিলো।

ম্যানেজারদের এই টাকাচুরি সাধারণ ছাত্রদের প্রচন্ড ক্ষোভের কারণ ছিলো, মাসের ২৯ দিন পাথুরে চাল, মোষের হাড্ডি - এসব খেয়ে খেয়ে সবার রাগ যখন তুঙ্গে, তখন তাদের ঠাণ্ডা করার জন্যেই ফিস্টের দিন বিশাল খাওয়া দাওয়ার আয়োজন থাকতো। বুয়েটের ছাত্ররা গড় হিসাবে গোবেচারা, তাই সেই ফিস্টের রাজভোগ খেয়েই সব যেতো ভুলে।

লেপ তোষকের বনফায়ার
তবে, অতি লোভের জন্য ম্যানেজারদের কেউ কেউ হিসেবে ভুল করে বসতো। শেষ করছি সেরকম অতি-লোভী এক ম্যানেজারের কাহিনী দিয়েই। সেবার পুরো মাস যথারীতি বাজে খেয়ে সবার মেজাজ তিরিক্ষি, ম্যানেজার ভাই নাকি একটার বদলে দুইটা কম্পিউটার বাগাচ্ছে বলে গুজব চালু বাজারে। সবাই তাই বেশ আশা করে ফিস্টে হাজির, যদি ফিস্টে খেয়ে টাকা উশুল হয়। কিন্তু ম্যানেজারের দ্বিতীয় কম্পিউটার, অথবা মটর সাইকেলের দাম মেটাতে গিয়ে ফিস্টের বাজেটেও টান পড়েছে, যার ফলে ফিস্টে কাচ্চির বদলে সাধারন পোলাও, মুরগির আস্ত রোস্টের বদলে কোয়ার্টার রোস্ট, রেজালাও বাদ, আর কোকের বোতলের বদলে আধা সাইজের পেপসির ক্ষুদে বোতল। ফলও লাপাত্তা। মেসের বাজার করার ছোকরাকে দুটো ধমক ধামক দিতেই সে জানালো, প্রতিদিন বাজারের টাকা থেকে শ-চারেক পাঁচেক সরানোর আদেশ ম্যানেজার দিয়েছে, আর সেও পুরো মাস ধরে তা দিব্যি পালন করে চলেছে।

পুরো মাসের সঞ্চিত ক্ষোভ এবার তেলে বেগুনে জ্বলে উঠলো, আর গোবেচারা ছাত্ররাও কী করতে পারে, দেখা গেলো। ফিস্ট থেকে বেরুতেই দেখলাম, হলের বারান্দায় হঠাৎ একজন আছাড় মেরে পেপসির ক্ষুদে বোতল ভাঙলো, তার দেখাদেখি সবাই লাগাতার ভাঙা শুরু করলো বোতল। শুরু হয়ে গেলো শ্লোগান, "ম্যানেজারের চামড়া, তুলে নেবো আমরা"।

আমার দুই রুমমেট, রমণীমোহন আর শিল্পপতি ভাই, দুজন এমনিতে বেশ নির্বিবাদী। কখনো কারো সাথে এমনকি উঁচু গলাতেও কথা বলতে দেখিনি। কিন্তু হলের সেই ম্যানেজারবিরোধী উত্তাল আন্দোলনের জোয়ারে তাঁদের জোশ দেখে আমি তাজ্জব। সবাই ম্যানেজারকে এক দফা "বানানো"র জন্য খোঁজাখুজি করছিলো, কিন্তু ম্যানেজার ভাই টাকা মারাতে বেকুব হলেও সময় মতো আক্কেলমন-চরিত্রের পরিচয় দিলেন ... ঘটনার আভাস পেয়ে মুহুর্তেই গায়েব। ছেলে পেলে পেটের সুখ, হাতের সুখ মেটাতে উদগ্রীব। কী আর করা, ম্যানেজারের রুমে অভিযান শুরু হলো। কম্পিউটার সম্ভবত আগেই সরিয়ে ফেলা ছিলো, কাজেই ম্যানেজারের বইপত্র আর লেপ তোষক মশারী ছাড়া আর কিছু জুটলোনা।

বুয়েটের ছেলেপেলে, হাজার হলেও আঁতেল পরিচয়, তাই বইপত্র পোড়াতে মন সায় দেয়নি। কাজেই সবাই মিলে লেগে পড়লো চোর ম্যানেজারের লেপ-তোষক আর মশারী পোড়াবে, সেই বনফায়ার শুরুর উদ্যোগে। বিস্মিত হয়ে আমার দুই রুমমেটকে এই বহ্নুৎসবে নেতৃত্ব দিতে দেখলাম, স্যোৎসাহে লেপ তোষকে আগুন দিয়ে মনের সুখ মেটাতে সবাই চরম আনন্দে উদ্বেল।

পরে একজনে জানিয়েছিল, ম্যানেজারের লেপ-তোষক-চাদর সম্ভবত চার/পাঁচ বছরে কেউ পরিস্কার করা বা রোদে দেয়ার প্রয়োজন মনে করেনি। এতোই চিটচিটে বোঁটকা ছাগগন্ধ ছিলো সেখানে, আগুন ধরাতে ফুয়েল-ফ্ল্যাশ-পয়েন্টের নাড়ি নক্ষত্র জানা হবু প্রকৌশলীদেরও বেশ বেগ পেতে হয়েছে। আর পোড়ানোর পরে বোঁটকা যে গন্ধ ছড়িয়েছিলো, তার কথা না হয় নাই বললাম।

--

পাদটীকা - মেস ম্যানেজার সপ্তাহ কয়েক গা ঢাকা দিয়ে পরে দিব্যি ফেরত এসেছিলো। ততোদিনে বিপ্লবী আঁতেল ছাত্ররা পরের মাসের ম্যানেজারের শাপ-শাপান্ত করতে ব্যস্ত, যদিও সেই ম্যানেজার আর একই ভুল করেনি, বিশাল ফিস্ট দিয়ে সবাইকে ঠান্ডা করে দিয়েছিলো। হলের কর্তৃপক্ষ তদন্ত কমিটি করে রীতিমত সাক্ষ্য গ্রহন-টহন করেছিলো, কিন্তু শেষ পর্যন্ত তোষক-বনফায়ার ধামাচাপাই পড়ে যায়।

আর হলের সেই মোষের মাংস খেয়ে আমাদের শরীরটাও কিন্তু ছিলো বেশ ভালো, হলের ছেলেপেলে হৃষ্টপুষ্ট না হলেও মারা পড়েনি। কেবল বুয়েটের হলের মিনারেল সমৃদ্ধ পানি খেয়ে অকালেই অনেকে চুল হারিয়েছিলো, এই যা।


[চলবে]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রশীদ হলবুয়েট ;
প্রকাশ করা হয়েছে: স্মৃতিচারণ  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৪
সামী মিয়াদাদ বলেছেন: খাইবার ফিরিস্তি....আমার খিদা লাগছে পইড়া

বনফায়ার হইলো? দারুন তো?
২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: তখন আমার ডিজিটাল ক্যামেরা ছিলোনা, বছর সাতেক আগের কথা। থাকলে সেই বনফায়ারের ছবিও দেয়া যেতো :)

২. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৬
মুহিব বলেছেন: পড়ে আনন্দ পাইলাম। আমি কখন হলে থাকিনাই বলে একটা আফসোস আছে।
২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: রশীদ হলের ছেলেপেলের সাথে যোগাযোগ করে জেনে নিন, এই দুর্মুল্যের বাজারেও কি সেই রাজসিক ফিস্টের চল আছে কি না। তার পরে একদিন ফিস্টের সময়ে চলে যান। ম্যানেজারকে হাত করতে পারলেই ফিস্টে যোগ দিতে পারবেন। লাস্ট ব্যাচে ম্যানেজারের খাতিরের লোকজনের জন্য আলাদা ব্যবস্থা থাকে।

৩. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৯
মুহিব বলেছেন: আমি আপনাকে বলেছিলাম ঐ এলাকায় যেতে হীনমন্যতায় ভুগি। তবুও ধন্যবাদ
৪. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২১
তাকা বলেছেন: ভাল হচ্ছে চলুক
৫. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২২
ফারহান দাউদ বলেছেন: বুয়েটের পোলাপানের চুল কেন কম থাকে তার ১টা ব্যাখ্যা পাইলাম:) ফিস্ট কিন্তু ২-৩ টা হলে বন্ধ করে দিয়েছে রাগিব ভাই,এই বাজারে নাকি পোষায় না,যেসব হলে আছে,সেখানেও আর ঠিক সেই প্রথম দিকের জৌলুস নেই,যায় দিন ভালো,আসে দিন খারাপ:(
২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: হলের ছেলেপেলেরা অনেকেই বিচিত্র সব চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকতো, একজনকে দেখতাম, প্রতিসপ্তাহে বাথরুমের বেসিনের আয়নাতে গিয়ে নিজের হাতেই রেজর দিয়ে মাথা কামাচ্ছে। আরেকজন কোনো ভারতীয় কোম্পানীর কাক-গন্ধযুক্ত ভেষজ তেল মাখতো, হারানো চুল ফেরৎ পাওয়ার আশায়।

হলের পানি আসতো বুয়েটের নিজস্ব ডীপ টিউবওয়েল থেকে। ফলে বিশুদ্ধতার দিক থেকে সুবিধা থাকলেও প্রচন্ড খনিজ থাকতো। পানি গরমের হিটারগুলোতে মাস খানেকের মধ্যেই ২-৩ মিলিমিটার পুরু প্রলেপ পড়তো। মাথার চুলের সাথে এর সম্পর্ক অনেকের কাছেই শুনেছি।

৬. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২২
মন মণষা বলেছেন: জমপেশ লেখা...বহুদিন পর সামহোয়ারইন এ ঢুকে ভালো লেখা পড়লাম...ভালো লাগলো...
৭. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২২
সামী মিয়াদাদ বলেছেন: যাক এই সুযোগে ম্যানেজারের ৪/৫ বছরের বোটকা গন্ধওয়ালা বিছানাপত্রের একটা গতি হলো
২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: কিন্তু তাতে কি ... যা কামিয়েছিলো সেই এক মাসে, হোন্ডা না হলেও কম্পিউটার আরেকটা কিনেছিলো নির্ঘাৎ!

৮. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২২
(অ)গাণিতিক বলেছেন: ছার পোকার কথা লিখলেন না? রশিদ হল থেকেই ত ঐ জিনিষ রপ্তানি করা হয়েছিল আর সব হলে !! :)
২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: ঘটনাচক্রে আমার রুমে ছারপোকার উৎপাত কম ছিলো। তবে অন্যত্র কেমন ছিলো জানিনা।

৯. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৬
আসাদ রহমান কিশোর বলেছেন: হলের দিন গুলার কথা মনে পইরা গেলো
১০. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯
ফারহান দাউদ বলেছেন: ডিম চাইনিজ টা ঝুরঝুরা করে ভেজে আবার ডাল দিয়ে দেয়,মন্দ না। ছারপোকা? ১-২ তে রশিদে আস্তানা গেড়েছিলাম পিএল এ,ছারপোকার পিক পিরিয়ড ছিল ঐটা,বসলেও গা দিয়ে হাঁটতো ২-৪ টা,পোলাপান কেমনে ঘুমাইতো প্রথম দিকে অবাক হইতাম,কিন্তু ১ মাস পরে দেখি আমি নিজেই দিব্যি ঘুমাচ্ছি,গায়ে লাগাচ্ছি না কামড়:)
২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: হলের ছেলেদের ঘুম বেশ গাঢ় হতো। আগের এক পর্বে লিখেছিলাম, চোর এসে আমাদের রুমের সব কিছু নিয়ে গেছে, আমার রুমমেটের চশমা সমেত, কিন্তু আমরা তিন কুম্ভকর্ণ দিব্যি তার মধ্যে ঘুমিয়েছি সারারাত।

১১. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৯
পারভেজ বলেছেন: মজা। আপনি মানেজার হোতে চাননি কখনো??
খুব মজা পেলাম ভাই। খুব....।
২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: হা হা ... সাধারণত ধান্ধাবাজ টাইপের ছাত্ররাই এই ম্যানেজারির লাইনে থাকতো। পাশের রুমের এক পরিচিত ভাই একবার হয়েছিলেন, এছাড়া অধিকাংশ ক্ষেত্রে গুটি কয়েক নির্দিষ্ট ছাত্রই ম্যানেজার হতো ঘুরে ফিরে।

১২. ২১ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫২
মোহাম্মদ বলেছেন: হা হা.. চালিয়ে যান।
ধন্যবাদ।
১৩. ২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৯
চিকনমিয়া বলেছেন: বস একটা টেকি পোষ্ট দেন না:(
১৪. ২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৬
সাদাকালোরঙিন বলেছেন: রাগিব ভাই, ডিম পাটোয়ারী হলো ডিম পোঁচ এর উপর কাঁচা পেঁয়াজ, মরিচ & লবণ ছিটিয়ে দেয়া। জিনিসটা একসাথে ডিম পোঁচ এবং ডিম ভাজির স্বাদ দেয়। এককথায় অসাধারন।

অনেক দিন পর বুয়েটের ডাইনিং এর কথা মনে পড়লো। আমাদের হলেও ( নজরুল ইসলাম হল) একই ঘটনা ঘটেছিলো। ফিস্টের ঘন্টা পড়ার সাথে সাথে জানালা, দরজা দিয়ে যে যেভাবে পারি একটা চেয়ার দখল করা ...... সেই স্মৃতি ভুলতে পারি না। আপনার লেখাটা পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলো । ধন্যবাদ আপনাকে ।
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: আহ, ডিম পাটোয়ারী ... ধন্যবাদ আপনাকে।

১৭. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৯
gladiator বলেছেন:
ফিস্টের সেই দিন আর নাই।
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: হুম ...

দেশ মরে খাদ্যাভাবে,
ফিস্ট করে আর কী হবে!!

১৯. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৬
মাইনুল বলেছেন: হলে কি ঘুষ খাওয়ার উপর কোন ট্রেনিং দিত? ইঞ্জিনিয়াররাতো চাকরিতে ঢুকলে খাইতে খাইতে আর জায়গা থাকেনা।
২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: সব কেরানী যেমন ঘুস খায়না, সব ইঞ্জিনিয়ারও ঘুস খায় না। ব্যক্তিগতভাবে যে নীতিহীন, পেশা নির্বিশেষে সে ঘুস খাবেই। হলে ম্যানেজার অনেকে হতো, সবাই যে উপরে বর্ণিত ব্যক্তির মতো হতো তা কিন্তু না।

২০. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:২৪
মেন্টাল বলেছেন: মাইনুল, শিবিরে কি ছাগলামীর উপর কোন ট্রেনিং দেয়?
২১. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৪
আরিফ থেকে আনা বলেছেন: আহা কি দারুন সব অভিজ্ঞতা :(
২২. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৯
একরামুল হক শামীম বলেছেন: রশীদ হলের চিড়িয়াখানায় একবার গিয়েছিলাম। :)
তবে ডালের ব্যাপারটা মনে হয় সব হলের জন্য প্রযোজ্য।
বনফায়ার হইছিল কিন্তু ছবি নাই.....কেন যে তখন আপনার ক্যামেরা ছিল না!!
২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: আসলেই, ঐ সব ঘটনার সময় ডিজিটাল ক্যামেরা থাকলে মজা হতো। আমি ৩২০ কিলোপিক্সেলের ক্যামেরাটা কিনি একেবারে শেষ দিকে ২০০২ সালে ... এই সব ঘটনা তার আগের ...।

২৪. ২২ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১০
নাসিফ বলেছেন: "ডালস্য পানি" -নামটা ভালই দিয়েছেন ।

পলাশীর চেয়ে বকশীবাজার "পেনাং"এ এখন আমরা বেশি যাই । "গবাদীপশুর বিশাল মিছিল" এখনো নিয়মিত দেখাযায় ।

ইলেক্ট্রিসিটি চলে গেলে আমাদের হলে (আহসানুল্লাহ হল) একতলা থেকে চারতলা পর্যন্ত কিছুকিছু রুমের সামনে নিয়মিত অগ্নি উৎসব হয় । কাপড় চোপড় থেকে শুরু করে চোথাপত্র অনেক কিছুই পোড়ানো হয় ।
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩০

লেখক বলেছেন: পেনাং মানে কি, মোড়ের ঠিক পাশেই দোকানটা, যেটা আগে জলটোঙ নাম ছিলো? পিচ্চি একটা দোকান, দেখে মনে হয় একতলা, কিন্তু ভেতরে ঢুকলে দুই তলা দেখা যায়, ওটা?

২৫. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪১
নীল েঢউ বলেছেন: মেন্টাল বলেছেন: মাইনুল, শিবিরে কি ছাগলামীর উপর কোন ট্রেনিং দেয়?
২৬. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:১৬
কেএসআমীন বলেছেন: লেখাটা জমে উঠেছে....

বই করতে চাইলে আমার সাথে যোগাযোগ...

ধন্যবাদ
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪০

লেখক বলেছেন: হা হা হা, বই টই লিখলে ম্যানেজার বেটা এসে মারধর দিতে পারে :)। আর আপনার কি প্রকাশনী আছে নাকি ;)?

২৭. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৬
কেএসআমীন বলেছেন: না ভাইজান কোন প্রকাশনী নাই। তয় আমি আপনের বই হইলে খাইটা খুইটা.....
২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৮

লেখক বলেছেন: যাক বাবা, ম্যানেজারের হাত থেকে আপাতত রক্ষা!!

নাহ ভাই, আপাতত বই বের করার মতো লেখক হই নাই। :) স্ম্রৃতি ধরে রাখার জন্য এখনই হলজীবনের কথা লিখে রাখছি।

২৮. ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৬
মুহিব বলেছেন: রাগিব ভাই বই লিখুন
২৯. ২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৩
নাসিফ বলেছেন: রেসটুরেন্টটা মোড়ের পাশেই । আগে এর নাম জলটোঙ ছিল কিনা জানিনা ।
একতলা দোতলার illusion আমার কখনো হয়নি ।
৩০. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৪
তারার হাসি বলেছেন: চলতে থাকুক...
শুভেচ্ছা !
৩১. ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৩
পারভেজ বলেছেন: ধন্যবাদ ভাই.. চালিয়ে যাবেন কিন্তু..।
৩২. ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫২
ফ্রুলিংক্স বলেছেন: তীতুমীরে ফিষ্ট হলে চান্সে দাওয়াত পেয়ে যেতাম। বেশ কিছু ফিষ্টে এটেন্ড করেছি। বুয়েটের ফিষ্ট আসলেই ব্যাপক।

রশিদ হলেও অনেক খাওয়া হয়েছে।
৩৩. ১০ ই মে, ২০০৮ রাত ১:১৯
তারিফএজাজ বলেছেন: এইসব গল্প পেটে নিয়ে ঘুরেন কিভাবে
৩৪. ১৫ ই মে, ২০০৮ সকাল ৮:১৪
অদ্ভুত আঁধার এক বলেছেন: রাগিব ভাই,
আমিও রাশিদ হলের......
সাত বছরেও কোন পরিবর্তন নাই
এখনো আমরা ফিস্টের দিন হুড়োহুড়ি করে দরজার কাঁচ ভেঙ্গে ফেলি...
এখনো ডিম চাইনিজ খাই............
এখনো ম্যানেজারের মাথা ভাঙার উপক্রম করি............
৩৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৬
পাপী বলেছেন: কাকলাশ- হা হা হা!!
৩৬. ১৬ ই মে, ২০১১ রাত ১:০৮
আমি তুমি আমরা বলেছেন: হলের ক্যান্টিনে রাত ১১টার পর থেকে পাওয়া যেতো পরোটা, গরুর মাংসের ঝোল (যদিও মাংসের বদলে তাতে থাকতো হাড্ডি), ডাল, ডিম ভাজি ইত্যাদি। পলাশীর মোড়ে খুলতো ইটালিয়ান হোটেল ... ইটালিয়ান কারণ অনেকটা ইটের উপরে বসার ব্যবস্থা, অথবা কপাল ভালো হলে বেঞ্চ, আর সেখানে পাওয়া যেতো সদ্য ভাজা পরোটা, আর রকমারী ডিমভাজি।

এখনও সেই ট্র্যাডিশান চালু আছে।রাতে প্রায়ই খেতে বের হই, সাথে যুক্ত হয়েছে মানিক ভাইয়ের চা।


মজার ব্যাপার হলো, যতদিন দেখেছি এই পশুর মিছিল, কোনো সময়েই গরু দেখিনি এই মিছিলে। গরুর বদলে ছিলো মোষ ... জীর্ণ শীর্ণ মোষের দল।

আমরাও বসে বসে দেখি শিং বাকানো মোষের যাত্রা।
৩৭. ১৬ ই মে, ২০১১ রাত ১:১৮
আমি তুমি আমরা বলেছেন: প্রতি বেলার খাবারের মূল্য ছিলো ৮ টাকা, কাজেই অবশ্য এই টাকাতে কিছু মিলতো সেই বড়ো কথা।

এখন কিন্তু ১৫ টাকা। কিন্তু পরিস্থিতি আরো খারাপ :(( :(( :((

ফিস্টে প্রায় ৯-১০ পদ রাজভোগ খাওয়ার আয়োজন হতো। কাচ্চি বিরিয়ানী, মুরগীর আস্ত রোস্ট, কাবাব, মাছ ভাজা, খাসির রেজালা, মিষ্টি, জর্দা, আপেল/আম, কমলা, পায়েস, বোরহানী, আর কোক/পেপসি ।

বললে বিশ্বাস করবেন কিনা জানিনা একবার ফিস্ট খেলাম মাত্র ৪টা আইটেম :( (তার মধ্যে একটা আবার সালাদ X(( ), আরেকবার সাথে কোন ড্রিংকস নাই :(( :(( আর ফুল রোস্ট পুরা বুয়েট লাইফে পাইছি একবার। আমাদের জুনয়ররাতো ফুল রোস্ট দেখেই নাই আর আমরা কখনো দেখি নাই কাচ্চি(সবসময় প্লেন পোলাও)।

ম্যানেজারি করে সিনিয়র অনেক ভাই সেই মাসে কম্পিউটার কিনেছেন, এই কথাও বেশ প্রচলিত ছিলো।

আগে কিনতো ডেস্কটপ আর এখন ল্যাপটপ। কিছুই বদলায় নাই :( :( :(

পরে একজনে জানিয়েছিল, ম্যানেজারের লেপ-তোষক-চাদর সম্ভবত চার/পাঁচ বছরে কেউ পরিস্কার করা বা রোদে দেয়ার প্রয়োজন মনে করেনি। এতোই চিটচিটে বোঁটকা ছাগগন্ধ ছিলো সেখানে, আগুন ধরাতে ফুয়েল-ফ্ল্যাশ-পয়েন্টের নাড়ি নক্ষত্র জানা হবু প্রকৌশলীদেরও বেশ বেগ পেতে হয়েছে। আর পোড়ানোর পরে বোঁটকা যে গন্ধ ছড়িয়েছিলো, তার কথা না হয় নাই বললাম।

=p~ =p~ =p~

ইশ আমরাও যদি এভাবে পোড়াতে পারতাম।মাঝে মাঝে হাত নিশপিশ করে, খালি সাহসে কুলায় না।

তবে যাই বলেন রশীদ হলে সমটা কিন্তু চমৎকার কেটে যাচ্ছে। B-) B-) B-)
৩৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২
জীবন্মৃত০১ বলেছেন: হাহাহা..সব হল লাইফই বোধ হয় এমন। ভালো লাগলো সবগুলো পর্ব।

 

মোট সময় লেগেছে ০.৯৭০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ