বন্ধুরা! তোমরা আমার কবিতার মাঝে বেঁচে থাকবে।
তোমরা হারিয়েও নিজেদের খুঁজে পাবে আমার কবিতায়, গল্পে।
আমার দিনলিপিতে তোমরা আলাপ করবে।
তোমরা ভুলে গেলেও আমি তো ভুলিনি।
আমি তোমাদেরও ভুলতে দিবোনা।
বন্ধুরা! তোমাদের ফিরতেই হবে,
ধূলোমাখা এই শহরে।
আর কাউকে যদি না ও পাও,খোঁজ করো আমার।
আমি থাকবো।
পলাশীর মোড়ে অথবা জাগরণী ক্লাবের কাছে,
খোঁজ করো যদি কখনো ফিরে আসো তোমরা।
যদিও জানি, তোমাদের ফিরতেই হবে,
ধূলোবালি মাখা এই শহরে একদিন।
ভালোবাসার সওদা নিয়ে বসে আছি রাতদুপুর।
তোমাদের যে ফিরতেই হবে ভালবাসার কাছে, নদীর কাছে।
আমার গৃহিনী তোমাদের জন্য তাঁর সেরা রান্নাটি করবেন,
নকশীকাঁথা আর হাতপাখা বানিয়ে রেখেছেন উনি তোমাদেরই জন্য।
শীতে,গ্রীষ্মে যখন খুশি চলে এসো।
আমার মামুনি তোমাদের গান শুনাবে জোছনা রাতে।
আমার ছেলেটা ভোর বেলায় মাছ মারতে যাবে পৈত্রিক পুকুরে,
সে তো কেবল তোমাদেরই জন্য।
আমি যা খাই তোমাদের তাই খেতে দিবো।
মাটির সানকি বা কলার পাতায় যাই হোক,
জানি তোমরা তাতেই খুশি হবে।
আমার ভালোবাসার কুঁড়েঘরে কখনোই তোমাদের আশ্রয়ের অভা্ব হবে না।
তোমাদের ফিরতেই হবে একদিন। তোমরা ফিরে এসো।
আমি এখানেই থাকবো।
তোমরা বেঁচে থাকবে আমার কবিতায়, গানে।

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


