তবে ফিরে এসো তুমি এই হৃদয়ের প্রান্তরে,
এখনো সেথায় ধূসর গোধূলিমায়
তোমার প্রেমের ফেরারী আলো
ঘুরে ফিরে খেলা করে,
এখনো সেথায় অবুঝ প্রেমের চিত্রকর
উন্মত্ত তুলি ঝড়ে ভালোবাসার অজস্র জল-ছবি আঁকে--
বেদনার রং ভুলে গিয়ে প্রেমেরই নীল নীল জল রঙে,
এখনো সেথায় সবুজ তরু-লতায়
থেকে থেকে দোল খেয়ে যায়
তোমার হাসির কিংকরী সুর, অবিনাশী বীণা,
এখনও সেথায় নির্ঘুম নিরালায়
তোমার ছেড়ে যাওয়া স্মৃতির পাখিরা
আমায় জাগিয়ে রাখে অনন্ত নিশি দিবা
এখনও সেথায় যৌবনের পূর্ণতায়
হেমন্তের সদ্য পাকা ধান হবে বলে
আমাদের সেই ছেলে-মানুষী প্রেম
তোমার আবেশী স্পর্শের অপার্থিব শিহরণের আশায়
প্রতীক্ষার অনন্ত প্রহর সাজায়,
এখনও সেথায় বড় অচিনও ধারায়
প্রেমেরই কোন উদাস বাউল
আপন সুরে গান বেঁধে যায়,
এখনও সেথায় নিবিড় ছন্দময়তায়
তোমার বিমোহিত অপলক দৃষ্টির
চারিধারে ঘুরে বেড়াবে বলে শরতের অথৈ নীল আকাশ
ফুরফুরে শুভ্র মেঘেদের জাল বুনে চলে,
এখনও আমি তাই বৃদ্ধ মৌন ঋষির মতো
পার্থিব সকল দেয়া নেয়া ভুলে গিয়ে,
ধ্যানে ধ্যানে মণ্ত্রপাঠের মতো ক্রমাগতই আওড়িয়ে চলি
ক্ষণে ক্ষণে আপন মনে--
তবে ফিরে এসো তুমি, ফিরে এসো এই হৃদয়ের প্রান্তরে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



