তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ নং ধারাটি আপনাদের সবার সদয় অবগতির জন্য এখানে উল্লেখ করলাম:
৫৭। ইলেক্ট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধ ও উহার দন্ড:- (১) কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসত্ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ।
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক দশ বত্সর কারাদন্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যে কোন ধরনের বক্তব্য, মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার জন্য যথেষ্ট নয় কি? বাংলাদেশের মহান স্বাধীনতা নিয়ে কটাক্ষ করার মতো ধৃষ্টতা যারা দেখান তাদেরকে এই আইনের অধীনে এনে শাস্তি দাবী করছি।
সাথে সাথে ধর্মকে একান্ত ব্যক্তিগত বিশ্বাসের বস্তু মনে করত ধর্ম বিষয়ক যে কোন ধরনের আলোচনা-সমালোচনা থেকে নিজেদেরকে বিরত রাখাই আইনগত কারনে শ্রেয়তর মনে করছি। তবে একটা কথা এখানে বলে রাখা ভাল আপন বিশ্বাসকে আমি যখন প্রচার করতে চাবো বা উদ্যত হবো তখন আমি নিজেই আমার বিশ্বাসকে বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত হওয়ার ঝুকির মধ্যে ফেলে দিচ্ছি। সেই পরিস্থিতি যদি আমি সহ্য করতে না পারি, যদি আমি তাকে আমার ধর্মানুভূতিতে আঘাত মনে করি তাহলে এইধরনের প্রচার থেকে নিজেকে নিবৃত রাখাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি। আরো একটা বিষয় বিনীতভাবে উল্লেখ করতে চাই, আমি যখন অপরের মতামত, বিশ্বাস আর বক্তব্য-মন্তব্য যথাযথ সম্মানের সাথে মেনে নিতে পারি না তখন আমার মতামত, বিশ্বাস আর বক্তব্য-মন্তব্যের প্রতি কেউ শ্রদ্ধাশীল হবে সেটি আশা করাও কপুমন্ডকতা-মূর্খতার পরিচায়ক।
উপরোক্ত ধারাটি থেকে আরো একটি বিষয় এখানে পরিষ্কার জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য কোন মিথ্যা, বানোয়াট বা বিকৃত তথ্য উপস্থাপন অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে অশ্লীল বক্তব্য প্রকাশ ও প্রচার এই আইনমতে দন্ডনীয় অপরাধ। এই সব অপরাধমূলক কাজ থেকে বিরত থেকে শান্তি-সৌহার্দপূর্ণ পরিবেশ বজায়রেখে সম্প্রীতি আর ভ্রাতৃত্বের অনুপম সৌন্দর্য অটুট রেখে সাম্প্রদায়িক মনোভাবকে আস্তাকুড়ে ছুড়ে ফেলে গঠনমূলক আলোচনা অথবা নির্মল বিনোদন অথবা নিছক যোগাযোগের জন্য এই সাইটটিকে ব্যবহার করাই হবে সাইটব্যবহারকারিদের জন্য সচেতনতার বহি:প্রকাশ। এক্ষেত্রে সাইট কর্তৃপক্ষও সহায়ক ভূমিকা পালন করবেন বলে আশা করছি। আইনের প্রতি আমরা যেমন অনুগত হবো তেমনি এই সাইট পরিচালনায় আইনের প্রতি কর্তৃপক্ষের শ্রদ্ধার প্রকাশ বাঞ্ছনীয়।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



