যখন আমি খুউব ছোট
আমার সাধ জেগেছিল
মেঘে ভাসবার। কেন জানো?
আকাশ ছুঁতে চেয়েছিলাম সেই তখন থেকেই।
সাদা মেঘ আর নীল আকাশের মাঝে দুরত্ব
আমার থেকে খুব বেশি হলে এক হাত বেশি হবে –
ছোট্ট দু’টি চোখে বাস্তবতার চেয়ে স্বপ্নই বেশি থাকে;
তাই যত ভাবনা ছিল কি করে তুলো মেঘের ভেলায় ভাসা যায়।
একবার কোনক্রমে মেঘে চড়তে পারলে আর পায় কে –
হাত বাড়ালেই আকাশ ছুঁবো, আঙুলের ডগায় কিছু নীল নেবো।
গর্বে ভরাবো বুক- এত্তো বড় আকাশ ছুঁয়ে দেখার গর্ব।
তারপর, বাবার কাছে আবদার-এমন নীল চাই আমার ঘরের দেয়ালে।
এখন আমি বেশ বড়!
আমি জেনে গেছি, মাটি ছেড়ে মেঘে ভেসে আকাশ ছোঁবার পথে
কোন দুরত্বই ঘোচানো যায় না।
কিন্তু তারপরও আমার আকাশ ছুঁয়ে দেখার সাধ মরে না।
এখন আমি ঘর থেকে বের হয়ে কিংবা জানালার ফাঁক গলে
আকাশ দেখি না। তোমাতে আমি আকাশ খুঁজে পাই। তাই
তোমাকেই ছুঁয়ে দেখতে চাই একবার, দুইবার, বহুবার; আর চাই
সেই স্পর্শ সুখ লেগে থাকুক হৃদয়ের প্রতিটি কণায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




