হায়রে -
পারতাম যদি যেতে -
এ ঘর ছেড়ে ও ঘরে,
এ গ্রাম ছেড়ে ও গ্রামে,
এ শহর ছেড়ে ও শহরে,
এ দেশ ছেড়ে অন্য দেশে,
এ গ্রহ ছেড়ে অন্য কোন গ্রহে,
আমি যেতাম চলে -
কেবল তোমাকে পাবার জন্যে;
যার প্রতিমা গড়া আছে
আমার সবটা জুড়ে।
নইলে -
পারতাম যদি নিজ হাতে-
ডিএনএ শেকল গড়তে,
জিনের গায়ে লিখতে,
ব্রেইনের সেলগুলো সাজাতে,
হৃদয়ে ভালবাসার বীজ বুনতে,
করতাম আমি তা-ই
কেবল মনের মতো মন এক তৈরি করতে;
যে মন তার সবটা দিয়ে
আমারে ভালবাসে।
কিন্তু -
জীবনের বাঁকে বাঁকে ভুলগুলো
ফুল হয়ে ফুটে থাকে; আর আমি
সেই ভুলের ফুল নিয়ে
মরীচিকাময় পথ ধরে হাঁটি; অহর্নিশি।
তাই -
ভালবাসা বলে যাকে চিনেছি
তাকে প্রতারণা মনে হয়, হরহামেশাই।
এখন -
ভালবাসতে গিয়েও পারি না ভালবাসতে,
হৃদয়ে বিশাল শূন্যতা অনু্ক্ষণ বাজে।
তবুও -
পারি না যেতে এ ঘর-গ্রাম-মানুষ ছেড়ে,
অনাহেতু বাঁধনে জড়িয়ে পড়ে, জানি -
এ অনভিপ্রেত!
তারপরও -
সমস্ত দুঃখ-যন্ত্রণা-কষ্ট ধারন করে,
ভুলের মাশুল দিয়ে যাবো, ভুল না শুধরিয়ে - আমৃত্যু!
-একেই বলে হয়তো লিগ্যাছি অব মিস্টেক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




