মন, তুই একটু দাঁড়াবি?
একটুক্ষনের জন্য কি তুই, আমার কথা শুনবি?
তোর হাত-পা ধরে বলি, দোহাই- একটু দাঁড়া
কোন সুদূরের জন্য রে তোর, এমন পাগল পাড়া তাড়া?
সেই সুদূরের হাতছানিতে সকল খোয়ালী
কাছের কিছুই দেখলিনা যে! হেলায় সব হারালি ৷
একটা জীবন বড় কষ্ট দিলি; শুধুই অস্থিরতা!
আজ নাহয় দিলি আমায় একটু নীরবতা ৷
আজ একটুক্ষনের জন্য তুই আমার কথা শোন না
থাকগে পড়ে দূর পৃথিবী; অনেক আলোর বন্যা ৷
আজ নাহয় থাকগে পড়ে দূরের কৃষ্ণচূড়া
তার চেয়ে আয় দেখি বসে, পাশের চড়ুই পাখির ওড়া!
রামধনুটা রাঙেই যদি আবার নতুন রঙে
কি আসে যায়? জীবনটা যে শেষ হলো তার ঢঙে!
আজ দেখনা চেয়ে কাছের জীবন, কাছের মানুষ জন
কাছেও আছে অনেক আলো, অনেক রঙ বেরঙ ৷
আজ থাকনা পড়ে দূর দিগন্তের অবাক হাতছানি
হাতছানি যে যায় না ধরা! তুই বুঝবি কবে? অভিমানী?
আজ একটুক্ষনের জন্য, শান্ত কি তুই হবি?
পাশের জনের একটু কথা, একটু বসে শুনবি?
জানি যে তুই পারবি না, তুই যে সর্বনাশা!
তবু ঘরটাকেও বাসবি ভালো, আজ এতটুকুই আশা ৷৷
-----------------------
১০ ফেব্রুয়ারি ২০০৮
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


