মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ মনে হলো
ভুলেছো কি আমারে, একেবারে?
পেরেছো কি ভুলিতে তারে
ফিরায়ে দিয়েছো যারে, অবহেলে?
কখনো কি মনে পড়েনা তোমার
ফেলে আসা স্মৃতিগুলো?
স্বপ্ন দেখার দিন গুলি ভেবে
কখনো কি, হও না এলোমেলো?
পেরেছো কি ভুলিতে তারে, একেবারে
অবহেলে ফিরায়ে দিয়েছো যারে?
ভোলনি জানি
জানি সবকিছু এত সহজে যায় না ভোলা৷
জানি এলোমেলো বিকেল গুলো এখনো কাঁদায়
এখনো ভাবায় তোমাকে স্মৃতির মেঘ মালা৷
নাকি সত্যি গিয়েছো ভুলে
সেই দুঃস্বপ্ন কি আজ হয়েছে সত্যি?
অন্য কারো বুকে মাথা রেখে আজ
ভুলেছো কি আমার স্মৃতি?
হয়তো এখন তুমি অন্য কারো
অন্য কারো স্বপ্নে স্বপ্ন মেলাও৷
হয়তো এখন তুমি আমায় ভুলে
অন্য কারো চোখে সুখ খুঁজে পাও৷
হয়তো এখন অন্য সময়
অন্য রকম রঙে রাঙায় তোমায়৷
হয়তো এখন অন্য কেউ
অন্য আবেগে ভাসায় হৃদয়৷৷
তবু ভুলেছো কি সবটুকু
এতটুকু কি নেই বাকি?
ছোট্ট এই জীবনে আমাদের
সবটাই কি হলো ফাঁকি?
জানি কোন অধিকার আর নেই আমার
কোন অধিকার কোন দাবি দাওয়ার৷
তবু করি শুধু একটি অনুরোধ
কোন একাকী উদাস দুপুরে
অথবা কোন ভুল করা রাতে
মাঝ রাতে ঘুম ভেঙে গেলে
ভেবো নাহয় একটু অবহেলে৷
একবার ফিরে তাকিও
একবার, একটু, আমাকে ভেবো৷
----------------
© রোডায়া
৬ এপ্রিল ২০০৮
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


