প্রকাশক: গদ্যপদ্য প্রকাশনী
প্রকাশ কাল: ফেব্রুয়ারি, ২০০৭
প্রচ্ছদ: তৌহিন হাসান
১
ফ্ল্যাপে পড়া সতর্কবাণী : ‘...শাদাচোখ এই কাব্যগ্রন্থের জন্য বিশেষ অনুপযোগী’ পড়ে অতি সাবধানে খুলে পড়ি প্রথম কবিতা ‘চিঠি’। আর পাঠ নেই নিঃসঙ্গতার।
“অঙ্কের বদলে এই মন চলে গেল
বেঁচে থাকা নিঃসঙ্গ সে-পাখিটির দিকে
আর মনে এলো তুমি আজ স্কুলেই আসো নি। ”- (চিঠি, সমুদ্র পৃষ্ঠা, জাকির জাফরান)
কবির নিঃসঙ্গতার বোধ বালক থেকেই উঁকি দেয় কিশোরের দিকে; শিকারীর গুলির আঘাতে নিহত পাখির অঙ্ক কষে যে বোধের কথা কবিতায় তা আমরা ধারণ করি আমাদের হৃদয়েও এবং আমাদের মনে উঁকি দেয় আমাদের কতিপয় নিঃসঙ্গ সময়।
২
আমার চোখ শাদা কিনা জানিনা- এ কাব্যগ্রন্থ থেকে উঠে আসে হতাশা, আফসোস, বেদনা আর গ্লানীর অনুভূতি। আমি সেগুলো মুঠো বন্দী করি- হাওয়ায় ভাসাই; কখনো আছড়ে ভাঙ্গি। ভেঙ্গে ভেঙ্গে দেখি জাকির জাফরান আর তার ‘সমুদ্র পৃষ্ঠা’।
‘মিথ্যে এ চাঁদের দেশে, চন্দ্রঘুঘু জানে
কতটা হৃদয় মরে গেছে, কতটা অবিনাশী
তোর চোখে কোন অক্ষর নেই
রক্তে নেই কোন নিঃসঙ্গ ঘটনা
তবু বারবার, অকারণে, আমি তোকে ভালবাসি।’ (জল, সমুদ্র পৃষ্ঠা, জাকির জাফরান)
৩
সমুদ্র পৃষ্ঠার ৫০ টি কবিতায় অঙ্কিত হয়েছে অনুভূতি আর প্রেম। কখনো কখনো শব্দে তৈরি ঘোর: “তোমার জামার মধ্যে শীত, অর্থহীন হারজিত, আরো কত কি! বন্ধু, তুমি ফিরে এলে আমি অন্তরদ্বীপ ছুঁয়ে মেঘমায়াদের জন্মে যাবো। মেঘে মেঘে জড়িয়েছি বসবাস।”(প্রিয়ঝু সিরিজ, সমুদ্র পৃষ্ঠা, জাকির জাফরান)
কখনো আফসোস, কখনো হৃদয়ের ক্ষরণ যাতনার ক্রন্দন। আমরা কবিতায় পাঠ করি- কখনো কবির একরোখা প্রেম: ‘দুদিনের হরতালে তোমার কাছেই ছুটে যাবো। এ কেমন বিষাদ-বিস্কুট তুমি তুলে দিলে মুখে। হৃদি যায়! মেঘলা কণ্ঠ বৃথা যায়! মাত্রাতিরিক্ত হৃদয় ভেসে থাকে জলে।’ (প্রিয়ঝু সিরিজ, সমুদ্র পৃষ্ঠা, জাকির জাফরান)
৪
‘রিউমার’ কবিতাটি জাকির জাফরান কবি বিনয় মজুমদারের কবিতার হাড়ের কাঠামোয় সাজিয়েছেন। আর সমুদ্র পৃষ্ঠার প্রতিটি কাব্য হাহাকার করে ওঠে মুক্তির জন্য। অথচ কত না ভালো লাগতো নিজের কাঠমোতে কবিতাটি দাঁড়াতে শিখলে। তবে জানি মুগ্ধতাও সৃষ্টি করে নতুন কাব্যের। সেটা দোষের নয়। দোষ হয়েছে একথাও বলা হচ্ছে না।
৫
‘সমুদ্র পৃষ্ঠা’য় কবির নিজের অনুভূতির ভুবনে গড়িয়ে এসেছি, ভেসে এসেছি কিন্তু কোথাও আমাদের দুঃসময়ের ছায়া দেখিনি। অথচ দুঃসময়ে আমরা কবিকে দেখতে চেয়েছি, শুনতে চেয়েছি তার কণ্ঠে আমাদের সচেতন গান। তবে এ ‘সমুদ্র পৃষ্ঠা’ হয়তো কবির একান্ত কাব্যের পৃষ্ঠা, এখানে মুদ্রিত হয়েছে কবির একান্ত অনুভূতিগুলো। কবি জাকির জাফরান বয়ে আনুক নতুন কাব্যের, নতুন চিন্তার, নতুন সমুদ্র হাওয়ায় ভেজা সজীব পৃষ্ঠায় মুদ্রিত অনুভূতির কবিতা। প্রত্যাশায় আছি।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



