১
আগুন জ্বালানো জরুরী; ঠাণ্ডা আবহাওয়া; হঠাৎ শীতল হাওয়া শীত আরো বাড়িয়ে দিল; অরণ্যের গহীনে প্রয়োজন উষ্ণ অনল। যার উত্থিত শিখায় লাল।
২
কাঁঠালবৃক্ষের বাকলের নিচে বাসন্তী প্রসুন
সেখান থেকে তুলে আনি তন্দ্রীলা কেশর
চুন আর কেশরে লাল করি হাতের তালু;
জিহ্বায় নুন ছুঁয়ে শূন্যে উড়ি: গুত্তা খাওয়া পাগল ঘুড়ি;
লাল খেকো চরম মাতাল।
৩
হাতের তালুতে পুষি চূর্ণ বিবাগ
ক্ষত চুঁইয়ে পড়ে ক্লেদজমালাল;
শ্যাওলায় জড়িয়ে রাখি দুপুরের ঘুম
সনাতন মন খোঁজে খাঁজের রুমাল;
৪
আগুন জ্বালানো জরুরী-
ভেতরে ঠাণ্ডা প্রচুর;
গুহার শরীরে বর্ষা আঁকা ফুল
শ্যাওলা ধোয়া সিক্ত দেয়াল।
জিন্সের পকেটে পাপের প্যাকেট-
বস্তুত: পাপ বলে কিছু নেই, কিছু নাই।
৫
ভেজা কাঠের গোপন কুঠুরীতে জলের বসবাস; নিকষ অন্ধকার আর আর্দ্র ঘ্রানে টান টান কাঠের মোলায়েম বুক; একটি লৌহ পেরেক খুঁজে নিল ভেজা কাঠের ভেতরের ভাপ; কাঠের প্রতিটি কুঠুরীতে নিঃসঙ্গ জল পেরেকের সান্নিধ্য চায়-প্রলম্বিত লৌহ কাঠামোয় শির শির অনুভূতি ছরিয়ে পড়ে মস্তিষ্কের চ্যাপ্টা অংশে- অসীম অনুরণনে।
২১.০২.২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





