যদি এমন হয়
নতুন কবিতায় কোন বর্ণ নেই, শব্দসংকেত নেই
বদলে দুর্বোধ্য রং-কুণ্ডলি; উত্তরাধুনিক জোছনায়
সতর্ক দুর্বৃত্তের মত ক্রলিং করছে, ক্রলিং করছে...
পাশে নিহত চাঁদ
কেমন হয়
যদি নতুন কবিতায় পঙক্তিমালার বদলে খেলে যায়
সমুদ্রের ফেরারী ঢেউ; শঙ্খ-নীল ফেনায়, লোনাচুম্বনে
আদি প্রাণের স্পন্দন ছড়িয়ে দিচ্ছে তৃষাতুর বালুতটে
উৎপ্রেক্ষার বদলে
যদি দ্বিধার ধনুক ছুড়ে দেয় স্বপ্নশিকারীর অন্ধ-শায়ক
যদি উপমার বদলে জীর্ণ পাণ্ডুলিপি থেকে গলা বাড়ায়
স্কন্ধহীন জিরাফ
কেমন হয় যদি মেটাফোর হয়ে যায় মেটামরফোসিস;
আর একদিন ভোরে নব্য কবিতার পাশে পড়ে থাকে
অতৃপ্ত কলম
এবং কবির বদলে আড়মোড়া ভাঙে দানব-পতঙ্গ এক?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




