জানালায় রাতদিন একটি মুখ, আকাশমুখী।
আকাশ এক নির্বোধ নোটবুক, বুকভরা কাব্যক্ষরণ;
ঐ যে ব্যগ্র বৃষ্টিতে সাঁতরে আসে জললিপি,
আহ্!
কী অপরূপ লেখা হচ্ছে মাটিলগ্ন অঙ্কুরগাঁথা।
এত সৃষ্টি, এত যে হরিৎ
তবু ঐ মুখে ব্রনক্ষতের মত হননের দাগ।
নীল-হলুদ-পাঁশুটে ছায়াঘন কামজ বারুদ,
বালিশ তোষক ফুঁড়ে জেগে ওঠে অন্ধদানব...
কোন সূর্য ছিল না কোনকালে
তাই বার বার থেমেছে কামারশালার ক্লান্ত হাপর
আর দেহের অন্তহীন জলাধারে
ছ্যাত্ করে ঠাণ্ডা হয়ে গেছে গনগনে ইস্পাত...
জানালার বাইরে,
বেঘোর বৃষ্টিতে লুটোপুটি খাচ্ছে পৃথিবী।
ভেতরে,
মুখের প্রচ্ছদে ঢাকা মুদ্রিত ক্ষতচিহ্নসমগ্র-
এর চেয়ে মহৎ কবিতা নাই আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




