ধানম-ি লেকের জল-হাওয়া আর নিসর্গের পাশে গড়ে ওঠা ঢাকা আর্ট সেন্টারে আজ শনিবার শুরু হলো ১৪ নারী চিত্রশিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। নারী দিবসের শততম বার্ষিকী উদযাপন উপলক্ষে নারী শিল্পীদের সংগঠন সাঁকো ও ঢাকা আর্ট সেন্টার যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর শিল্পকর্মগুলোয় নারীর সুখ-দুঃখ, ভালোবাসা, স্বাধীনতা, আশা-নিরাশা ও চলমান জীবনের গল্প উঠে এসেছে। এসব চিত্রকর্মে বর্ণিত হয়েছে সমতল থেকে শুরু করে পাহাড়ি নারীর নানা উপাখ্যানের কথা।
আজ বিকেলে ১০ দিনের এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন স্বরাষ্ট্র সচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন দি আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। এ সময় শিল্পী মনিরুজ্জামান এবং সাঁকোর পক্ষে চিত্রকর ফারেহা জেবা স্বাগত বক্তব্য দেন। একটি গাছের ডালে বসে সঙ্গীর অপেক্ষায় আপন মনে সুদূরের পানে তাকিয়ে রয়েছে সঙ্গীহীন এক বিহঙ্গ। আর ঠিক নিচে গাছতলায় দাঁড়িয়ে প্রিয়তমার প্রতীক্ষায় উদাস দৃষ্টিতে অপেক্ষমাণ এক নারী। প্রতীক্ষা শিরোনামে পিতলে গড়া এই ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী ফারজানা ইসলাম শিল্পী। চিত্রকর কুহুর মিশ্র মাধ্যমে অাঁকা লাল পাড়ের সবুজ রঙের শাড়িতে ঘোমটা দেয়া গাঁয়ের বধূর অবয়বের চিত্রকর্মটি আবহমান গ্রাম বাংলার চিরাচরিত নারী রূপের কালের সাক্ষী। সবুজের পটভূমিতে অাঁকা আশা শিরোনামের শিল্পকর্মে বর্ণিত হয়েছে পাহাড়ি নারীর অনাগত সুদিনের আকাঙ্ক্ষার কথা। অ্যাক্রেলিক মাধ্যমের ব্যবহারে এটি সৃজন করেছেন কনক চাঁপা চাকমা। সুলেখা চৌধুরীর অাঁকা হারিয়ে গেছে সোনার মেয়ে শিরোনামের চিত্রকর্মটি যেন নারীর দুর্দশা আর তাদের পথ চলায় সমাজ সৃষ্ট প্রতিবন্ধকতার বিবরণ।
এরকম ২৪টি চিত্রকর্ম এবং দুটি ভাস্কর্যসহ মোটি ২৬টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এ যৌথ শিল্পকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীর চিত্রকর্মগুলো বেশিরভাগই অ্যাক্রেলিক মাধ্যমে অাঁকা। কয়েকটি জলরঙে এবং একটি মিশ্রমাধ্যমে অাঁকা। প্রতিটি শিল্পকর্মের বিষয় হিসেবে উঠে এসেছে নারী জীবনের নানামুখী গল্প। এসব শিল্পকর্মগুলো সৃজন করেছেন ফরিদা জামান, ফারেহা জেবা, ফারজানা ইসলাম শিল্পী, কনক চাপা চাকমা, কুহু, নাঈমা হক, নাসরিন বেগম, রেবেকা সুলতানা মলি, সুলেখা চৌধুরী, ফারজানা আহমেদ শান্তা, জ্যাকুলিন হেলেন ম্যারি, জয়া শাহরীন হক, মাকসুদা ইকবাল নিপা ও ভাদ্রে সুরিতা।
প্রদর্শনীর শিল্পকর্ম থেকে বিক্রিত অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে দেয়া হবে। সর্বনিম্ন ১৫ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকায় এসব শিল্পকর্ম বিক্রি করা হবে। আগামী ২৮ মার্চ পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



