সব যেন কবেকার খোলা মাঠে
ফেলে আসা শৈশব ,
সব যেন এলোমেলো সুতোকাটা ঘুড়ি।
বহতা দৃশ্যের মাঝে এলোচুল সন্ধ্যাবেলায়
কে তুমি পড়াও এসে দিনের নামাবলী।
কে যেন জোছনায় নামিয়েছিলো দাঁড়ের নৌকো,
খুব সযতনে পাড়ি দিয়েছিলো সমূহ জল।
অচিনপুর তার ছিলো কি না জানা?
বহুদূর পথ হেঁটে এসে থেমেছিলো একান্ত কৈশোর।
কবেকার খোলা চুলে বাতাস এঁকেছিলো এলোমেলো মন।
গড়েছিলো নীরবে কোমলতার মায়াবী বিভ্রম
সব আয়োজনে জমেছিলো জলজ কোলাহল-
সব কিছুতেই বুঝি জেগেছিলো উদ্ধত যৌবন।
বহুদিন পর লেখা হলে দিনের পদাবলী
কেবলি জমে যায় বয়সী ঘুম
জমে ওঠে বয়সের আয়ুরেখা ,
উদ্ধত যৌবন হয় বুঝি নকশা রঙীন চুড়ি
জীবন তো নয়-
শুধু বসন্ত বিস্ময় চেয়ে দেখা... ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

