তেরো.
নক্ষত্রের কোন রূপে সাজো তুমি
দেখে কেন ছুঁয়ে গেছে বাদামী উত্তাপ
তোমাকে পেতে চেয়েছি জলের সরলতায়
যেখানে শিশির ঝরে নীরবে চুপচাপ।
চৌদ্দ.
দিনের পদাবলী মুখ ঢেকেছে প্রেমের অভিধানে
সেখানে শূণ্য পাতায় খুঁজেছি নির্মোহ রূপ
খেয়ালের এই খেলা ফুরাবে কবে?
অন্তর্গত বিষাদে ছুঁয়েছে ব্যথার চাবুক!
পনের.
দুঃস্বপ্ন দেখে জেগে উঠে টের পাই শ্বাসকষ্ট
জাগরণের মূহুর্ত যেন ভেঙে পড়া অবশেষ
বিষাদে বিপন্ন ছবি ,হয় না স্পষ্ট
ক্রমাগত শূন্য হয় বুকের উপনিবেশ।
ষোল.
জলরঙ ধুয়ে যাচ্ছে বৃষ্টিজলে
জীবন তো জলছবি,কতকিছু এঁকে যাই বাঁচার ছলে
ঝড়ের পূর্বরাগে যেমন এলোমেলো হয় বাতাস
সোনালী ফ্রেম কি বাঁধতে পারে রঙের উল্লাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

