ঘুমবিকেলের অলসতা। অসমাপ্ত বাঘের বাচ্চা। অনেকদিন পর নিয়মিত - পরিপাটি বিছানায়। সারার বাসায় যেতে হবে। বাইরে বেরোতে ইচ্ছে হলো। স্ট্যাডিয়ামের ঘাসগুলোর সাথে অনেকদিন কথা হয় না। বসে থাকা যাবে ওদের সাথে অনেকক্ষণ। অথবা কানিশাইল। মোবাইল রেখে মানিব্যাগ ছাড়া চুপিচুপি একা একা চুপচাপ বসে থাকা সূর্যাস্তের পাশে। তারপর শহীদুল জহির। কয়েক পাতা। আবার কাফকা। এক পাতাও না। অসমাপ্ত বাঘের বাচ্চা অনেক দূরে। এক বালিশ ব্যবধানে। টিশার্ট খোঁজাখুঁজি। গীটারের বস্ত্রহরণ - You fill up my senses like a night in the forest
Like the mountains in springtime like a walk in the rain
Like a storm in the desert like a sleepy blue ocean
You fill up my senses come fill me again.
তারপর স্প্যানিশ রোমান্স। কর্ড-রিদম, টিউন - দুটোই। বাথরুমের সুইচ অন। প্লাস্টিকের দরজা লাল - ভেতরে লাইট জ্বলছে। ডাইনিঙে হাতঘড়ি, মোবাইল ফোন আর চশমা। অথচ একটু আগেই বাবা ঘুমাচ্ছিল।
বারান্দায় বেশ রোদ। নরম রোদ। গ্রিলের ফাঁকে জলরংপুকুর। আকাশে লেখা ছিল I wander lonely as a cloud...
একটা পাতায় লেখা 764840. রিমনের রোল নম্বর। দুইটা ডিজিট ভুল। ফার্স্ট ক্লাস পেয়েছে। ডিজিট ভুল হওয়ায় সমস্যা হয় নি খুঁজে পেতে, নামও লেখা ছিল পাশেই। ভুলটা কার জন্য হলো বুঝতে পারলাম না, ওর বলতে নাকি আমার লিখতে।
পেনড্রাইভের ফিতায় অনেক ময়লা জমেছে। রুমের ভেতর সামান্য বিদ্রোহ। দুটো বালিশ 'এল' হয়ে আছে। তাদের মাঝখানে গীটার টা শুয়ে আছে। গীটারের মাথাটা একটা টিশার্টের হাতা ছুঁয়ে আছে। টিশার্টটা উল্টানো। কালো রঙের । ওর কুঁচকে যাওয়া কোলে গীটারের পিক। জানালার পাশের কাপড় রাখার জায়গাটাতেও সামান্য বিশৃঙ্খলা। ফ্যানের গায়ের পুরু ময়লার স্তর এখনও আছে, কিন্তু বাতাসও দিচ্ছে আগের মতোই। হয়তো কমে গেছে। এতটা কি আর খেয়াল করতে পারি আমি।
মুখোশ বানাব কিছু। দেয়ালে ঝোলাব। এই কথা মনে হয়েছে ড্রয়িংরুমের ঢুকে। ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে। এটা দেখে আমার মুখোশ বানানোর কথা মনে পড়ল!
রোদ কমে আসছে। স্ট্যাডিয়ামের ঘাস, নাকি কানিশাইল! অবশ্যই আরেকবার প্লাস্টিকের লাল দরজা আগে। তারপর টিশার্ট।
০৭০৩০৯১৭০৩
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


