মেয়েটি বড়ো হচ্ছে- আকাশে অন্ধকার
ছেলেটি বড়ো হচ্ছে- বৃক্ষরা বিবর্ণ
ওরা বেড়ে উঠছে অন্ধকারে
ওরা বাড়ছে বিবর্ণ সবুজে
মেয়েটি পথে নামে-পায়ে রক্ত ঝরে
ছেলেটি পথে নামে-হোঁচট নিয়ে ঘরে ফেরে
মেয়েটি স্কুলে যায়-কান্না পাঠ করে
ছেলেটি স্কুলে যায়-আগুনে পোড়ে
ওরা বেড়ে উঠছে পোড়া-পোড়া অনুভবে।
ওদের জন্য সবই সংবাদ; তবে সুসংবাদ নয়।
ওদের নিজস্ব কোন নদী নেই
পাখির ঠোঁটে সকাল নেই
আছে পুঁথি থেকে পাথরের স্তবক
ঠাকুরমার ঝুলিভরা ফিকসনের চ্যাবনপ্রাস-
বাবুরাম সাপুড়ে নেই পাঠশালার বারান্দায়
নামতার মলিন পাতায় ওরা টিপছে
ক্যালকুলেটারের ধোবালু শরীর।
মেয়েটি বড় হচ্ছে-ইয়াবার আদালতে
ছেলেটি বড় হচ্ছে-নীল ছবির কারাগারে
ওরা বাড়ছে, বেড়ে উঠছে-বাড়ছে প্রতিদিন
আমাদের মানসিক হাসপাতালে।
মেয়েটি কোথায় যাবে-জানি না, জানে না
ছেলেটি কোথায় যাবে-বলি না, বলে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



