আবার আমার নাম রিলিফের তালিকায়
মেম্বার চেয়ারম্যানের পকেট খাতার পাতায়...
সংখ্যা গুনতে গুনতে...আমার নাম ডাকতে ডাকতে
কতকের মুখের ফেনায় মানবতা ভিজবে দুর্গন্ধে।
লালসার কর্তনে প্রাপ্য যত- কমবে তত;
দশ থেকে ঠেকবে দু'এক এ।
আমি মূর্তি হবো আবার-
গলাপানিতে খালি পাতিল ধরে
আমি হবো অসহায়ত্বের প্রতীক।
আবার আমার নাম ঋণ ঋণপ্রাপ্তদের তালিকায়-
টালিখাতার ছকে বেড়ে যাবে আরেকটি ঘর।
বেশি নেবে না, বিশ বা পঁচিশ শতাংশ!
আমি ক্যামেরার ক্লিক-এ রিলিফের ক্লিপ-এ
কাঁদতে কাঁদতেও হাঁসবো আবার-
পোকায় খাওয়া শস্যের সুখে,
যদিও আমি মানুষ।
হ্যাঁ যদিও আমি মানুষ, তবুও
সস্তা চিত্তে বিত্তের কাছে হাত পেতে
আবারও আমি ভিখেরীর বেশে
ভেলায় চড়ে, বানে ভেসে ভেসে
আশ্রয় কেন্দ্রের জলপ্রান্তরে।
আমার জলে ভেজা সুখে সুখী হতে হতে
মাইক্রোফোনপ্রেমী মানুষগুলো
সমাজসেবী আর দানবীর পদবীর তোড়ে
আমাকে বানাবে কলুর বলদ।
আমি কলুর বলদ হবো, হবো বিপন্ন মানুষ।
আবার ফিরে আসবে সেই শব্দাবলী-
বানভাসী, অসহায়, বন্যাদূর্গত, বিপর্যস্ত ইত্যাদি।
এই সবের ভীড়েও আমি মানুষই রবো-
আপাঙতেয় নিম্ন শ্রেনীর !
১৪.০৭.০৮
রাত ০৯.৩৫ মি.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



