আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

আকাশটা বিক্রি দেবো (গল্পাকৃতির)

৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২১

শেয়ারঃ
0 0 0

একা থাকার অনেক সুবিধা। আমি একা থাকি। কেউ বিরক্ত করতে পারে না। পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করি। অনেকেই আমাকে অস্বাভাবিক মনে করে, আমিও। তবে কখনোই স্বাভাবিক মানুষগুলোকে অশ্রদ্ধা করি না। তাদের জন্য আমার খুব কষ্ট হয়, যা অনেকটা করুণার মতো। চাইলেই তারা মুক্ত থাকতে পারে না। ধর্ম অথবা সমাজকে খুশি রেখে প্রতিনিয়ত একা না থাকার অভিনয় করা মানুষগুলো নিজের বলে কিছই পায় না। সব কিছুতেই ভাগ ছেড়ে দিতে হয়। বইয়ের ভাষায় তাদের জীবন অবিঘিœতভাবে সামাজিক জীবের পরিচয় বহন করে। ‘মানুষ একটি সমাজিক জীব’ ‘মানুষ একা থাকতে পারে না’ ‘পরিবারই পরুষকে পিতা বানায়, নারীকে মাতৃত্বের স্বাদ দেয়’- এধরনের কথাগুলোকে ঐশী বাণী বা অবশ্যই মান্য করতে পুরুষ তাদের পেশিগুলোকে শক্ত বানায় আর নারী তাদের তুলতুলে চামড়া, নরম মাংসে যৌনতা সঞ্চয় করে। ধর্ম গ্রন্থে বিশ্বাস রেখে মায়ের পায়ের নিচে স্বর্গ খোঁজে, দেবতার সন্তুষ্টিতে অন্ন খোঁজে। ... ‘পিতার সমস্ত জৈবনিক সঞ্চয় সন্তানের জন্য’ অথবা ‘মাতা-পিতা কখনোই সন্তানের অমঙ্গল চায় না’ ইত্যাদি কথাগুলোর নেপথ্যে গভীর রাতে স্বর্গলাভের আশায় স্রষ্টার কাছে ধরনা দেয়ার সময় কামনায় থাকে একান্তই নিজের লভ্যাংশের হিসাব। সন্তান অথবা সংসার সাথী হয়তো তখন গভীর ঘুমে ডুবে থাকে।

মানুষ নিজেকে সবসময় ভালো হিসেবে উপস্থাপন করতে চায়। তাদের এই ভালো থাকার অনুশীলন বা মহড়ার সুযোগে কিছু মানুষ উপকৃত হয়। মানুষের অস্তিত্ত্ব পুরোটাই শারিরীক। শরীর মানুষকে বেঁচে থাকার তাগিদ দেয়। শরীর চুষে চুষে জৈবনিক রস বের করতে করতে মানুষ পূর্ণতা লাভ করার প্রয়াস পায়। শারিরীক ভাষায় সম্পর্কের লেনদেন করতে করতেই তারা মন নিয়ে কিছু প্রলাপগাঁথার ভান করে। অধিকাংশ মানুষই মনের ওপর ভর করে চলতে চায়। মনকে হাতে তুলে এনে সে মনেরও একধরনের শারীরিক রূপ দেয়ার চেষ্টা করে। জোচ্চুরি আর বেহায়াপনার সর্বোচ্চ আসনে আরোহন করে প্রতিনিয়তই প্রেম নামক একটি প্রতারনার টনিক ব্যবহার করে স্ত্রী, সন্তান অথবা এ জাতীয় বন্ধন সৃষ্টি করে নিজস্ব ভালো লাগা, মন্দ লাগা চাপিয়ে দিয়ে বর্বর মানবতার চর্চা করতে থাকে। সবকিছুর আগে নিজের ভাবনার ব্যতিক্রমে কখনোই অন্যের মতামতের দাম দেয় না, যদি না তার কোন অপূর্ণতা না থাকে, ঘাটতি না থাকে।

জন্মের আগেই আমার মা বাবা আমার যাবতীয় বিশ্বাস, পছন্দ, অপছন্দ, কর্ম, বৌয়ের গায়ের রঙ অথবা পারিবারিক সম্ভ্রমতা ঠিক করে রেখেছিলো। জ্ঞান হবার পর থেকেই ঠিক করে রাখা বুলিগুলো শেখাতে শুরু করলো। প্রথম বিপত্তি ঘ্েট বর্ণমালার বইটি পড়তে গিয়ে। আমি মোটেও ‘অ’-তে অজগর আর ‘আ’-তে পোকা খাওয়া আম পড়তে রাজি ছিলাম না। রাতে পড়ে ঘুমোতে গেলেই অজগর স্বপ্নে দেখে ভয়ে চিৎকার করে উঠলে বড়বোনের বুঁকে মাথাগুঁজার সুযোগ পেতাম। সেই ছোটবেলায় আমাকে অনেক কিছুতেই বাধ্য করা হতো। লাল রঙ আমি মোটেও পছন্দ করি না। তবুও বাবার পছন্দের রঙ বলেই আমাকে প্রতি ঈদসহ অন্যান্য সময়ে লাল রঙয়ের জামা পরতে হতো। অনেক অপছন্দের খাবার আমাকে খেতে হতো। শারীরিকভাবে ক্ষুদ্র হওয়ার কারণেই আমার কথার কোন গায়ে মাখামাখি চলতো না। সময়গুলো আমার মতো ব্যয় করতে না পেরে সময়ের সদ্ব্যবহার শিখতে পারিনি। সব কিছুতেই আমাকে অভ্যস্ত করার অপারেশন চলতো। বিরক্তিতে চেপে আসা শ্বাস-প্রশ্বাসের নিম্নগামিতা দেখানোর পদ্দতি জানা ছিলো না। কান্নাকাটি করলে মার খেতে হতো, তাই কাঁদতেও পারতাম না। সবসময় বুকে একধরনের চাপ অনুভব করতাম। এ চাপ আমি সবসময় পেতাম। সারাক্ষণ হাঁপিয়ে থাকতাম।

ভাবতে ভালোই লাগে আমি কাউকে এরকম চাপে রাখি না। বয়স আমার গুনে গুনে ছেচল্লিশ বছর। পিতৃত্বের স্বাদ না নেওয়ার পণ ভাঙ্গিনি। মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই পারে। অনিয়ন্ত্রত দু:খবোধে কখনোই উষ্ণতা খোঁজার প্রয়োজন হয় না। আমি শরীরকে একটি ইলেক্ট্রিক পিলার অথবা গাছ ভাবতে পারি। নিয়মতান্ত্রিক সংগম অথবা শিহরণ নির্ভরতায় বিপরীত লিংগের দ্বারস্থ হওয়ার কথা মাথায়ই আসে না। মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। অনেক আগে মা’কে যখন বলতাম, মা কেবলই হাসতো। অবশ্য আমার পিতৃত্ব নিরোধক মনোভাব বা বিয়ের অমূল্যায়ন সম্পর্কে অন্য কারো সাথে তেমন একটা বিনিময় করা হয়নি। বেশি বিনিময়ের সূত্র ধরে এক সময়ের অস্তিত্ত্ব স্ব-দৃষ্টির সর্বজয়া টুসিকে জীবন থেকে কর্তনের পর বিনিময়ে কখনোই মানুষের প্রতি নির্ভতার সাহস হতো না। মানুষ সবময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং বরাবরই নিজের দোষ নিয়ে অন্যের কথা বলাকে পছন্দ করে না।

এক সময় পৃচুর বন্ধু ছিলো এবং বন্ধুদের মাঝে উজ্জ্বলও ছিলাম। এখনও বন্ধু আছে, তবে আগের মতো নেই। উচ্ছলতা বা চঞ্চলতা নেই। একমাত্র বন্ধু বিণয়ভাষীকে দেখলে আমার ভালোই লাগে। বুড়োটার মাথাভর্তি সাদাচুল আমার শান্তনার কারণ। হয়তো আমি তার মতো ক্ষুড়ো নাও হতে পারি। আর হলেও বা কি? মানুষ বুড়িয়ে গেলে জন্ম নেয়া বলি রেখার অধিকাংশই মৃত্যুভয় থেকে, বাঁকিটা পিছুটানের হ্যাঁছকানোতে। দু’টোর একটিও আমার মাঝে নেই। তবে বেঁচে থাকার অবিশ্বাস্য ইচ্ছা বরাবরই আছে। বিনয়ভাষীর কাছে গেলে যে আমার খুব ভালো লাগে তাও কিন্তু নয়। কারণ শালা একটি পরিণত দার্শনিক। আমারও একধরনের দর্শন আছে এবং আমি সেটা খুবই ভালোবাসি। আমার পরিবার বা টুসির কাছে আমার মতামত অথবা ভালো লাগার মার খেতে খেতে এখন জন্ম নেয়া ভারী বোঝা স্বরূপ দর্শনকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে আমার কোন সমস্যা হয় না। কারণ এ নিয়ে কারো সাথেই দরকষাকষি করতে হয় না। একা থাকি বলে কারো সাথেই বিনিময় হয় না। বুড়োটার কাছে যাই শুনার জন্য, বলি কম। বুড়াও বাঁচাল স্বভাবের বলে আমার শ্রবণ শক্তির ছোটখাট পরীক্ষা শেষ হলেই কেটে পড়ি।

কয়েকদিন আগে সময় পিছলে পৈত্রিক গ্রামের এক বালকের সাথে দেখা। তাকে প্রচুর সময় দিয়েছিলাম। দু:সংবাদের কাছাকছি একটা সংবাদ দিয়ে শুরু করে আরো ভয়ানক একটি খবরের পর অনেক ভালো ভালো খবর আমাকে শুনিয়েছিলো সে। তার মুখের প্রথম খবর শুনে চোখ থেকে পানি পড়তে গিয়েও পড়েনি। আমার প্রতি মায়ের অসম্ভব টান ছিলো। দেখতে ফুটফুটে ছিলাম বলেই হয়তো। আমি একবার ঢাকা থেকে একটি খরগোশ কিনে বাড়ি নেয়ার পর আমার তিন বছরের ভাগিনাও খরগোশটাকে আদর করেছিলো। খরগোশটা খুবই ফুটফুটে ছিলো। গ্রামের বালকের মুখ থেকে শুনলাম আমার মা নাকি মৃত্যুর আগে আমার নাম ধরে কয়েকবার ঢেকেছিলো। ভাগ্যিস আমি তখন ছিলাম না, থাকলে আমাকে প্রচুর কাঁদতে হতো। কাঁদতে গেলেই বুকে খুব চাপ অনুভব করি। সহ্য করতে হাঁপিয়ে ওঠি। এখন তেমন একটা কষ্ট হয় না। ঐ ছেলের কাছে শুনা সময় ধরলে মা মারা গেছেন প্রায় দশবছর হলো। বাবা নাকি তারও অনেক পর মারা গেছেন। অবশ্য বাবা মারা যাবার সময় কিছু বলেছিলেন কিনা- বিষয়টি এড়িয়ে গিয়েছিলাম। তারপর একে একে শুনলাম- আমাদের গ্রামে নাকি এখন কৃষকদের শক্ত সমিতি আছে, দিনমজুরদের ক্লাব আছে। এলাকার জোরদারদের পতন হয়েছে। পঞ্চায়েত বিলুপ্ত হয়েছে এবং মানুষরা ভোটের সময় প্রার্থীর কাছ থেকে টাকা নেয় না ও মিছিল মিটিংয়ে যায় না। এতোটা ভালো খবর আমি আশা করিনি। তবে সবশেষে শুনলাম আমাদের বাড়ির আর কারো নাকি ফসলের জমি নেই, সব আমার বাবা কিনে নিয়েছেন। তারা এখন তাদেরই জমি বর্গা চাষ করে।

অনেক আগে আমার বড়বোন মারা গিয়েছিলেন। তারপর মা ও বাবা। পরিবারে তিনবোন বাদে আমার এক ছোটভাই আছে। বোনের কবরের পাশে মাকে কবর দিয়ে ঐ জায়গাটাতে বাবা কবরবাড়ি বাঁধিয়ে নিয়েছেন। আমার জন্যও নাকি সাড়ে তিনহাত বরাদ্দ রেখেছেন। কিন্তু এরই মাঝে আমি আমার লাশ অগ্রিম দান করে দিয়েছি গবেষনার জন্য। আমার কখনোই কবর হতে পারে না। কারণ তার সাথে যদি আমার স্বপ্নের কবর হয়? আমি চাই না আমার স্বপ্নগুলো মাটিচাপা পড়–ক। গতকাল বিকেলে একবার বিনয়ভাষীর ঘরে গিয়েছিলাম। শালার বুড়াটা এখন লেখালেখি বাদ দিয়ে তেলরঙ নিয়ে জীবন আঁকে। কি ভীবৎস তার জীবনগুলোর প্রকাশ! ছোটবেলায় দেখা ভৌতিক ছবিগুলোর ভুতের মতো। কয়েকটা ছবি ছিড়ে ফেলেছিলাম। সে কি না আমার আগে পৃথিবীতে এসেছে বলে আমার চাইতে জ্ঞানী হয়ে গেছে। আমাকে দর্শনের বারান্দা চেনায়! আচ্ছা, পরে সে দর্শন টর্শন নিয়ে আর কথা বলেনি। কিন্তু আমাকে স্বাভাবিক হবার আচ্ছা ধরনের খোঁচানি দিতে লাগলো। আট দশটা মানুষের মতো আমিও যেনো পেয়ালাগুলো ভর্তি করি, কারণে অকারণে ভায়োলিন বাজাই, বিলিয়ার্ডের বোর্ডে শিকার খুঁজি এবং সে আমাকে রাতে তাড়াতাড়ি ঘুমোবার পরামর্শ দেয়। তবে তার সর্বশেষ দু’টো কথায়ই আমার যতো উত্তেজনার কারণ। ‘তুমি কি ভাবো টুসি সন্তান প্রসবের সময় ব্যাথায় কাতর থেকেই আক্ষেপ করেছিলো নবজাতকে তোমার ভাগ নেই বলে?’ এবং ‘তুমি কি মনে করো তোমার বাবা মৃত্যুর সময় বলেছিলো- স্রষ্টা, আমার ছেলে যেনো আমার সম্পত্তির ভোগ না পায়?’ কি বিশ্রী বিষয়গুলো নিয়ে সে আমার সাথে কথা বলতে গেলো! পারিবারিক বিষয়ে কি এমন বস্তু সাদৃশ্য বিষয় খুজে পেলো যে আমাকে পরিবর্তনে আসতেই হবে বা তা আমার পরিবর্তনে সহায়ক? আর আমাকে পরিবর্তনে আসতেই বা হবে কেন?

আজ থেকে তেইশ চব্বিশ বছর আগে টুসি আমাকে ভালোবেসেছিলো। তারও আগে আমি অস্বাভাবিক হতে শুরু করি। ছোট ছোট চাওয়াগুলোর শুরুতেই শেষ হতে দেখে আমার চাহিদার অপ্রাপ্তিগুলো বড় হয়ে ঠেকতে লাগলো। বাবার সংসারের প্রতি অসম্ভব অনীহা আমাকে টুসির দিকে ঝুঁকে রেখেছিলো। সে কথা দিয়েছিলো আমাকে ভালোবাসবে, দু:খ দিবে না। সুখ দুখের হিসেব সেই আমাকে শিখিয়েছিলো। প্রাণপন চেষ্টা করেছিলো আমার সর্বস্ব নিয়ে যেতে। যখন সে বুঝতে পারলো আমি পুরেপুরি তার হয়ে গেছি, তখন সেও পুরোপুরি নারী হয়ে গেলো। মানুষের মতো দেখতে প্রানীগুলো তিন ধরনের হয়- নারী, পুরুষ এবং মানুষ। নিজেকে মানুষ ভাবতে পছন্দ করতাম বলে টুসিকেও মানুষ হিসেবে দেখতে পেতাম। নারীর অবয়ব কখনো অসহায় লাগতো, কখনো বর্বর লাগতো। রাজতন্ত্রের ঐতিহাসিক যুদ্ধগুলোর ইতিহাস শুনে শুনে মনে হলো পুরুষ যখনই বর্বরতা ত্যাগ করে সভ্য হতে শুরু করলে নারীও তখন দ্বিগুন উৎসাহে বর্বর হতে লাগলো। তবে প্রতিটি মানুষই কখনো কখনো ‘মানুষ’ থাকে। সম্পর্ক স্থাপনের সময় যখন সে যৌনতা এবং ধর্মকে দূরে রাখতে সক্ষম হয় তখনই সে মনুষ্যত্ত্বের স^াদ পায়। মানুষ ঘন ঘন তার সম্পর্ক ভাঙে ধর্মীয় ও সামাজিক বাধ্যতা এবং যৌন চাহিদার কারণে। মানবিকতার অভিনয় করে ধর্ম ও সামাজিকতাকে সামনে রেখে। সমস্যাকূলে সাহায্য করে পূণ্যের আশায়। পূণ্য ব্যতিরেকে মানুষ করুণা করতেও শিখেনি। টুসি আমাকে করুণা করতে পারতো, কিন্তু করেনি। কারণ সেখানে পূণ্যলভের কোনো সম্ভাবনা ছিলো না। অবশ্য আমি যদি তার ধর্মীয় বন্ধনের স্বামী হতাম তবে সে আমার আদেশের অপেক্ষায় রসুইটম্বুর শরীরটা নিয়ে অপেক্ষা করতো। ধর্মের বাধ্যতা ছিলো না বলেই সে আমার সামষ্টিক অনুভূতিকে চটকোনা মেরে নিজ ভালোলাগায় বান্ধবীদের সাথে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলো। অথচ আমি চেয়েছি সমুদ্রের ঐ বিশালতার প্রথম অনুভূতি দু’জন একই সাথে নিতে। আমি কখনোই তার আগ্রহকে অপমান করছি না। কিন্তু আক্ষেপে আমি পুড়তেই পারি এই ভেবে ... ভালোবাসায় দাবির অস্তিত্ত্বে সে সৈকতে না গেলেও পারতো। আমাকে নিয়ে তার অনুভূতির কথা ভাবতে গিয়ে অপমানে সরু হয়ে যেতাম। আমার কর্ম বা আর্থিক ঘাটতি কখনোই তার হতো না। তবে তার কাছে কেন জানি নিজেকে অসহায় হিসেবে উপস্থাপন করতাম এবং তার সহায় চাইতাম। টুসিও আমাকে ওপর তার অনেক কিছু চাপিয়ে দিতে চেয়েছিলো। অথচ আমি বারবার বলেও কোনরকম ভালোলাগার স্বাদ পেতাম না। বরং আমার চাওয়াগুলোকে অনর্থক এবং অহেতুক প্রমাণ করতে তার চেষ্টা খুব হাস্যকর লাগতো। আমার অনুভূতি তাকে কোনভাবেই স্পর্শ করতো না। তাকে ঘিরে আমার অনুভূতির কথা বললেই সে উপহাস করতো। সে আমাকে প্রায়ই বলতো - আমি কেন তার পছন্দমতো চলি না, তার মতো কেন হই না? তার মাঝে আমি জোর করে হলেও ভিন্ন কিছু আবিষ্কার করতাম। একজন ‘মানুষ’ ভেবে পুলক নিতাম। অবশেষে একদিন আবিষ্কার করলাম তার বদলে যাওয়া।

স্বপ্নের রঙ অতটা কটকটা ছিলো না। দোষ ছিলো কেবল নিজেকে নিয়ে ভাবতে না পারা। টুসির বাবাকে একদিন ওনার ধারনকৃত রাজনীতি ছাড়তে বলতেই তিনি আমাকে শুনালেন তার প্রিয় রাজনৈতিক নেত্রীর পা ছুঁয়ে সালাম করার মতো কৃতিত্ত্ব অর্জনের কথা। জীবনের এক অসাধ্য সাধনে চোখে মুখে তার নিয়নের পাইপের মতো সরু রক্তনালীগুলো নড়েছড়ে উঠেছিলো। আমিও একধরনের নীতি লালন করতাম। তবে কোন মতবাদে বিশ্বাসী ছিলাম না। সময়ের চাহিদায় মতবাদের জন্ম হয় বলে বিশ্বাস করতাম। সব সময় এমন কিছু করার ভাবনায় থাকতাম, যাতে করে রাষ্ট্রের কালো শরীরে একটি তিল পরিমাণ সাদা দাগও যেন পড়ে। সে দাগ ফেলতে গিয়ে টুসি আমাকে রঙের কৌটাটি হলেও এগিয়ে দিবে বলে মনে করতাম। স্বপ্নের বাস্তবায়নে তৈরি করা সময়ের মতবাদে ঠাঁসা কাগজগুলো ক’বছরআগে এক শীতে টোকাইদের দিয়ে দিয়েছিলাম আগুন পোহাবার জন্য। ছোটবেলায় গাছ থেকে জাম পাড়তে গিয়ে এক বন্ধুকে গাছে ওঠিয়ে অপর বন্ধুরা নিচে দাড়িয়ে থেকে আল্লাহকে ডাকতাম। যেন বন্ধুটি গছ থেকে পড়ে না যায় এবং ভালোই ভালোই গাছ থেকে নামতে পারে। বন্ধুটি গাছের ওপর থেকে বলতো, আরো জোরে জোরে আল্লাহকে ডাক। তখন তার গাছ থেকে না পড়া এবং গাছ থেকে নামার বিষয়টি নিয়ে নির্ভরতার পুরোটাই আমাদের ওপর ছিলো। সে আমাদের ওপর নির্ভর করতো স্বাভাবিক বিশ্বাসে। আমার এগিয়ে যাওয়া নিয়েও টুসির প্রতি সম্যক নির্ভরতা ছিলো। আমি ভাগাভাগি করার প্রতি অসম্ভব জোর দিতাম। ভাগ হয়েছিলো ঠিকই কিন্তু আমি ভাগী হতে পারিনি।

আমি কেনই বা পরিবারবদ্ধ থাকবো। নির্লজ্জের মতো একা না থাকার অভিনয় অথবা সুখী হবার ভান ধরতে আমি পারি না। পারিবারিক সম্পর্কের ভিত্তি একধরনের ধর্মীয় বা সামাজিক অথবা কেবলই খামখেয়ালী ছাড়া অন্য কিছু নয়। আমি ততোদিন আমার পরিবারের একজন প্রয়োজনীয় মানুষ ছিলাম যখন আমি স্বৈরাচারে নিরব ছিলাম। সরব হতেই আমি প্রয়োজনীয়তা হারাতে লাগলাম। বড় বোনের মৃত্যু, ছোটবোনদের বিয়ে এবং আমার ভবিষ্যত নিয়ে দরকষাকষি করতে গিয়েই আমি পরিবারচ্যুত হতে থাকি। বোনের মৃত্যু বা অনুজদের বিয়ের স্রষ্টার কাঁধে চাপলেও আমার বেঁকে যাওয়াটা একান্ত আমার বিশ্বাসের ওপর ছিলো বলে সংসারের কর্তা জানান দিলো। অন্যায় দোষারোপ থেকে স্রষ্টাকে মুক্তি দিতে গিয়ে আমি সরে দাড়ালাম। আমার দু:সময় আসতে লাগলো। মুদ্রার পিঠ ঘরতে লাগলো। জীবনের প্রথম চাকুরী করতে গিয়ে কাটানো দিনগুলো আমাকে ব্যর্থ হওয়ার অপবাদ থেকে রক্ষা করেছিলো। পারিনি পরিবার থেকে সহানুভূতি বা সমাধান নিতে। টুসিও সুযোগ বুঝে সটকে গেলো। টুসির সটকে যাবার পর আমি একেবারেই ভেঙে পড়ি। সবকিছুতেই উৎসাহ হারিয়ে ফেলি। অবশেষে চাকুরী ছেড়ে দিলাম। কয়েকজন বুদ্ধি দিয়েছিলো বাবার সাথে ভাব জমিয়ে সম্পত্তি ভাগিয়ে নিতে। বিষয়টি প্রেয়সী ব্যতীত অন্য কারো সাথে দৈহিক মিলনের মতো দুর্বোধ্য ছিলো। হ্যাঁ দু’য়ের একটিও আমার দ্বারা আজও সম্ভব হয়নি। আমি মোটেও প্রতারনা করতে পারি না। ভন্ডামি করে পরিবারভুক্ত হতে পারিনি। আমি সেই সম্পর্কের পুজা করি যেখানে ধর্ম, সামাজিকতার বাধ্যতা নেই কপটতার আশ্রয় নেই। আমি খুব ভালো করেই জানি আমার জন্মের আগে কখনোই আমি পৃথিবীতে আসার প্রয়োজনীয়তা অনুভব করিনি। জন্ম নেয়ার পরও পারিবারিক পৃথিবীটা অতটা সুখকর হয়নি। আমার প্রয়োজনে আমার মা একটি রাতও ঘুম নষ্ট করেনি। বিয়ে নিয়ে মায়ের সাথে করা সর্বশেষ তর্কে মা বলেছিলেন-“বিয়ে না করলে তোকে শেষ বয়সে কে দেখবে?” কথাটি শুনে আমার কপালে স্বাভাবিকের চাইতে কয়েকটা ভাঁজ বেশি পড়েছিলো। তাহলে আমার জন্মও কি কারো শেষ বয়সে দেখাশুনার জনই হয়েছে। তাই বুঝি বাবা আমাকে তার ক্লোন বানাতে চেয়েছিলেন?

শেষবারের চলে যাবার আগেও একবার টুসি চলে গিয়েছিলো। যখন আমি সংকটে পড়তে থাকি। মাঝে মাঝে আমাকে মিসডকল দিতো। কল করলেই রহস্যজনক ব্যবহার করতো। তার মিসড কল দেয়া দিনটি আমাকে নরকের কাছাকাছি নিয়ে যেতো। সহ্যসীমা ছাড়ানোর আগেই একদিন তাকে ইচ্ছা বিরুদ্ধ গালি দিই এবং আমার সাথে কোনপ্রকার সংযোগ রাখতে নিষেধ করি। তার কয়েক সপ্তাহ পর বান্ধবীকে সাথে নিয়ে আমার কাছে ফোন করে। আমার অভিমান বেশিক্ষণ টিকেনি। অনেকদিন পর টুসিকে আগের মতো পেয়ে আনন্দে কেঁদেছিলাম। আনন্দ আর ক’দিন? ক’মাস পরই আবার বিষাক্ত জীবনের উন্নতরূপ দেখতে লাগলাম। নিজের জন্য আমার খুব কষ্ট হতো। একসময় নিজেকে সিনেমার নায়কের মতো জয়ী ভাবতে পছন্দ করতাম। তারপর থেকে ব্যর্থ মানুষগলোর জীবনকে সামনে এনে শান্তনা খঁ^ুজে নিতাম। কিছু মানুষ আছে যাদের পরিবার কেন্দ্রিক চাওয়াগুলো পূরণ হয় না। আমি তাদের একজন। আমার সাথে করা টুসির সমস্ত অবহেলা মেনে নিয়ে সম্পর্কটার শেষ দেখবো বলে ঠিক করেও সেদিন নিজেকে চেপে রাখতে পারিনি। অভিনয়ে পটু নই বলেই পারা হয়নি। মনের যতো ক্ষোভ ছিলো তার কিছুটা সেদিন প্রকাশ করেছিলাম। অবশেষে আমাকে ঘৃনা করার সূত্র ধরাতে গিয়ে ‘অমানুষের বাচ্চা’ বলে গালি দিয়েছিলাম। তারপর আর টুসিকে দেখাও হয়নি, টুসির কোন কথাও শোনা হয়নি। আমার সরে যাওয়াটা বোধ হয় তার কাংখিত মুক্তির কারণ হয়েছিলো। এমন একটি সুযোগের অপেক্ষায় সে ছিলো।

সবকিছু মিলিয়ে কি আমি কেবলই শূণ্য? না তা হতে যাবে কেন। আমাকে ভালোবাসে এমন মানুষের সংখ্যাও ইর্ষনীয়। অনেক বন্ধনে আমি আবদ্ধ। মমতা বা স্নেহের কোন কমতি নেই। ধর্ম, সমাজিকতা আর যৌনতার চাহিদা নেই বলে সেই সম্পর্কের কপালে আমি চুমু খাই, নিত্যানন্দে পুজো দিই। তবে এখন তাদেরও ছেড়ে অনেক দূরে অবস্থান করি। মাঝে মাঝে যোগাযোগ করি। সেলফোনটা বেশিরভাগ সময়ই বন্ধ রাখি। অস্বীকার করবো না- আমি যে জীবন ধারনের জন্য কর্মোনিবেশ করি তা কিন্তু আমার এ পূজনীয় মানুষদের কাছ থেকে পাওয়া অদৃশ্য তাগিদ থেকে, শাসন থেকেই। প্রিয়দের কাছ থেকে শাসন পেতে খুব মন চায়। কোনো কোনো মাসে প্রয়োজনের চাইতে বেশি টাকা উপার্জন করি আবার কোনো মাসে একেবারেই না। প্রতি সপ্তাহে পত্রিকাতে লেখা জমাদেয়ার কথা থাকলেও নিয়মিত দিই না। বাধ্য থাকতে ভালো লাগে না। ক’দিন একটি নিউজ এজেন্সির বিশেষ রিপোর্টিং করতাম। তখন প্রায়ই ঢাকার বাইরে থাকতাম। প্রথমবার ১০টি রিপোর্ট জমা দেয়ার পর যখন অবিশ্বাস্য অংকের সম্মানী চেক পাই, তখন ভাবনায় পড়ে গিয়েছিলাম কোন কোন খাতে টাকাগুলো ব্যয় করবো।

রেললাইনের পাশে বাসা বলে গভীর রাতে ট্রেনের আওয়াজে ঘুম ভাঙ্গে। বালিশের পাশে রাখা বোতলটা হাতে নিয়ে কয়েক ঢোক গিলে সিঁড়ি পেরিয়ে শরীরটাকে টেনে নিই ছাদে। শরীরের কোনো কোনো অংশ তখন ভীষন ঘুম ধরে নেয়। বিশেষ করে বুক থেকে পায়ের হাঁটু পর্যন্ত। জাগ্রত অংশটাকে মাতলিয়ে রাখতে ভালো লাগে। বোতলের বাঁকি অংশে ঢুকে পড়ি। পুরো ছাদে নিজের অধিকার বসিয়ে দিই। মাথার ভেতরটাতে তখন প্রচুর নির্ভরতার সৃষ্টি হয়। নিজেকে খুব ভালোবাসি, খুব। রাত, রাতের ছাদ, কাপড় শুকানোর তার, বাসার সামনের কতবেলের চারাগাছ আর হাতের খালি বোতলটাকে ভুতের মতো মনে হয়। ছমছমে হাতে বোতলটা ছুড়ে মারতেই গলির মোড়ের কুকুরটা ঘেউ করে করে বোতলের ভাঙ্গা কাচে গন্ধ শুঁকে চলে যায়। এ বোতল খাওয়ার মতো সম্ভ্রান্ত নয় কুকুরটি। প্রতিদিনই বোতল ভাঙি প্রতিদিনই কুকরটা আসে, কিন্তু কিছুই সে পায় না। কাত হয়ে শুয়ে পড়তেই মনে হয় মনটা খুব বিশালতা খুঁজে পাচ্ছে। বড় হতে হতে আমার বাবার বড় ধানী জমিটার সমান হয়ে যায়। তারপর আরো বড় হয়ে গ্রামের জোরদারদের বিশাল দিঘীটার মতো হয়। আমি শুয়ে পড়তে পড়তে সে আকাশকে ছাড়িয়ে যায়। শরীরটা তখন ভার হারাতে থাকে, বোধ হারাতে থাকে। চোখ আর মস্তিষ্ক ছাড়া পুরো দেহটায় ঘুম আয়েস পায়। চোখ জুড়ে তখন আকাশ, মস্তিষ্কের ভাঁজে ভাঁজে আকাশ। বিশালতায় মুগ্ধ হই না, তুষ্ট হই না। আকাশের গায়ে স্রষ্টার নড়াছড়ায় চাঁদের বুড়ির হাত থেকে সুতোর বান্ডিল পড়ে যায়। আমি দেখি। দুই চোখ আর দু’এক বাটি মগজ তখন ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি ধারণ করে। আমি জানি স্রষ্টা ওই আকাশে থাকে। আরো জানি টুসি আর টুসির গর্ভে যে শিশুর বেড়ে ওঠার কথা ছিলো তারাও ওই আকাশেই থাকে। আমার হিউম্যানিজম, স্যোশালিজম, জ্যোৎস্নার বেড়ায় মাংসরঙা ঠোট, এক পায়ের নুপুর, শিশুর কান্না, স্বামী ও পিতার অবয়ব আরো আরো কি জানি সব ওই আকাশে চলে গেছে, মিশে গেছে।

রাত কমতে থাকে, চোখ দু’টো ঝাপসা হয়ে আসে, মগজে তুষার জমে যায়। ব্যাংকে রাখা কচকচে কাগজগুলোর গুণন হতে থাকে। আরো ধনী হতে থাকি। মনের বিশালতা সৌরজগতকেও হার মানায়। টাল হয়ে বুঁজে আসা চোখে নতুন স্বপ্ন জন্ম নেয়। আকাশের ওপর স্রষ্টা দেখি, চাঁদের গায়ে হেলান দিয়ে শিশুকে স্তন্যপায়ী প্রমান করছে টুসি। তার কাছেই জ্বলতে থাকে আমার ধর্ম, সামাজিক কপটতা আর অত্যাকৃষ্ট যৌনতার বাইরে জন্ম নেয়া সুকুমারবোধ আর আমার ওপর টুসির যত্তোসব বিরক্তি। সবকিছুর ওপর স্রষ্টার অবস্থান খুবই চড়াও। কোরবানের জবাইকৃত পশুর মতো শরীরটা আছড়ে ওঠে। মায়া ফিরে পায় টুসি, আমার শিশু, একজন পিতা অথবা স্বামীর অবয়ব। ওই যে ওপরে, ওই দূরে.... আকাশ থাকার কোন প্রয়োজন নেই। বাবার কিনে নেয়া ধানী জমিগুলো এনে রাখবো এখানে। ফসলের দাবিতে জমির সঠিক মালিকানায় ব্যস্ততা দেখবো। টুসির জন্য কেনা সর্বশেষ জামাটি দিয়ে একটি ঘুড়ি বানাবো। খেতের আইলে আইলে জুতার ফিতে ছিড়বে। আকাশ থাকবে না, মোটেই না। সেখানে কৃষানীর হাসি থাকবে, থাকবে কৃষকে তার অপেক্ষা।

প্রতিরাতেই ছাদে ঘুম আসার আগে একবার মনস্থির করি, ‘আকাশটা বিক্রি দেবো’। আকাশটা বুঝি অহেতুক স্রষ্টার ভার বইছে। স্রষ্টা সংকুচিত হয়ে যাক, স্রষ্টা নিষ্ক্রিয় হয়ে যাক। আকাশটা মুক্তি পাক। আকাশের বিশালতা আমি বুকে ধারণ করবো। অকর্মা নীলগুলো মেঘসমেত শূণ্যতা নিয়ে টুসির শূণ্যতা গিলে খেতে থাকুক, যে শূণ্যতা আমার অযোগ্যতায় সৃষ্টি হয়েছে।

================
সমাপ্তি কাল
৩০.০১.০৯
রাত ৩.৫০ মি.

 

প্রকাশ করা হয়েছে: গল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩০
সহেলী বলেছেন: নিজের কথা এমন করে বলে যাওয়ায় তোমাকে অনেক সাধুবাদ দেই , অনেকে পারে না , তুমি পেরেছো ।
নিজের একটু হলেও হালকা লাগবে । এটা কিন্তু শেষ কথা নয় ; নিজের দৃষ্টি দিয়ে পুরো দুনিয়া কেন দেবে --অন্যদের চোখেও দেখা প্রয়োজন ।
কেন একা থাকবে ? একা থাকা সমস্যার কোন সমাধান নয় !স্বাভাবিক দমজনে যেভাবে ভাবে ,চলে --সেখানে সব সবকিছু --হাসি কান্না , ভয় আছে ;তারপরেও স্বান্তনা আছে । ভাল থেকো ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: আমার বয়স কিন্তু ছেচল্লিশ নয়।

কথাগুলো মনে রাখবো।

অনেক ভালো থাকুন।

২. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৫
শব্দ০০৭ বলেছেন: ভাল লাগার মত আপনার লেখার মধ্যে কিছু আছে কিনা সেটা বুজলাম না তবে আকর্ষন করার মত অনেক কিছুই যে ছিল সেটাকে অস্বীকার করতে পারলাম কৈ? আপনাকে নিয়ে আমার ১টা প্লান আছে যোগাযোগ রাখবেন,প্লিজ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আকৃষ্ট করতে পেরে ভালো লাগলো।


আচ্ছা ঠিক আছে।
ভালো থাকুন

৩. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬
আমি ও আমরা বলেছেন: দারুন লাগলো ভালো লাগা রেখে গেলাম।
৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: তোমার কি খবর?

ভালো থাকো।

৪. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫১
নিবিড় বলেছেন: অনেক দিন পরে ব্লগে আসলাম ।এসেই বিশাল লিখাটা পড়লাম .......
অনেক গুলি প্লাস দিতে ইচ্ছা করছে কারন কথাগুলো বাস্তব আর সত্যি ।দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে নিজের সাথে মিলও পেয়েছি ।অনুভূত অনুভবগুলো কলমে খোঁচা দিয়ে উপরে দেয়ার জন্য অনেক ধন্যবাদ সবাক ভাই । ... এই লিখাটা খুব ভাবাচ্ছে ...অন্যরকম ভাবনা ...ভাল থাকুন
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: কারো সাথে মিলে গেলে ভালোই লাগে.....


এসব ভাবনার কোন রফাদফা হয় না।


ভালো থাকুন।

৫. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২
শূন্য আরণ্যক বলেছেন: ভাইরে ... দমবন্ধ করে পড়ে গেলাম .. প্রচলিতের বিরুদ্ধে এত ক্ষোভ ? ...... সবকিছু প্রচন্ড সত্য হলেও .. এটাই শেষ কথা না ..
আর আমি একমতও নই .. তারপর ও খুব ভালো লাগল .. ~
আশা করব যেন আপনার বুকের পাথরে বোঝা সরে যায় ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: একমত না হওয়াটাইতো স্বাভাবিক.... তাই না?


ভালো লাগলো জেনে... আমারও ভালো লাগলো
ভালো থাকুন

৬. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২২
নম্রতা বলেছেন: ~জন্মের আগেই আমার মা বাবা আমার যাবতীয় বিশ্বাস, পছন্দ, অপছন্দ, কর্ম, বৌয়ের গায়ের রঙ অথবা পারিবারিক সম্ভ্রমতা ঠিক করে রেখেছিলো। ~

এর চাইতে কষ্টের আর কি বা আছে !
কি যে লিখেছো ভাইয়া , গায়ে আমার 'নিমপাতা জ্বর' (কবিতার নাম)।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন:
ভালো লাগলো জেনে তৃপ্ত হলাম।

নিমপাতা নিজেইতো জ্বর.. সে আর কি জ্বর সারাবে!!!

ভালো থাকুন।

৭. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৫
ভাস্কর চৌধুরী বলেছেন:


+

ভালো লাগল ।
কেমন আছেন?

ভালো থাকুন।
শুভেচ্ছা আপনায়।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: অনেকদিনপর....

ভালো আছি..
...... থাকুন

৮. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৬
শেরজা তপন বলেছেন: এত বড় লেখা একবারে পড়া একটু কষ্টকর। কিছু কিছু ব্যাপারে সহমত পোষন করছি। আর কিছু ব্যাপারে দ্বীমত(এইটে আপনি ভাল করেই জানেন বেশীরভাগ পাঠক সেইসব ব্যাপারে দ্বীমত পোষন করতে পারে)। আমি হয়তো এখনো অতি সাধারন রয়ে গেছি-আপনার অবস্থানে গিয়ে ভাবতে পারছিনা।
একাকী থাকেত পারলে সবচে ভাল হত কিন্তু সেইটে হয়ত একসময় একঘেয়ে ও দুঃসহ হয়ে উঠে।
আর ছোটদের কিছু কিছূ পছন্দ অপছন্দের ব্যাপারে অভিভাবকের রাশ টানা উচিৎ বলে আমি মনে করি।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: বিণয়ভাষীর মতোন :)


ভালো থাকুন।

৯. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৬
মেহবুবা বলেছেন: ভাল বলেছো । বল আর ভাব , কিন্তু জীবন একটাই অল্প কদিনের --তাই বেশী কঠিন করে ফেলবেনা ।
অনেক অনেক শুভকামনা ।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: শুভকামনা

১০. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬
গ্রামের ছেলে বলেছেন: ভাবনা গুলো রীতি বিরুদ্ধ।লেখাটা সাবলীল নয়।অপ্রচলিত ভাবনাই লেখার মুল আকর্ষণ ।তবে আমি আপনার মতো ভালো কখনোই লিখতে পারবো না।
সবমিলে ভালো লাগলো
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩
গল্পেরা শেষ পর্যন্ত ফুরিয়েই যায় বলেছেন: আপনি নিজেও কি বুঝেছেন যে আপনি আসলে কতটা ভাল লিখেছেন!!! তীব্রভাবে মুগ্ধ করলো এই লেখা।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: পাঠকের মুগ্ধতায়ই আনাড়ির শুদ্ধতা

১২. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২২
নাজনীন খলিল বলেছেন:
২২বছরের মুখ থেকে ছেচল্লিশের জবানবন্দিটা বেশ ভালই লাগল।


+++++++++++++++++++++++++++

কবিতা দাও তাড়াতাড়ি নাহয় মার খাবে।

অনেক ভাল থেকো।
৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: :):) আমিও বুড়ো হয়ে যাচ্ছি...

দিবো দিবো...

১৩. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮
পারভেজ বলেছেন: "মানুষের মতো দেখতে প্রানীগুলো তিন ধরনের হয়- নারী, পুরুষ এবং মানুষ। " ভাবনার বহিঃপ্রকাশটা এধরণের ছোট ছোট বাক্যে পুরো লেখায় ধরা হয়েছে।
কিছু কিছু দ্বন্দের উপস্থিতিও দেখলাম; হয়তো ভাবনার খসড়া বলে এটা হয়েছে। শুরুতে নৈর্ব্যক্তিকতা যতটা সুস্পস্ট ছিল, পরে টুসির প্রসঙ্গে এসে সেটা অনেকটাই হারিয়ে গেছে। "আমিত্ব"টা বা Self Egoism এর পোরো ফিলসফি টা শেষ পর্যন্ত এক সুরে ছিল না।
অসাধারণ গদ্য। একবার দুইবার নয়; বার বার ফিরে ফিরে আসলে, একেকটা রঙ হয়তো আলাদা আলাদা করে ধরা পরবে।
শুভকামনা।
৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: পারভেজ ভাই....

আমি আসলে লেখার সময় আপনাদের কথা ভুলে যাই। বরাবরই আবেগ (থিংকিং এ্যাপ্লাই) নির্ভর লেখা। লেখক হতে আমার খুব ভয় হয়। :(

তবে আপনার মূল্যায়নে সচেতনার তাগিদ পাচ্ছি। এবং এটাও এডিট করবো:)

খুব বেশি ভালো থাকুন

১৪. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
হমপগ্র বলেছেন: প্রতিরাতেই ছাদে ঘুম আসার আগে একবার মনস্থির করি, ‘আকাশটা বিক্রি দেবো’। আকাশটা বুঝি অহেতুক স্রষ্টার ভার বইছে। স্রষ্টা সংকুচিত হয়ে যাক, স্রষ্টা নিষ্ক্রিয় হয়ে যাক। আকাশটা মুক্তি পাক। আকাশের বিশালতা আমি বুকে ধারণ করবো। অকর্মা নীলগুলো মেঘসমেত শূণ্যতা নিয়ে টুসির শূণ্যতা গিলে খেতে থাকুক, যে শূণ্যতা আমার অযোগ্যতায় সৃষ্টি হয়েছে।

লেখাটার প্রতিটি লাইন অনন্য। শেষের প্যারাটা বেশ মনে ধরল।
৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: নেমন্তন্ন গ্রহণে বিনয় :)


অনেক ভালো থাকুন।

১৫. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
নিঃসঙ্গ বলেছেন: ভালো লাগলো পড়ে। অনেক দিন পরে পোষ্ট দিলেন।
৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: তেমন সময় হয় না।

সুন্দর থাকুন।
শুভেচ্ছা >> শুভকামনা

১৬. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯
মুকুল বলেছেন: আপনিও দেখি আমার মত বুইড়া হয়া যাইতেছেন!

আগামী বার আপনার বই আশা করছি। মানসিক প্রস্তুতি নিন।

+
৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ভাবতেছি >> আমি কেন বই বের করবো না? ----- এ বিষয়ে একটি বই বের করবো ;)

১৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:১৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আকাশটা কেনো বিক্রি করবে বন্ধু? ওটা তো আমিই তোমাকে দিয়েছিলাম; ওটা তুমি বিক্রি করতে পারো না। তবে নিজ হাতে ধ্বংস করতে পারো।
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ঐ আকাশে স্রষ্টা থাকেন...

১৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:১৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আমিও ‘অ’-তে ঐ অজগর আসছে তেড়ে পড়তে রাজি ছিলাম না। কারণ বাক্যটি ভুল। অজগর কখনো তেড়ে আসতে পারে না। তার শরীর অনেক ভারি।
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: কতো উদ্ভট যে পড়ে এলাম!!!!!

৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: শুভ হোক ....


অনেক ভালো থাকতে হবে :)

২০. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৩
শূন্য আরণ্যক বলেছেন: দুনিয়াটা তাহলে শিশুদের হাতে ছেড়ে দিলেই ভাল হয় ?
আর আমার কোন দোষ নাই এই ভাব টাও ঠিক না ~

ভালো থাকবেন
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: হুমম

অনেক ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ড্রেস রিহের্সাল ;)

২২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:২২
কঁাকন বলেছেন: অন্যরকম

ভালো লাগলো সাথে ভাবাচ্ছে

জন্মের আগেই আমার মা বাবা আমার যাবতীয় বিশ্বাস, পছন্দ, অপছন্দ, কর্ম, বৌয়ের গায়ের রঙ অথবা পারিবারিক সম্ভ্রমতা ঠিক করে রেখেছিলো-- এই কথাগুলো একদম আমার মনের কথা আমিও এটা নিয়ে খুব বিরক্ত এবং ব্যাথিত
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ভাবতে থাকুন.....

ভাবতেই অবাক লাগে....

২৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৫
মোস্তাফিজ রিপন বলেছেন: সবাক, গল্পটি ভাল লেগেছে। কিছু কিছু বক্তব্য নিয়ে দ্বিমত হতে পারে অনেকের সাথে, কিন্তু সেটি আসল বিষয় নয়।

এই লেখাটি আপনার সম্ভবনাকে নিশ্চিত করে। আমার মনে হয়েছে, যে উপাদানগুলো একজন গল্পকারের থাকা উচিত তার সবকিছু আপনার মধ্যে আছে। ভালো লেগেছে- গল্পের বিস্তারটিকে ব্লগের পরিধিকে চিন্তা না করে পরিমিতি রেখে সাজানোর বিষয়টিকে। এই কাজটি কিন্তু কঠিন।

গতকাল আপনার পোষ্ট করবার কিছু পরেই লেখাটি আমি পাঠ শুরু করেছিলাম। শিরোনামটি টানছিলো লেখাটি পাঠে। শুরুতে ভেবেছিলাম এটি আত্মকথন বা এ জাতীয় কোনো বিষয়কে আশ্রয় করে লেখা প্রবন্ধ টাইপ। কিছু কিছু বিষয়ে সরল ব্যাখ্যার ব্যাপারটি আমাকে টানেনি বলে ভেতরে ঢোকার সাহস পাইনি। আপনার আমন্ত্রণে পুনঃপাঠে মনে হয়েছে- লেখাটি না পড়লে বোকামি হতো।

আমি প্রায় সবাইকেই পরামর্শ দেই যে, নিজের নামে লিখুন। নিজের নামে লেখার দায়িত্ববোধ অন্য রকম শক্তি দেয়। আমি কথাটি বিশ্বাস করি।

সবাক, আরো বেশী বেশী লিখুন।

(অনেক বক্তৃতা দিলাম। বক্তৃতাদানে বিমলানন্দ। ;))
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: বক্তৃতাদানে বিমলানন্দ। ;)

""নিজের নামে লেখার দায়িত্ববোধ অন্য রকম শক্তি দেয়""
কথাটি খুব শক্তিশালী।

আমন্ত্রনে সাড়া দেয়ায় সাধুবাদ...
অনেক বেশি সুন্দর থাকুন

২৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৯
বৃত্তবন্দী বলেছেন: অন্যরকম ভালো লাগা...
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: শুভ....

ভালো থাকুন

২৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪
অদৃশ্য বলেছেন: সবাক ভাই......................আকাশটি আপনি বিক্রি করতে পারবেন না........ওটাকি নির্ঝর দা দিয়েছিলো নাকি আমি দিয়েছিলাম আপনাকে......মনে পড়ছে না!
তবে নিজ হাতে ধ্বংস করতে পারেন কোন অসুবিধা নাই.............।


একজন মানুষের ভেতরের ক্ষরনগুলো উপলব্ধি করলাম..............আপনার এই চমৎকার লিখায়।

যথেষ্ট ভালো লেগেছে..............।

সবসময় ভালো থাকুন।
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: আচ্ছা বিক্রি করবো না... ধ্বংসও করবো না...
নিজের মতো করে নিবো।:)

ভালোবাসায় থাকুন...

২৬. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫
মানব মানিক বলেছেন: বন্ধুবর সবাক

অনেকদিন পর ব্লগে এলাম এবং অনেক্ষণ পর্যন্ত আছি। কিন্তু কেমন যেন লাগছিল । এখন আপনার এ লেখাটি পড়ে মন ভালো হয়ে গেলো , আপনার লেখাগুলো কেন যে এত ভালো লাগে ...... জানি না।

শুধু সেই গানটিই এই মুহূর্তে মনে পড়ছে , " ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে দুরে......"

ভালো থাকবেন
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: মাঝে মাঝে আপনাকে দেখলে খুব উচ্ছসিত হই...

অবশ্যই ভালো থাকবেন >>


ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে দুরে......"

২৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: একটানা পড়ে গেলাম। খুবই অসাধারণ কাজ হয়েছে ।
প্রিয় পোস্ট
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: খুশি...

দীর্ঘকালের প্রভায়....


অনেক অনেক ভালো থাকুন

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: আপনার চুরি করা আকাশ বিক্রি দিলাম, তবুও + !!!!

২৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: অনেকের পাতায় দেখলাম এই "গল্পাকৃতি"র চিহ্ন রেখে এসেছ, আমার নয়। দু'দিন ব্লগাগমন হয়নি। দেরী করার জন্য দুঃখিত।

তোমার লেখা পড়লে আমি মাঝে মাঝে প্রিজম হয়ে যাই। তবে সব বর্ণ আমি মেলে দিই না, মেলে দেখি না। নীল আর বেগুনীতে মন জমে যায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: তোমারে দাওয়াত দেওয়ার প্রশনোই আসে না......;)

আছো কেমন??

অনেক ভালো থাকো।

৩০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৭
রাতিফ বলেছেন: শালা, এই ধরনের লেখা লেখোস দেইখাই তো আমি ভয়ে লেখা ছাইড়া দিসি.............ঢাকায় কবে আসবি জানাইস।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: ;)

জানামু....

ভালো থাক আর ঠিকমতো খাওয়া দাওয়া;) কর।

৩১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২
মেসবাহ য়াযাদ বলেছেন: দেশি ভাই, বলেন তো- এই লেখাটা লেখতে আপনের কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সময় লেগেছে..........আপনার অসীম ধৈর্যের জন্য আপনাকে মারহাবা..........লেখার জন্য পিলাস......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন:
লাগছেতো অনেক সময়..... একটানে লিখেছি.... সম্ভবত রাত ১০টা থেকে ৩টা ৫০ মি. পর্যন্ত।

ধৈর্য্যধরে পড়ার জন্য খুবই ভালো লাগলো...

ভালো থাকুন দেশি ভাই ;)

৩২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৪
আশরাফ মাহমুদ বলেছেন: ঘরের লোকদের-ও দাওয়াত দেয়া উচিত। না হলে অভিমান হয়। :#)
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ;);)

 

মোট সময় লেগেছে ২.০৭৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ