আমার ইচ্ছে হয় একটি কবিতা লিখি
একটা শ্বাশত প্রেমের কবিতা
হৃদয় নিংড়ানো কান্নাভেজা একটি কবিতা
যে কবিতাটি পড়লেই জিঘাংসা প্রেম হয়ে উঠবে
ভেঙ্গে যাবে সব বিভেদের দেয়াল
এমন একটি মন্ত্রমুগ্ধ কবিতার
মন্ত্র শেখার জন্য আমি
ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে যাব বলে
ঠিক করেছিলাম
কিন্ত্ত আমার স্বপ্নের ঘরে
দুঃস্বপ্ন এসে হানা দেয়
আমার সামনে পড়ে থাকে
কতগুলো মানুষের লাশ
ছাত্র ছাত্রী যুবতীর
সস্তা আর দামি
একটা দামি লাশের জন্য
অনেকগুলো সস্তা লাশ পড়ে যায়
আমার প্রেমময় কবিতাটি লেখা হয়না
কান্নাভেজা কবিতা না লিখে আমি
নিজেই কান্নায় ভিজতে থাকি
কবিতাটি লেখা হয়না
আমার দুঃস্বপ্নে আমি দেখি
একটি ধর্ষণ বিশ ঘর মানুষ
এবং দুটি যুবতী বোনের আর্তনাদ
এঁরা নিজেকে রক্ষার জন্য
একে একে আমাদের
ষোল কোটি বাইশ লক্ষ মানুষের
দ্বারে এসে করজোড়ে মিনতি করে
আমরা কেউ এগিয়ে আসি না
নিজ হাতে তুলে দিই হায়েনাদের হাতে
একটি ধর্ষণ উপভোগ করি
আট কোটি পুরুষের শিকার হয়
একজন যুবতী একজন পুরুষের(ধর্ষকের) জননী
ঈশ্বর আল্লাহ ভগবানেরা
অসহায় বোনটির মত
অসহায় চেয়ে রয়
আর আমাদের মহাপ্রভু
দেশনেত্রী জননেত্রীগণ
নিরাপদ প্রহরীবেষ্টিত নিরাপদে
আর আর তখনি আমি
ভয়ে দুঃস্বপ্ন থেকে জেগে উঠি
একটি দুঃস্বপ্ন দেখার অপরাধে
ফাঁসি হয় যদি আমার
আমার প্রেমের কবিতাটি লেখা হয়ে ওঠে না
আমি ভয়ে থাকি
আমার কলম নাজানি কখন
পরাক্রমশালী পুরুষাঙ্গ হয়ে ওঠে
আমার দুঃস্বপ্নে-
আটকোটি নারী নির্বাক
এ কোন কৃষক ফেলে রেখে জমি কর্ষণ
করে নারী ধর্ষণ
আমার প্রেমময় কবিতাটি লেখা হয়না
কান্নাভেজা কবিতা না লিখে আমি
নিজেই কান্নায় ভিজতে থাকি
কবিতাটি লেখা হয়না আমার
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


