মনে হচ্ছিল বুঝি অগ্ন্যুৎপাত
হৃদয়ের আঙিনায়।
তারপর বহুদিন পার হয়ে গেছে
ভালোবাসা এখন জলপ্রপাত
হৃদয়ের সীমানায়।
একদিন বলেছিলাম তাকে,
"আমাকে অরণ্যে নিয়ে যাবে?
কিংবা কোন সমুদ্রের বিশালতায়।
কিংবা কোন তুলো তুলো বরফের দেশে?"
ভেবেছিলাম সে বলবে,
"যাবো
তোমায় নিয়ে সবখানেই যাবো।"
কিন্তু বিস্ময়কর সেই যুবক
যাকে একদিন না দেখলে মনে হতো সূর্য ওঠেনি।
যার কথা কানে না এলে মনে হতো
একটাও ভালো সংলাপ আসেনি কানে।
যার হাত ছুঁতে না পারলে
হৃদয়ে তোলপাড়।
সে আমায় বললো,
"নদী তীরের বালিকা
তুমি স্হির হও।
আগে আমায় মিছিলের বর্ণমালায় যেতে দাও।
যেখানে শব্দের বর্ণমালায় আমি বলবো
মা ,মাটি,মানুষের কথা।"
আমার বিস্মিত দৃষ্টি ছুঁয়ে সে আরো বললো,
"তুমি যদি আমার ছোট্ট সবুজ আঙিনা হও।
তবে দেশ আমার পৃথিবী।"
এরপর বহুদিন পার হয়ে গেছে ।
ভালোবাসার সেই যুবক হারিয়ে গেছে
তার প্রত্যাশিত মিছিলের বর্ণমালায়।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


