পথ দিয়ে হেঁটে গেলে
দু'চোখে লুকোচুরি খেলে মেঘেরা।
আলো ছায়া রোদেরা
ডানপিটে বড় বেশী।
কাঠবিড়ালীরা এ গাছ থেকে ও গাছে
হুটোপুটি খেলায় মাতে।
পাতাদের বাহারী সব রং
চোখ রাখি মুগ্ধতায়।
ঝরে পরা পাতাদের সাজানো বিছানা ।
এর মাঝে পথ চলি আমি,
বাতাসে ঝরে পড়া পাতাদের বৃষ্টিতে ভিজে।
কোন পাতা ঝরে গেলো কার আগে
কে তার খবর রাখে!
বাতাসে উড়তে থাকা পাতারা
এলোমেলো দোলায় মাতে।
সময়টাকে পিছনে ফেলে রেখে
ঝরা পাতাদের হাট বসে।
চলে যাওয়ার মত বিড়ম্বিত দুঃখবোধ
পাতাদের থাকে না নাকি?
কে জানে!
তবে
গাছেরা জানে
পাতারা জানে
ফুলেরা জানে
পাতা ঝরার বেলা শেষ হতে না হতেই
আসবে বরফ ছাওয়া হিমেল দিন
এবং
তারপর
সেই বসন্ত।
গাছে গাছে ফুল ,পাতাদের হাসি খুশী।
প্রকৃতির নিয়মেই।
শুধু আমি চলে যাই যদি
ঝরা পাতাদের মতন।
চলেই যাবো ।
আর ফেরা হবে নাতো
তোমাদের চোখের জলে ভেসেও।
এভাবে
কখনো কখনো
পথে হেঁটে হেঁটে যেতে যেতে
ঝরা পাতা এবং আমার চলে যাওয়া বোধেরা লুকোচুরি খেলে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



