ছুঁতে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় ছুঁতে বাতাসে ওড়া শিমুলের তুলো।
অনেকদিন হয়ে গেলো কোন তুলার মওশুমে আমি বাড়ি নেই!
সাইকেলের চাকায় ঘুরতে থাকে সময়।
আজ খুব মহামায়া বৌদির কথা মনে হয়!
এবার বাড়ি গিয়ে একদিন একা একা পথ হেঁটেছিলাম।
চেনা সব বদলে যাওয়া পথ,
চেনা গাছগুলো কেমন অচেনা।
একটা বাড়ীর সামনে থমকে দাঁড়ালাম।
চেনা নাম দেখে দরজায় দেই টোকা।
বৌদি বের হয়ে আসেন।
কতগুলো বছর চলে গেছে লহমায়।
সেই মায়াময় মুখ!
ডেকে নিলেন ভিতরে।
মা দেখো এ হলো ডাঃ ওমর আলীর ছোটমেয়ে ।
তাকিয়ে দেখছিলাম প্রায় ত্রিশ ছোঁয়া মেয়েটা কেমন শিশু হয়ে আছে!
জানালার শিক দিয়ে বের করা হাত।
একটা সাইকেলের চাকা ঘুরাচ্ছে অবিরত।
ওর সারাদিনের সাথী এটা.....
একটা সাইকেল ভাঙতে ভাঙতে শুধু চাকাটা অবশিষ্ট।
বৌদির চোখে তাকাই।
কি অদ্ভুত এক উপমা মাতৃত্বের!
ভিতর থেকে অজস্রবার কূর্ণিশ জানাই।
মেয়েটা মাকে ডাকে।
কিছু কি বলে?
বৌদি বলেন ও তোমাকে মুখোমুখি বসতে বলছে।
ওর দিকে তাকাতে পারিনা।
আসবো জানলে অন্ততঃ এক প্যাকেট চকলেট আনা যেতো!
টিভিতে ক্রিকেট খেলা চলছে।
বৌদি বলেন বাবার মত মেয়েও ক্রিকেট খেলা ভালোবাসে খুব!
মশারীটা সারাদিন এমন ঝুলানো থাকে।
আদরের মেয়েটার প্রিয় খেলাঘর!
বুকের দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে।
চোখে পানি।
আহা মেয়ে !
একটা কবিতাও পড়লো না মেয়ে!
একটা গান ও গাইলো না মেয়ে!
একটা কথাও বললো না মেয়ে!
(শুধু বাবা মা জানলো ওর ভাষা)
এ কোন ভাষা মেয়ে তোমার।
বাবা বোঝে ,মা বোঝে আর কেউ বোঝে না!
সুন্দর এক মুখে ,কপালে অজস্র কাঁটা দাগ।
হাত পায়ে অজস্র ক্ষত।
অক্ষমতাকে নিজের শরীরে এভাবেই প্রকাশ করেছে
বছরের পর বছর।
আজো করে এভাবেই!
আমার ভাবনাগুলোর অবসরে মাকে ডাকে।
বৌদি এসে চুপি চুপি বলেন
তোমাকে চলে যেতে বলে!
কত বছর!
অনেক গুলো বছর পর দেখা হলে
ছেলেবেলার মানুষ কেইবা কাকে চেনে আর!
বৌদি ভাসান চোখ!
দু'চোখে শংকা মায়ের!
"আমরা যেদিন থাকবো না কি হবে মেয়ের?"
পথে নেমে আসি।
চোখের জলে ভাসি।
প্রার্থনায় বলি , প্রিয় মানুষ
মা যখন সন্তান সম্ভবা হয়
ছেলে চেয়ো না। মেয়ে চেয়োনা।
একটা সুস্থ সন্তান চেয়ো!
একটা সুস্থ জীবন চেয়ো!
(আজো একটা খবরে দেখলাম মেয়ে সন্তান হবার জন্য এক স্বামী বউকে দোষারোপ করে নতুন বিয়ে করেছে। শুধু গ্রামে নয় শহরে অনেক মানুষ আজো ভাবে ছেলে সন্তানই আসল। মা হবার যে শারীরীক কষ্ট। যে এক সময়কাল পার হতে হয়!
মায়ের চোখে তো শুধু একটা সুস্হ সন্তান ভাসে। মনটা খুব ভারী হয়ে থাকে, আশে পাশের মানুষের মধ্যে যখন এমন চাওয়াটা প্রকট হতে দেখি। প্রার্থনা করি সবার চেতনার উন্মেষ হোক। মানুষ আমরা মানুষই থাকি! মেয়ে বা ছেলে সেটা প্রক্বতিরই ব্যাপার।)
ছবির লিন্ক:
Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


