ক'দিন ধরেই তোমাকে হৃদয়ে হারাচ্ছিলাম!
যদি কথা হতো! এবার ঠিকই ,"মিস ইউ বলতাম"
তুমি শুনে অবাক হতে!
অনেকবার জানতে চেয়েছো, মনেপড়ে কি?
আমার লেখা শেষ চিঠিটা ঝাপসা হয়ে গেছে,
প্রতিদিন অন্ততঃ ২০ বার পড়েছো তাই।
"ভুলে যেও' এই কথাটাই পড়েছো এত অজস্রবার।
যদি বলতাম,"মনে রেখো" তাহলে?
তোমার সাথে সেই যে সমুদ্রের বালিয়াড়িতে প্রথম দেখা
পৃথিবীর দুই প্রান্তের দুই মানুষ!
আমাদের সেই দেখা হ্ওয়া আজো অনুভবে ঝরায় বৃষ্টি।
ইচ্ছে করলেই আমি সাতরং শাড়ি পড়ে হয়ে যাই ইচ্ছেমতি।
তুমি সমুদ্র হয়ে ভিজিয়ে দাও আমার পা......
একসময় আমিও সমুদ্র হয়ে উঠি।
ঝাউবনের কাছে গেলে তোমাকে খুব কাছে পাই।
এখানে এলে তুমি শুধু পিছন পিছন হাঁটো।
আর চুল ছুঁয়ে যাও এসে।
কানে কানে বলো,"তুমি কি কোন গন্ধদ্বীপ?"
এইতো গেলোমাসেই তোমার বয়স বেড়ে গেলো আরো।
শুভকামনার অর্ঘ্য সাজিয়েছিলাম সেদিন!
একটা কেক বানালাম তোমার পছন্দের ফ্লেভারে।
ব্লাক ফরেস্ট।
মোমবাতিটা নিজেই নিভে গেলো !
কোনবাতাস ছিলো নাতো!
মনে হলো তুমিই এসেছিলে!
তুমি এলে তোমাকে নিয়ে যাবো শহরের শেষ প্রান্তের সেই পাব টায়।
সামারে ওখানে সবাই বাইরে বসে বিয়ার খায়।
তুমি এলে এই শীতেই সেখানে যাবো।
তুমি তোমার প্রিয় বিয়ার খাবে......
আমি শুধু লেমন জুস!
তুমি কথা বলবে আমি শুনবো।
আমি বলবো তুমি শুনবে।
এভাবেই স্বপ্নের কয়েকঘন্টা পার হয়ে যাবে।
পৃথিবীর যেসব জায়গায় যাইনি কখনো,
তোমার গল্পে সেসব জায়গায় ঘুরে বেড়াব।
তুমি বলবে প্যারিস।
অমনি প্যারিসে যাবো।
রাত্তিরে আইফেল টাওয়ার এর সামনে,
আর ইটবিছানো প্যারিসের পথে ঘুরে বেড়াবো।
হাত দুটি ধরে।
অনেক ছবি তুলবো আমরা
আমার টা তুমি।
তোমারটা আমি।
আমাদের দুজনার কোন যুগল ছবি ওঠেনা কখনোই।
"কেননা আমার স্বপ্ন তুমি।
এবং তোমার স্বপ্ন আমি।
.........এভাবেই চিরদিনের সাথি।"
একদিন এভাবেই অনেক দিন পর আমার বয়স বেড়ে যাবে।
তুমিও একাত্তর হবে।
বলবে, ডাক্তারের দেয়া সব কাগজ ,ঔষধ বাক্সে রেখে দিয়েছো।
শেষ ছুটির অপেক্ষায় আছো।
আজো সিগারেট চলে!
আজো বিয়ারে চুমুক!
বলবো ,জানোনা আমি তো সেই কবেই চলে গেছি
শেষ চিঠিটা লেখার পর!
বলবো ,"কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
সে কথা তোমার মতন,
আমার মতন করে আর কেউ কি জানে?
এই এক জীবনে কত তোষক বালিশ!
কত প্রিয়গাছ! কত প্রিয় বই !
তাহলে মানুষ !
মানুষ কি আর একটাই থাকে কাছে?"
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


