বরাবরই ভীষন ঘুমকাতুরে আমি!
এবং ঘুমালে নানান স্বপ্নদের ভীড়ে ঘুরে বেড়াই অনায়াসে।
একটা অদ্ভুত সুন্দর নদীর ধারে গিয়েছিলাম আজ।
কাঠের সাঁকো বেয়ে এত দুরে চলে গিয়েছিলাম যে ,
ঘুম ভাঙার পর ও ফিরে আসছি ,আসছি আর আসছি!
তুমিও ঘুমিয়েছিলে।
তোমার কানে কানে বললাম স্বপ্নটার কথা।
ভেবেছিলাম বলবে,"স্বপ্ন বলতে নেই।
তাহলে স্বপ্ন পূরণ হয়না".......
ভেঙে যাওয়া স্বপ্নটার জন্য
আমার ভীষন মন খারাপ হচ্ছিল।
নদীটার জন্য কান্না পাচ্ছিল খুব।
আর কাঠের দীর্ঘ সেই পথটায় হাঁটতে ইচ্ছে করছিলো ।
তুমি বললে," নদীর কাছে যাবে"?
বললাম, যাবো।
অমনি ছুট!
হাত ধরে ছুটলাম দুজনে!
যেনো এখুনি না গেলে নদীটা হারিয়ে যাবে দুরে বহুদুরে!
এত সুন্দর সেই নদী।
এমন সুন্দর এই নদী পারের পথটুকু!
আমাদের ছুটে চলায়
দুটো খরগোস ও সাথী হলো।
এমনকি পানির নীচের সেই মাছের ঝাঁক।
স্রোতের শব্দে ভেসে যাচ্ছিল আশেপাশের মৌনতা!
তুমি কত কবিতা শোনাচ্ছিলে!
সব মনে নেই।
বলেছিলে,
"স্বপ্ন ভেঙে গেলে স্বপ্নের ভগ্নাংশ নিয়ে
ছুটে যাবো কবিতার কাছে।
তোমাকে স্মৃতির মত করবো লালন
গীতি কবিতায়।"
মুগ্ধতার কোন সীমা ছিলোনা ।
কার লেখা জানতে চাইলে বললে, কবির নাম মনে নেই।
স্বপ্নে আমরা ছেলেবেলায় ফিরে গেলাম।
সেই যে আমাদের শহরটায় বৃষ্টি আসতো যখন,
কামাল কাস্নার সেই লালবাড়িটার পিছনের ভাঙা দালানটায়
আমাদের খেলার সংসার হতো!
তুমি খুব হিংসুক টাইপের ছিলে।
জোড়া ছেড়ে দিয়েছি খেলায় আমাকেই সাথে নিতে শুধু!
আমার হাত দু'টো এমন শক্ত করে ধরে রাখতে!
সেই থেকে আজো।
কত দেশ!
কত রাজপথ!
সবখানেই স্বপ্নের মত সত্যিতে তুমি আজো !
ভালোবাসার রিনিঝিনি মন্দিরায়
সেই সুর
সেই কথা
অবিরাম কথাকয়!
আজ তোমার নাম দিলাম ফেরিওয়ালা।
শুধু স্বপ্ন বিলাও তাই!
বললাম তুমি ছেলেবেলার সেই রঙিন পানির আইসক্রিমওয়ালা।
শুনে খুব খুশি হলে তুমি।
যেনো ছেলেবেলার স্বপ্ন পূরণ হলো তাই!
বললাম ভেবে দেখো, "আমরা সবকিছু ফিরে পাই মাঝে মাঝে
শুধু এমন নদীর কাছে এলেই!"
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



