অন্তহীন ভাবনাজুড়ে ভীড় করে থাকে বৃষ্টি মেঘ।
কিছু মেঘ আর কিছু বৃষ্টি
রেখে দেই
তোমার জন্য।
নির্ঘুম রাতে সাদা দেয়ালে ছবি আঁকো তুমি।
একটা শান্ত নদীর তীর।
আর এক ঝাঁক সাদা সাদা খেয়ালী বক।
তোমাকে খুব দেখতে ইচ্ছা করে।
শীতরাতে আগুনের পাশে বসে
কি গান শোন তুমি মন?
কে এসে কানে কানে বলে যায়
"রক্ত আগুন প্রেম?"
আশুতোষ? ঠিক তাই।
প্রিয় কিছু এর শিরোনাম এভাবেই
ছায়ামেঘ হয়ে স্মৃতিতে জমা থাকে।
প্রিয় কিছু বই
প্রিয় কিছু ছবি
প্রিয় কিছু গান এবং
প্রিয় কিছু গাছ ।
এই নিয়েই তোমার একার পৃথিবী।
সব মানুষেরই নিজস্ব কিছু অভিলাষ থাকে।
যা নিজের একান্ত আঙিনায় রাখে সে।
তোমার অভিলাষ জুড়ে থাকে পৃথিবীর সবুজ রং এবং
মানুষের হৃদয়ে বসন্তদিন।
একেকবার ইচ্ছা করে তোমার সাথে দেখা হোক।
কত নদী
কত পাহাড়
কত সমুদ্র
কত মহাদেশ পেড়িয়ে
একদিন তোমার দরজার মুখোমুখি হয়ে টোকা দেই।
তুমি চশমাটা ভুলে গিয়ে দরজা খুলে দাঁড়াও।
লাল শাড়ি
লাল টিপ।
লাল চুড়ি মূর্ছণা।
অচেনা আগুন হয়ে অনেক চেনা সেই আমি।
চুড়ির রিনিঝিনি শুনে ফিরে যাও।
চশমা কোথায় গেলো?
ফিরে আসি আমি।
কিছু কিছু দেখা হওয়া এমনি স্বপ্ন রং সাজানো।
দুচোখে লাল রং ছায়া হয়ে থাকে।
তোমার দরজার টুংটাং এ রেখে আসি শব্দ পাতার ভোর।
মনে পড়ে এই শরতেই হয়েছিলো বুঝি আমাদের প্রেম!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


