তোমার মনে আগুন লাগলে
আমাকে ডেকো না
আমার বুকের মধ্যে যে ঝরণা ছিলো- সেটা মরে গেছে
শুকিয়ে গেছে মনের রস
তোমার দেয়া বিরহের আগুনে আজো জ্বলছি সারাক্ষণ
আমাকে ডেকে আর লাভ নেই কোনো
আগুন দিয়ে আগুন নেভাতে অক্ষম আমি।
তোমার অন্তরে ঝড় উঠলে
আমাকে ডেকো না
আমার ভেতরে যে নীরবতা ছিলো- সেটা নিঃশেষ হয়ে গেছে
ভেঙে গেছে ধৈর্য্য ও সহনশীলতার বেড়া
তোমার ঘৃণাভরা বাক্যের বাতাসে আজো প্রকম্পিত আমি
আমাকে না ডাকাই ভালো
ঝড় দিয়ে ঝড় থামাতে অপারগ আমি।
তোমার হৃদয়ে ভালোবাসা জাগলে
আমাকে স্মরণ করো না
আমাকে স্মরণ করাটাই বৃথা
ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁচাতে পারতাম আমি
কিন্তু সে বস্তুটা তো আমার কাছে নেই
ওটাকে তুমিই খুঁচিয়ে খুঁচিয়ে খুন করেছো।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


