গোরা আমি প্রথম বার পড়ি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবার পর, কাকুর বাসায়, অত্যন্ত আয়েশের সাথে শুয়ে-গড়িয়ে সময় নিয়ে পড়া হয়। ৩ টা উদ্ধৃতি দিচ্ছি, সম্ভবত সুচরিতার পাণিপ্রার্থী হারানবাবুর সাথে বাকযুদ্ধের সময় এগুলি গোরার মুখ দিয়ে বলিয়েছেন রবীন্দ্রনাথ।
"এখন আমাদের একমাত্র কাজ এই যে, যা-কিছু স্বদেশের তারই প্রতি সংকোচহীন শ্রদ্ধা প্রকাশ করে দেশের অবিশ্বাসীদের মনে সেই শ্রদ্ধার সঞ্চার করে দেওয়া। দেশের সম্বন্ধে লজ্জা করে আমরা নিজের মনকে দাসত্বের বিষে দুর্বল করে ফেলেছি। আমাদের প্রত্যাকে নিজের দৃষ্টান্তে তার প্রতিকার করলে তারপর আমরা কাজ করবার ক্ষেত্রটি পাব।"
"যে দেশে জন্মিয়াছি, সে দেশের আচার, বিশ্বাস, শাস্ত্র ও সমাজের জন্য পরের ও নিজের কাছে কিছু মাত্র সংকুচিত হইয়া থাকিব না। দেশের যাহা কিছু আছে তাহার সমস্তই সবলে ও সগর্বে মাথায় লইয়া দেশকে ও নিজেকে অপমান হইতে রক্ষা করিব।"
"আমরা ভালো কি মন্দ, সভ্য কি অসভ্য তাহা লইয়া জবাবদিহি কারও কাছে করিতে চাই না- কেবল আমরা ষোলো আনা অনুভব করিতে চাই আমরা আমরাই।"
********************
ডায়েরীতে লেখা ছিল। আজকে চোখে পড়ল। মনে হলো আমি ভুলে গিয়েছিলাম এই কথাগুলি। লিখলাম যাতে মনে থাকে, আর অন্যদেরও মনে পড়ে। জাতীয়তাবাদের সবকিছু আমি সমর্থন করি না, সেটা এখন, কিন্তু তখন এই কথাগুলি আমার নিশ্চয়ই ভালো লেগেছিলো।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



