১.
বিকাল থেকে অপেক্ষা করছি। এক বন্ধুর আসার কথা। সে আসলে তাকে নিয়ে জরুরী একটা কাজ সারতে হবে। জরুরী বলতে আক্ষরিক অর্থেই জরুরী। ডিজিটাল সময় বিকাল ৩ টায় (দুপুর হবে কিনা সন্দেহে আছি) একসাথে দেখা করে কাজটা শুরু করার কথা। কিন্তু সময় আর ঠিক থাকলো কোথায়! ৩ টায় বন্ধুকে ফোন করতেই জানালো রওনা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে। আমি বড় দীর্ঘশ্বাস ছেড়ে অপেক্ষা করতে থাকলাম।
ডিজিটাল সময় বিকাল ৪ টায় অবশেষে বন্ধুটির আগমন ঘটে। আমি কিছুটা গম্ভীর হয়ে বললাম- তোর আসার কথা ছিল ৩ টায় আর আসলি এক ঘন্টা দেরি করে! এইরকম করলে তো কাজ করা যাবে না।
বন্ধুটি দ্বিগুন ভাব নিয়ে বললো- আমি তো ঠিক সময়েই এসেছি। বুঝলি অ্যানলগ টাইম ফলো করা শুরু করেছি। এখন অ্যানলগ টাইমমতো এসেছি।
আমি অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। বন্ধুটি কবে থেকে অ্যানলগ টাইম মেনে চলা শুরু করছে সেই ব্যাপারে কোন প্রকার গবেষণা করতে গেলাম না। সময় নষ্ট না করে কাজ শুরু করে দিলাম। ৬টার দিকে বন্ধুটি কাজ অসমাপ্ত রেখেই জানালো তাকে উঠতে হবে। তার নাকি কিসের একটা অ্যাপয়েনমেন্ট!!
অবাক হয়ে জিজ্ঞেস করতেই জানালো- দোস্ত, আমি অ্যানালগ টাইম ফলো করলেও আমার জিএফ তো আর অ্যানালগ টাইম ফলো করে না। সে ফলো করে ডিজিটাল টাইম।
চুপ করে যেতে দেওয়া ছাড়া আর করার কিছু থাকলো না। সে আসলো অ্যানালগ টাইমে আর গেলো ডিজিটাল টাইমে!!
২
কিছুদিন আগে গ্রামে গিয়ে দেখি বেশিরভাগই অ্যানালগ টাইমে আছে। মানে ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে রাখে নি। কি যে অবস্থা! মনে হতো লাগলো আমি সময়জ্ঞান ভুলে গেছি!
৩.
ডিজিটাল আর অ্যানালগ টাইমের হ্যাপার একটা সুবিধা অবশ্য হয়েছে। আমি আগে ঘুমাইতাম ভোর ৫ টার দিকে আর ঘুম ভাঙতো দুপুর ১২ টায়। আর এখন ঘুমাই ভোর ৬ টায়, ঘুম ভাঙে দুপুর ১২ টায়। হিসাব করে দেখলাম আমি ১ ঘন্টা বাচিয়ে ফেলেছি!!
৪.
আজকে রাত ১২ টা থেকে নাকি উত্তর পূর্ব আকাশে উল্কা বৃষ্টি শুরু হবে। এখন এই উল্কা বৃষ্টি ডিজিটাল টাইমে নাকি অ্যানালগ টাইমে হবে ঠিক বুঝতাছি না।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




