জাতি হিসেবে আমরা কেমন যেন... একজন বাংলাদেশি এভারেস্ট জয় করলে আমরা কোন কারণ ছাড়ই সন্দেহ করি-মিথ্যা রটাই, নিজেদের সেনাবাহিনীর নামে কুৎসা রটাই , নিজের দেশের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলের নেতারা মিথ্যা রটিয়ে দেশকে ব্লাক লিস্টে ফেলে দিলে খুশি হই... আরো কত কি! সম্প্রতি নতুন যোগ হয়েছে ড. ইউনুস।
ভদ্রলোক যাই করুন না কেন দেশের জন্য তো একটা নোবেল এনেছেন যা আমাদের জন্য অবশ্যই গৌরবের। হতে পারে তার কাজকর্ম আমাদের পছন্দ না (গ্রামীণ ব্যাংকের কাজকর্মের আমিও সমালোচনা করি) কিন্তু তাই বলে একটা বিদেশি রাষ্ট্র যখন তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তখন দেশের কথা চিন্তা করে হলেও কি আমাদের ড. ইউনূসের পাশে দাঁড়ানো উচিত না? তাঁর নামে তোলা অভিযোগটা কি শুধুই অভিযোগ? এর ভেতরে কি কোন রাজনীতি নাই? ড. ইউনুস সাথে টেলিনরের বিশাল সমস্যা আছে, যে সাংবাদিক ডকুমেন্টরীটা তৈরি করেছে তারও কিছু ইগো কাজ করেছে এখানে। সবকিছু মিলিয়ে পুরো বিষয়টায় যতটা না অন্যায়ের বিরুদ্ধচারণ আছে তারচাইতে বেশি আছে রাজনীতি।
ধরে নিলাম তারা যে অভিযোগ করেছে সেটা পুরোপুরি সঠিক, ড. ইউনুস যা করেছেন সেটা অন্যায়.. কিন্তু এখানে মামলাটা শুধুমাত্র ড. ইউনুস বনাম নরওয়ে না.. মামলায় এই দেশের সুনামও জড়িত। ড. ইউনুসকে ছোট করতে পারলে কি শুধু ড. ইউনুসই ছোট হবেন?
আসলেই বিষয়টাতে কতটুকু রাজনীতি আর কতটুকু বাস্তব আছে তা নিয়ে আমরা একবারো ভাবছি না কেন? ড. ইউনুসকে নিয়ে বিদেশীদের রাজনীতিতে আমরা কেন অংশগ্রহণ করছি? ড. ইউনুসের পাশে দাঁড়ানো যুক্তিসঙ্গত মনে না হলে চুপ থাকুন, ঘটনায় রং চড়িয়ে বিষয়টাকে এত ঘোলাটে করে তুলছেন কেন? ড. ইউনুস অন্যায় করে থাকলে সেটা আমাদের লজ্জ্বার কারণ হতে পারে, কিন্তু আমাদের ভাব দেখে মনে হয় আমরা বিষয়টাতে ব্যাপক আনন্দ পাচ্ছি। এই বিষয়টা আমার কাছে ভাল লাগছে না।
--
মন্তব্য না করে যারা শুধু মাইনাস দিতে আসবেন তাদের জন্য এই অংশ-
১) পিলখানায় হত্যাকান্ডে প্রথম দুইদিন সবাই মোটামুটি বাতাসের উপরে ভর করেই সেনাবাহিনীর পিন্ডি চটকানো শুরু করেছিলো। ঐ সময়ে 'বাঙালির আর্মি বিদ্বেষ ' শিরোনামে একটা পোস্ট দিয়ে বিষয়টার প্রতিবাদ করায় ৩৬ জন মাইনাস দিয়েছিলো, ১৫ জন প্লাস। 'চলেন আমরা ২৫ ফেব্রুয়ারীকে জাতীয় বীরত্ব দিবস ঘোষণা করি ' শিরোনামে দেয়া আরেকটা প্রতিবাদমূলক পোস্টে ৫৭ জন মাইনাস দিয়েছিলো। দুইদিন পর বাঙালি ঠিকই নিজের ভুল বুঝতে পারলো.. কিন্তু পিন্ডি যা চটকানোর তা ততক্ষনে শেষ।
২) মুসা ইব্রাহিমের নামে মিথ্যা রটিয়ে ইচ্ছেমত তাঁর পিন্ডিচটকানো হলো কিছুদিন। সেটার প্রতিবাদে দেয়া পোস্টেও সবাই জিহাদী জোস নিয়ে মাইনাস দিয়ে গেল। ( যদিও ঐ পোস্টে প্লাস পড়ে বেড়েছে)।
এত আবেগী না হয়ে একটু সেনসিবল হওয়া ভাল। প্লাস মাইনাস দিন, কিন্তু দেয়ার সাথে নিজের মতামতটাও রেখে যান, যাতে পরে পস্তাতে পারেন কমপক্ষে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

