ওয়ারিদ টেলিকম সমন্ধে অনেক দিন থেকেই শুনছিলাম। এরা নাকি খুব ফাটাফাটি সব অফার নিয়ে মাঠে ঝাপিয়ে পড়ছে শিগগিরই। কিন্তু এদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছুই জানতাম না। তাই ইচ্ছে হলো একটু খোঁজ নিয়ে দেখি। যেহেতু এদের ওয়েব সাইটের এ্যাড্রেস জানতাম না, তাই অগত্যা গুগলের সরনাপন্ন হতে হলো।
সার্চ দিয়েও এদের সাইটের খোঁজ পাওয়া গেল না। কিন্তু তানভীরের ব্লগে এই সম্বন্ধে একটা পোষ্ট পাওয়া গেল। সেখানে ঢুকে জানতে পারলাম বাংলায় একটা ব্লগের সাইট আছে সামহোয়ার ইন নামে। কৌতুহলী হয়ে সেখানে ঢুকেই দেখি - বাহ! একেবারে বাঙ্গালীদের মিলনমেলা। শুরু করলাম পড়তে। দারুন মজার মজার সব লেখা। দারুন একটা ইন্টারফেস!
মজা লাগলো দেখে যে, এটা আসলে একটা ব্লগ কাম ফোরাম। যাই লিখছি সেটা ফ্রন্ট পেজে চলে আসছে। সবচেয়ে মজার ব্যাপার - পোষ্ট লিখা মাত্রই ধুমধাম পড়ছে মজার মজার সব কমেন্ট। আমি সাইটটাকে ভালোবেসে ফেললাম। শুরু করে দিলাম লিখতে।
কয়েকদনি আগের ঘটনা। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ চিন্তা এলো মাথায়, আচ্ছা এই যে রাস্তার পাশে এত বিচিত্র ধরনের মানুষ, এরা খুবই সাধারন। প্রতি দিনই দেখি। অভ্যস্ত চোখে দেখেই চলে যাই। কখনো খুঁটিয়ে দেখা হয় না। কিন্তু এদের জীবনওতো একটা গল্প আছে। কেমন হয় যদি জানতে চেষ্টা করি সাধারন মানুষগুলোর জীবনের সব অসাধারন কাহিনী, এবং সেটা জানাই সবাইকে ?
যেমন চিন্তা তেমন কাজ! আমার সবচেয়ে বড় বদ অভ্যাস হচ্ছে কোন আইডিয়া মাথায় এলে সেটার পেছনে ঝাপিয়ে পড়ি। এক সেকেন্ডও দেরী সহ্য হয় না। কয়েকদিন সেটার পেছনে মহা উৎসাহে লেগে থাকি। কিন্তু কিছুদিন যেতেই উৎসাহে ভাটা পড়ে। সেটার কথা আর মনেই থাকে না। হয়তো তখন ছুটছি আবার নতুন কোন আইডিয়ার পেছনে।
স্বভাবমতো সঙ্গে সঙ্গেই ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ রেজিষ্ট্রেশন করে ফেলি ক্যানভাস অফ লাইফ নাম দিয়ে। এখানে আমি আঁকব সাধারণ মানুষের জীবন। কিন্তু সামনে একটা বড় সমস্যা - ক্যামেরা। অনেকদিন থেকেই ভালো একটা ডিজিটাল ক্যামেরা কেনার শখ। কিন্তু ভালো ক্যামেরাগুলোর দাম দেখেই সেই শখ উবে যায়। নিচু মানের ক্যামেরা কিনতেও ইচ্ছে হয় না। সাধ এবং সাধ্যের অসামঞ্জস্যতা আর কি! এবার ভাবলাম বাজারের সবচেয়ে কমদামী ক্যামেরা যেটা পাওয়া যায় সেটাই কিনব।
সেদিনই অফিসের একটা কাজে যেতে হলো আইডিবি ভবন। একঢিলে দুই পাখি মারার ব্যাবস্থা হয়ে গেল। সমস্ত ক্যামেরার দোকানে খোঁজ নিয়ে হতাশ! সবচয়ে খারাপ ক্যামেরার দাম সাড়ে দশ হাজার। যখন আশাই প্রায় ছেড়ে দিয়েছি, হঠাৎ করে পেয়ে গেলাম আমার যা প্রয়োজন ঠিক তাই! এমপিথ্রি-কাম-ক্যামেরা। মাত্র চার হাজারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো পকেটে নিয়ে ঘুরা যাবে। পরদিনই অফিস থেকে কিছু এ্যাডভান্স নিয়ে কিনে ফেললাম জিনিসটা, কারণ পকেট তখন একেবারেই গড়ের মাঠ। আহ্ - শান্তি! এবার শুরু সাবজেক্ট খোঁজা।
সেই থেকে আমার লেখালেখির যাত্রা শুরু। যখনই কিছু পাচ্ছি লেখার মতো, লিখে ফেলছি সামহোয়ার ইনে। আর সঙ্গে সঙ্গে পাচ্ছি কমেন্ট। কি যে আনন্দ তা বলে বোঝানোর মতো নয়। আর যখনই ভাস্কর চৌধুরীদের মতো কেউ বলে, "আমি আমার মাকে সঙ্গে নিয়ে আপনার লেখাগুলো পড়ি" তখনই সত্যিই আনন্দে চোখে পানি এসে যায়। মনে হয় এত বড় পুরষ্কার আর কখনো পাইনি। স্বার্থক আমার লেখালেখি। স্বার্থক আমার ব্লগ জন্ম! ধন্য আমি।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৭ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



