আমার যতো না বলা কথা সব জমা থাক
তোমার কথা বলো
ভাদ্রের আমেজ আর আলতা রাঙানো পা
শুনতে চাই যা আছে তোমার জমানো অতীত।
এখানে এখন প্রেম নেই ভালবাসা আছে ভুরিভুরি
জানোই তো প্রেম আর ভালবাসায় যোজন যোজন ফারাক
তবুও বলা হয়না মনের গহীনে লুকোনো কথাটি
জীবন দেয়ালে স্মৃতির পতাকা নয় অংকিত বাস্তবতা হতে চাই।
বেদনার শেষ নীল আর সেদিনের প্রথম দেখার সুখ কী এক?
দীপ জেলে বসে রই আনমনে তবুও তোমার দেখা নেই
দেউলে প্রদীপ জ্বলে যায় আমৃত্যু বৃথা উৎসর্গ করি প্রাণ
জেনো, ভালবাসা মানে প্রাপ্তির পূর্ণতায় কানায় কানায় ভরে উঠা নয়।
কর্পোরেট প্রহরে সব কিছু আজ নকল হয়। ভালবাসাও ।
ভোগ আর প্রাপ্তির আনন্দের মধ্য দিয়ে হৃদয়ে দেখোনা।
ব্যর্থতা সত্ত্বেও মানুষ তার আশার মতোই অসীম
এভাবে মানব বিনাশের মতো মহাশূণ্যের নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়।
ইতিহাসের মহামানব বা নাটকের শেষ অংকের কাপুরুষ নয়
হতে চাই তোমাদের এ রহস্যময় গ্রহের নির্বাক বাসিন্দা
নেবে কী আমায়? দেবে কী ধরা অযাচিত প্রহরে?
পারলে এসো মুখোমুখি হই সমান্তরাল এই যাপিত জীবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




