রোজারিও'র গিগানতে দ্য অরোইতোতে আর্জেন্টিনা খেললো ল্যাটিন ফুটবলের ছন্দে। কিন্তু গোল পেলো ব্রাজিল। ১-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের মূলমঞ্চে পা রাখলো তারা। আর এই পরাজয় আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার স্বপ্নকে আরও ধূসর করে দিলো। গত ১৬ বছরে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় দেশের মাটিতে এই প্রথম হারলো আর্জেন্টিনা।
২০০৬ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচকদের কবলে পড়েন কোচ কার্লোস ডুঙ্গা। খোদ ব্রাজিলিয়ানরাই বলছেন, ডুঙ্গার ব্রাজিল দলে ল্যাটিন ফুটবল ছন্দের কিছুই নেই। গোল পেলেও সেই ছন্দ ফিরে পায়নি ব্রাজিল। বরং প্রতিপক্ষ আর্জেন্টিনার খেলাতেই ছিল ল্যাটিন ফুটবলের ছন্দ। গোল না পাওয়া আর্জেন্টিনার জন্য দুর্ভাগ্যই বলা চলে।
শুরুটাও দুর্দান্ত করেছিলো আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণের ঢেউ বইয়ে দিচ্ছিলো তারা। ম্যারাডোনা শিবিরের লক্ষ্য ছিলো একটাই, জয়।
খেলার ধারার বিপরীতেই ২৪ মিনিটে গোল পায় ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে এলানোর ফ্রি-কিক হেড করে জালে জড়িয়ে দেন লুইসাও।
৩০ মিনিটে আবার গোল করে ব্রাজিল। ফিলিপ মেলোর দুর্দান্ত শট ঠেকিয়ে দেন গোলকিপার মারিয়ানো আনদুজার। কিন্তু বল পেয়ে যান সুযোগ সন্ধানী খেলোয়াড় লুইস ফ্যাবিয়ানো। আলতো করে টোকা মেরে বল পাঠিয়ে দেন জালে।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও দিতীয়ার্ধে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। লিওনেল মেসির দুর্দান্ত গতি আর ড্রিবলিং দেখে মুগ্ধ হয়ে পড়েন স্টেডিয়াম ভর্তি দর্শক। কিন্তু ব্রাজিলের জমাট ডিফেন্স ভাঙ্গতে পারছিলেন না তিনি। অবশেষে ৬৪ মিনিটে সেই কাজটা করলেন জেসাস দাতোলো। ৩০ গজ দূর থেকে দাতোলোর শট ঠেকানোর সাধ্য ছিলো না জুলিয়াস সিজারের।
উৎফুল্ল আর্জেন্টাইন সমর্থকদের ২ মিনিট পরেই চুপ করিয়ে দেন ফ্যাবিয়ানো। মাঝ মাঠ থেকে কাকার পাস মারিয়ানোর মাথার উপর দিয়ে পাঠিয়ে দেন জালে। সেই সঙ্গে নিশ্চিত করেন ব্রাজিলের জয়।
১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে আছে ব্রাজিল। আর ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে চতুর্থ স্থানে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপে যাবে। আর পঞ্চম দলকে বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে হলে খেলতে হবে প্লে-অফ।
Click This Link
খেলা দেখি নাই কিন্তু দেখেছি ব্লগে ব্রাজিল সমর্থকদের উল্লাস। বুকটা ব্যাথায় খানখান হয়ে গেছে। বিডিনিউজ২৪.কম এর এই নিউজটি দেখে ভালো লাগলো তাই আর্জেন্টিনার সমর্থকদের জন্য শেয়ার করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




