somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : যাই (কিস্তি ৬)

২১ শে জুন, ২০০৭ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২.৩

মেয়েটাই সবসময় খোঁজখবর রাখে। একদিন-দু'দিন পরপর ঢাকা থেকে ফোন করে ঝর্ণা, ঈদে-পরবে আসে। রঙ্গন দাদু-নানীর বড়ো ভক্ত। ও-ই প্রথম নাতি, আর ওকেই তো সবসময় চোখের সামনে পাওয়া যায়। বড়ো ছেলেটির ঘরে ছেলেমেয়ে এলো ওরা দেশের বাইরে যাওয়ার পর। নাতনিকে প্রথম দেখলেন ওরা দেশে বেড়াতে এলে, ডোরার তখন তিন বছর। খানিক পরপর ভুরু-মুখ কুঁচকে হাত দুটো বুকের ওপর আড়াআড়ি রেখে বলতো, আমি রাগ করেছি! এক সকালে গুনেছিলেন, ঊনচল্লিশবার এরকম রাগ করেছিলো সে।

অর্ণব হলো তারও কয়েক বছর পর। তাকে দেখতে দূরদেশে উড়ে যেতে হয়েছিলো। দু’বছর বয়স তখন ওর। দাদুর দেখাদেখি বিছানায় চিৎ হয়ে শুয়ে ভাঁজ করা হাঁটুর ওপর পা তুলে বুকের ওপর বই খুলে পড়ার অভিনয় করতো। ডাইনোসরের ছবি দেখতো বই খুলে। ওকে দেখে ভাবতেন, ওর বয়সে আমরা ডাইনোসর বলে কোনোকিছুর নামও জানতাম না। তার ডাইনোসরপ্রীতি এখন আরো বেড়েছে, একদিন ফোনে কথা বলতে বলতে অর্ণব ঘোষণা দিয়েছিলো, বড়ো হয়ে সে ডাইনোসর হবে! ফিরোজ-রুবার ছেলেমেয়ে হয়নি এখনো, কেন কে জানে মিসক্যারেজ হয়ে গেলো কয়েকবার।

রুবার বাবা তরিকুল সাহেব কলেজে তাঁর সহকর্মী ছিলেন। তিনি বাংলায়, তরিকুল সাহেব ইংরেজিতে। একসময় মালতীনগরে তরিকুল সাহেবের করতোয়ার পাড়ের বাড়িতে রোজ বিকেলে ব্রীজ খেলতে যাওয়া হতো। চাকরি জীবন শেষ হওয়ার পরও অনেক দিন বিকেলে তাসের আসর বসতো। দীর্ঘদিন রোগে ভুগে তরিকুল সাহেব চলে গেলেন বছর দুয়েক হয়। এ পাড়ার তাস খেলার সঙ্গী আফসার খোন্দকার, পণ্ডিত সাহেবও আর নেই, এবারক হোসেনের কর্মহীন দীর্ঘ বিকেলগুলো এখন আরো দীর্ঘ হয়েছে।

ব্রীজ খেলায় মনমতো তাস কোনোসময়ই পাওয়া যায় না, এটা আছে তো ওটা নেই। নিজের হাত ভালো তো পার্টনারের হাতভর্তি রাজ্যের জঞ্জাল। তবু তাস বেঁটে দেওয়ার পর হাতে যা আসে, তাই নিয়ে খেলে যেতে হয়। এবারক হোসেন দেখেছেন, মানুষের জীবনও ওরকমই। বড়ো ছেলে লেখাপড়া শেষ করলো, চাকরি-বাকরি করবে না। বছর কয়েক ধরে কীসব ব্যবসাপত্র করার চেষ্টা করলো, বিশেষ সুবিধা হয়নি। বিয়েও করে ফেলেছিলো ততোদিনে। খুব হাসিখুশি বউটি, খানিকটা পাগলাটেও। ব্যবসায় কিছুতেই কিছু ঘটে উঠছিলো না দেখে ওরা দেশের বাইরে চলে গেলো বিয়ের বছর তিনেক পরে।

ঝর্ণার বিয়ে হয়েছিলো পাশ করার পরপরই। সরকারি কলেজে অধ্যাপনার চাকরি পেয়েও করলো না, রঞ্জুর মত নেই বলে। চমৎকার ছেলে রঞ্জু, কখনো কখনো তাঁর নিজের ছেলেদের চেয়েও বেশি সে। কিন্তু এই একটি ব্যাপার নিয়ে ওর ওপরে কিছু ক্ষোভ জন্মেছিলো তাঁর। এবারক হোসেনের মতে মেয়েদের জন্যে অধ্যাপনার মতো ভালো পেশা আর নেই। বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেও ঝর্ণা পড়াশোনাটা কোনো কাজে লাগালো না, এই অনুযোগটি খুব ছিলো তখন। শুধু ঘরসংসারই যদি করবে, তাহলে আর এতোদূর লেখাপড়ার কী দরকার ছিলো? এখন অবশ্য মাঝে মাঝে মনে হয়, চাকরিতে ঢুকে পড়লে ঝর্ণার জীবনটা কীরকম হতো? বাইরের কাজকর্ম করে না বলে তাঁরা ঢাকায় গেলে অখণ্ডভাবে সময় দিতে পেরেছে সে বরাবর। যখন-তখন যে কোনো সঙ্কটে-সমস্যায় তাকে পাওয়া গেছে সহজে।

ফিরোজকে নিয়ে ঝামেলা কম হয়নি, শুরু তার স্কুলে পড়ার সময় থেকে। পড়াশোনায় সে ছেলেমেয়েদের মধ্যে সবচেয়ে ধারালো, অথচ মনোযোগ নেই মোটে। কোনো কারণ ছাড়া সে প্রথমবার বাড়ি থেকে পালায় ক্লাস সেভেনে পড়ার সময়। তারপর প্রশ্নবোধক চেহারার বন্ধুবান্ধব, তাদের নিয়ে দলপাকানো, মারপিটে জড়িয়ে পড়া কোনোটাই বাদ যায়নি। এক রাতে তার ঘনিষ্ঠ বন্ধু, যাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না, খুন হয়ে যায় প্রকাশ্য রাস্তায়। সেবার ফিরোজকে রাতারাতি ঢাকায় পাচার করে দিতে হয়েছিলো। উচ্চাঙ্গ সঙ্গীত থেকে মুষ্টিযুদ্ধ পর্যন্ত অগণিত বিষয়ে তার প্রবল উৎসাহ এবং এক ধরনের সহজ দক্ষতা, কিন্তু যোগফলে তেমন কিছু দাঁড়ালো না। ধরে-বেঁধে একরকম জোর করে তাকে বি.এ. পরীক্ষা দেওয়ানো হলো, অপ্রত্যাশিত রকমের ভালো ফল করলেও আর পড়াশোনা করলো না। অনেক বছর ধরে অনায়াসে একেকটা চাকরি ধরেছে, তখন তার কী উচ্ছ্বাস-উৎসাহ। কোনোকিছুতে উৎসাহ তার বেশিদিন থাকে না, নির্বিকারভাবে চাকরি ছেড়ে দিয়েছে। আবার নতুন কোনো একটায় লেগে পড়তেও তার সময় লাগেনি। বয়স বাড়ছে, কিন্তু এখনো বদলায়নি সে তেমন।

জীবনভর দূরে দূরে থাকা ছাড়া ছোটোটিকে নিয়ে কোনো গোলমাল ছিলো না। তারপরেও কোথায় কী যে একটা না-বোঝা জট পাকিয়ে গেলো, সে আরো দূরের মানুষ হয়ে উঠলো। হয়তো সবচেয়ে দূরের।

সবাই বাড়িছাড়া হওয়ার পরেও অন্তত রীতা ছিলো, তখনো বাড়ি এতো ফাঁকা ফাঁকা লাগতো না। জোহরা বেগমের ফুপাতো বোনের মেয়ে রীতা, এক্কেবারে শিশুকাল থেকে সে এ বাড়ির একজন হয়ে উঠেছিলো। শান্তাহারে নিজের বাবা-মা'র কাছে মাঝেমধ্যে গেলেও সে এবারক হোসেন আর জোহরা বেগমকে আব্বা-আম্মা জেনেছে। তখন এক বাড়িতে দুই রীতা নিয়ে বেশ গোলমাল লেগে যেতো। নিচে এক রীতা, ওপরে অসীমের বউ রীতা। কখনো নাম ধরে ডাকলে একসঙ্গে দুই রীতাই সাড়া দিয়ে ফেলতো।

ছেলেমেয়েরাও রীতাকে নিজেদের ছোটো বোনটি ছাড়া কিছু ভাবেনি কোনোদিন। একবার তিন ছেলেকে একসঙ্গে পেয়ে এবারক হোসেন বলেছিলেন, আমাদের তো বয়স হচ্ছে, বাড়িঘর আর সামান্য যা কিছু আছে তার একটা ব্যবস্থা কাগজে-কলমে করে রাখতে চাই। তোমরা কী বলো? তিনজনই বলেছিলো, ওদের কিচ্ছু চাই না, সব যেন ঝর্ণা আর রীতার জন্যে থাকে। রীতাও বিয়ের পরে ঢাকায় চলে গেলো বছর পাঁচেক হয়। নাতি-নাতনিদের পাওনা যা-কিছু আদর-প্রশ্রয়, নাগালের মধ্যে আছে বলে রঙ্গন একা লুটেপুটে নিচ্ছিলো অনেকদিন ধরে। এখন ভাগ বসাচ্ছে রীতার মেয়ে শ্রেয়া।

মনে পড়ে, বড়ো ছেলে একবার চিঠিতে তার শোনা একটি ইংরেজি গানের কথা লিখেছিলো। গায়ক বলছে, এই তো মাত্র সেদিনের কথা, আমার ছেলেটি এত্তোটুকু ছিলো। তখন ওর সঙ্গে বল ছুঁড়ে ছুঁড়ে খেলা করতাম। ছেলেটি কেবল আমার আশেপাশে ঘুরঘুর করে আর বলে, বড়ো হলে আমি আমার বাবার মতো হবো। আমি সারাদিনমান কাজে কাজে বাইরে থাকি, মাঝেমধ্যে দীর্ঘ সময়ের জন্যে শহরের বাইরে চলে যাই, দেখা হয় না দিনের পর দিন। তবু যখনই ঘরে ফিরে আসি, সে ঝাঁপিয়ে চলে আসে আমার কোলে আর বলে, বড়ো হলে আমি ঠিক বাবার মতো হবো। এই তো মোটে সেদিনের কথা...। এখন ছেলে বড়ো হয়েছে, দূরের শহরে থাকে কর্মস্থলে। কাজকর্ম, সংসার নিয়ে সে ব্যস্ত এখন, দেখা হয় কালেভদ্রে। এই তো মোটে সেদিনের কথা, ওর সঙ্গে ফোনে কথা হচ্ছিলো। বললো, ছেলেটার শরীর ভালো নয়। জিজ্ঞেস করেছিলাম, কবে দেখা হবে? ছেলে বললো, বাবা, বোঝোই তো, কতো ব্যস্ত থাকি! আমার তখন মনে হলো, আমার ছেলেটি ঠিক ঠিক তার বাবার মতো হয়েছে!

গানটি এবারক হোসেন শোনেননি। ভিনদেশী গান তিনি তেমন শোনেননি কোনোদিন, কিন্তু এই গানটি তাঁর খুব শুনতে ইচ্ছে হয়েছিলো। অদ্ভুত এক চক্র এই জীবন - যা নিচ্ছি, তা ফিরিয়েও দিতে হবে এই জীবনেই। ভেবেছিলেন, এরপরে ছেলে যখন আসবে দেশে, গানটি সঙ্গে করে আনতে বলবেন। বলা হয়নি, আর কি হবে?

এবারক হোসেন ভাবলেন, এতো অপূর্ণতার পরেও এক জীবনে যা পাওয়া হলো, তা-ও কি কম কিছু? 'জীবন হয়নি ফাঁকি, ফলে ফুলে ছিল ঢাকি / যদি কিছু রহে বাকি কে তাহা লবে! / দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে / যাব চলে হাসিমুখে - যাব নীরবে।' ঠাট্টা করে প্রায়ই বলেন, মরার পরে বেহেশত-দোজখ বা স্বর্গ-নরক যেখানেই যাই, কিছু ছাত্র-ছাত্রীকে ঠিক ঠিক পেয়ে যাবো। আমার আর ভাবনা কীসের? আসলে ঠাট্টাও নয়, শিক্ষক হিসেবে প্রায় সর্বজনপ্রিয় ছিলেন তিনি। ছাত্র-ছাত্রীদের ভালোবাসা তিনি ফিরিয়ে দিতে চেয়েছেন বরাবর। পুরনো অনেক প্রিয় ছাত্র তাঁর পরিবারের মানুষ হয়ে আছে দীর্ঘদিন, তিনিও তাদের ঘরের মানুষ। ঈদে-পরবে সালাম করতে আসে তারা, বাড়ির ভিত দেওয়ার জন্যে ডাকে, মেয়ের বিয়ে ঠিক করে স্যারের কাছে একবার পরামর্শ করে যায়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×