
একটা সময় যখন ব্লগিং করতাম না, তখন সময় কাটতো একভাবে। এখন নিঃসন্দেহে কাটে আরেকভাবে। ব্লগের জন্য পোষ্ট লেখা, সেটার মন্তব্যের প্রতি-মন্তব্য দেয়া, অন্যদের পোষ্ট পড়া এবং মন্তব্য করা…….সবমিলিয়ে অনেক সময়ের ব্যাপার। দিনের ২৪ ঘন্টার যেহেতু কোন পরিবর্তন হয় নাই, সেজন্যে আগে যেসব কাজে সময় বেশী দিতাম, এখন অনেক কম দেই। অনেককিছুর থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছে ব্লগিংয়ের সময়টা এডজাস্ট করার জন্য। এখন এটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। সেই জীবনে যদি ছন্দপতন ঘটে, তাহলে কেমনটা লাগে বলেন!
ব্লগ ব্লকের সময়টাতে দেশের মোবাইল অপারেটরগুলো সেই যে ব্লগকে ব্লক করলো, আর খোলে নাই। ফলে ব্লগে ভিজিটর সংখ্যা আগে যেখানে দেড়/দুই হাজার, ক্ষেত্রবিশেষে আড়াই হাজার ছাড়িয়ে যেতো; সেখানে এখন দুইশ ক্রস করলেই মনে হয় অনেক। ব্লগের উপরে সরকারী অবরোধ অবসানের এক বছরের উপরে হয়ে গেলো। এখনও এই সমস্যার সমাধান হলো না। এ‘নিয়ে ব্লগে লেখালেখি কম হয় নাই; কর্তৃপক্ষও আশ্বাস কম দেন নাই। নতুন করে আমি আর কি বলবো, কতোই বা বলবো? এই বিষয়ে কোন অগ্রগতি কি আদৌ আছে? জানি না।
গত প্রায় দুই সপ্তাহ ধরে দেখছি আরেক সমস্যা। আমার অবস্থা হয়েছে এখন, ''ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা'' এর মতো। অতীতের সমস্যা বাদ, বর্তমানের সমস্যাতেই কাহিল। এখন ব্লগে এক পেইজ থেকে আরেক পেইজে যেতে, একটা মন্তব্য পোষ্ট করতে, লাইক দিতে…….অর্থাৎ যাই করতে যাই না কেনো, ক্লিক করলে কার্সার ব্যস্ত-সমস্ত হয়ে যেভাবে ঘুরতে শুরু করে, মনে হয় যেন বিশাল কোন রাজকীয় কাজে সে ব্যস্ত। কি এমন ব্যস্ততা? ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। ওটার দিকে অপেক্ষায় তাকিয়ে থাকতে থাকতে আমার মাথাও ঘুরতে থাকে। সমস্যাটা কোথায়? ব্লগ কর্তৃপক্ষও কিছু বলেন না।
প্রথমদিকে বিভ্রান্ত হয়ে ভেবেছিলাম, আমার নেটেই বোধহয় সমস্যা। টেস্ট করার জন্য বিভিন্ন পেইজে ক্লিক করি, ফ্র্যাকশান অফ এ্য সেকেন্ডের মধ্যে নেট দৈত্য আমার সামনে সেই পেইজ নিবেদন করে। তাহলে কি এমন হলো যে, আলাদীনের…...থুক্কু নেটের এই দৈত্য সামু'র দিক থেকে চোখ ফিরিয়ে নিলো? কর্তৃপক্ষ কি কোনভাবে এই দৈত্যকে অপমান করেছে? দুঃখের সাথে বলতে হয়, সামু'র আচার-আচরণ অনেক সময়ে আমার কাছে সরকারী দপ্তরের মতো মনে হয়। সরকার যেমন তার জনগনকে অন্ধকারে রাখে, সামু'ও তেমনি। সমস্যা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কবে নাগাদ এর সমাধান হবে কিংবা আদৌ হবে কি না, কোন ধরনের আপডেটই সামু'র কাছে পাই না। না মোবাইলে লগইন সমস্যা সংক্রান্ত, না বর্তমানের নেট সমস্যা সংক্রান্ত! সামু কর্তৃপক্ষ…...প্লিজ…...সমস্যার সমাধান না হোক, অন্ততঃ আপনারা যে সমস্যাটা অনুধাবন করছেন, সেটা অন্ততঃ আম-জনতাকে (ব্লগার এবং ভিজিটর) জানান!!!
শুরুতে যা বলছিলাম। ব্যক্তিগত অভ্যাসের বড় ধরনের পরিবর্তন সময়সাপেক্ষ। একবার সেট হয়ে গেলে সেখান থেকে বের হয়ে আসতে সময় লাগে। আমার ব্লগ-বিহীন একসময়ের লাইফ স্টাইল আর এখনকার ব্লগ জীবন-সম্বলিত লাইফ স্টাইলে অনেক তফাৎ। কিন্তু এই গতির যুগে ক'জনার পক্ষে এভাবে নিশ্চল বসে থেকে কার্সারের ঘুর্ণায়মান চেহারা দেখতে ভালো লাগে? আমার তো লাগে না। তাই ব্লগে এসে একটা / দু'টা পেইজ ওপেন করার চেষ্টা করতে করতে একসময়ে 'ধ্যাত্তেরী' বলে বন্ধ করে দেই। সত্যি করে বলছি..........অনেক দুঃখ পাই। ওয়াইফাইয়ের গতিময়তার যুগে ব্লগ সেই পুরানো ক্যাবল কানেকশানের সময়ে প্রত্যাবর্তনের পিছনের হেতুটা কি? ব্লগের এই ''গোলেমালে যায় যদ্দিন'' স্টাইল কতোদিন চলবে? ব্লগ নিয়ে বড় বড় আশা করা বাদ দিয়েছি সেই কবেই; তাহলে এখন কি ছোটখাটো আশাও বাদ দিতে হবে? ''ব্লগ এমনই থাকবে। পোষাইলে থাকো, না পোষাইলে বিদেয় হও'' টাইপের কোন ঘোষণা যদি কর্তৃপক্ষ দিতেন, তাহলে মনে খানিকটা হলেও আনন্দ পেতাম। আনন্দ এই কারনে যে, মাইন্ডসেটের একটা সুযোগ অন্ততঃ পাওয়া যেতো।
ব্লগ ঝিমিয়ে যাচ্ছে, এটা পুরানো আক্ষেপ। কিছুদিন পর পরই এই বাস্তবতা আমাদের ব্লগারদের সামনে এসে উপস্থিত হয়। ব্লগ ইদানীং আবার সেই কাওয়ালী শোনা মুরগীর মতো ঝিমাচ্ছে। আর ব্লগ যখনই ঝিমায়, যেসব প্রিয় মুখ আগে নিয়মিত দেখতাম, কিন্তু এখন দেখছি না; তাদের কথা মনে পড়ে যায়। টাইপের এই মূহুর্তে মনে পড়ছে মিশরীয় সম্রাট আখেনাটেন, আমার সুন্দরবনের কুটুম শেরশায়েরী, অভিমানী আরোগ্য আর শান্তিপ্রিয় মুক্তানীলকে। এনাদেরকে অনেকদিন ধরেই দেখছি না। তাছাড়া অনেক প্রিয়মুখকে বর্তমানে হঠাৎ হঠাৎ দেখি, যাদেরকে আগে নিয়মিতই ব্লগে দেখার সৌভাগ্য হতো।
এটা সত্যি, ব্লগে আসা-যাওয়া থাকবেই। এটাই বাস্তবতা। তবে, সব বাস্তবতাকেই যে মেনে নিতে হবে এমন কোন বাধ্যবাধ্যকতাও তো নাই। ব্লগে আগের মতোই মাঝে-মধ্যে কিছু ক্যাচাল বাধে। তবে, আগের মতো জোশ নাই এসব ক্যাচালকারীর মধ্যে। ঝিমিয়ে পড়া ব্লগের মতোই এনারাও মেন্দামারা। এনাদের কার্যকলাপ দেখলে আমার মাঝে মধ্যে বিভিন্ন জোকস মনে পড়ে যায়। দু'টা শোনাই। যাদের কমন পড়েছে, তারা দয়া করে এড়িয়ে যাবেন।
১. দুই ছাত্র মারামারি করছে-
শিক্ষক: এই তোরা মারামারি করছিস কেন?
১ম ছাত্র: স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে কিস করেছে!
শিক্ষক: তাই বলে মারামারি করবি! তোর গার্লফ্রেন্ডকে বল শয়তানটা থেকে দুরে থাকতে। তা তোর গার্লফ্রেন্ডটা কে??
১ম ছাত্র: আপনার মেয়ে!
শিক্ষক: থামলি কেন? মার শালাকে!
২. শিক্ষক ছাত্র-ছাত্রীদের বলছেন ভবিষ্যতে কে কি হতে চায়
রানা: আমি পাইলট হতে চাই।
সুমিত: আমি ডাক্তার হতে চাই।
দীপা: আমি একজন ভালো মা হতে চাই।
সুমন: আমি দীপাকে সাহায্য করতে চাই।
আমরা জাতিগতভাবেই স্বপ্নপ্রিয় একটা জাতি। এই একটা জিনিস দেখতে কোন পয়সা লাগে না। যা খুশী, যেটা খুশী দেখা যায়; তাই সময়-সুযোগ পেলেই আমরা এটা দেখি। সুতরাং আমি স্বপ্ন দেখতে চাই, ব্লগের পুরানো ব্লগারগণ সবাই একে একে ফিরে এসেছেন। ব্লগার এবং ভিজিটররা মোবাইলে স্বাচ্ছন্দে ব্লগিং করতে পারছেন। ব্লগে লগডইন ব্লগার সংখ্যা শতাধিক, আর ভিজিটর সংখ্যা দু'হাজারের অধিক; দারুন দারুন সব পোষ্ট আর মন্তব্য দিয়ে সবাই ব্লগকে মাতিয়ে তুলছেন ইত্যাদি ইত্যাদি। খুব কি অবাস্তব স্বপ্ন?
ব্লগ কর্তৃপক্ষ যদি দয়া করে কিছু বলেন, কিছুটা হলেও আশ্বস্ত হই। কর্তৃপক্ষ দয়া কি করবেন? কি মনে হয় আপনাদের???
ছবি গুগলের সৌজন্যে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



