হস্তরেখা ও ভাগ্য : পর্ব -১
(পুরোনো পোষ্ট নতুন করে)
রাজা আমার জেঠাতো ভাই। বয়েসে আমার চেয়ে চার বছরের বড়। শৈশব থেকে আমাদের পরিবারে মানুষ। রাজশাহী কলেজ থেকে মাস্টারর্স করার পর আব্বা ওর বিয়ে দেন। বিয়ে হয় আমাদেরই চেনা জানা এক ব্যবসায়ী পরিবারের মেয়ের সাথে। মেয়ে শিক্ষিত, তবে দেখতে অতটা সুশ্রী নয়। রাজা ভাইয়ের এই বিয়ে নিয়ে কোন আক্ষেপ ছিলনা। ভাবীর ব্যবহারের কারণেই তার পরিবারের সাথে আমাদের ঘনিষ্টতা বেড়ে যায়। যে কোন পারিবারিক অনুষ্ঠানপর্বেই আমাদের আসা যাওয়া। রাজা ভাইয়ের নিজের শালী বাদেও বেশ কয়েকজন চাচাতো শালী ছিল বিভিন্ন বয়সের। ওরা দেখতে বেশ সুন্দরী ছিল এবং যথেষ্ট মিশুক। আমার সাথে সবারই বেশ ভাল সম্পর্ক। আমি নিজে মিশুক বিধায় তারা আমাকে ওরা বেশ পছন্দ করতো। নাজমা, সুফিয়া, নাজলি ও ডলি ওরা ছিল চার বোন আর দুই ভাই। বাবুল ও বুলবুল। বুলবুলের সাথে আমার বন্ধুর মত সম্পর্ক আর বাবুল আমার চেয়ে বয়েসে অনেক ছোট। যথেষ্ট শ্রদ্ধা করতো।
সম্পর্কে ওরা সবাই আমার বেয়াই/বেয়াইন। সেই সুবাদে যে কোন বিষয় নিয়ে বেশ হাসি ঠাট্টা হতো। একসাথে দল বেঁধে সিনেমা দেখতে যেতাম। বেড়াতে যেতাম। বাড়ীর কাছেই পদ্মা নদী, তাই নৌকা ভ্রমনে গেছি অনেকদিন। ওদের সাহচর্য ভালই লাগতো। রাজা ভাই, ভাবী আর আমার অন্য সব ভাই সঙ্গী হিসেবে থাকতো। বুলবুলও থাকতো অনেক সময়। ওদের মধ্যে নাজমা সবার বড়। বেশ সুন্দর দেখতে। কথা কম বলতো। পরে যে ব্যাপারটা আঁচ করতে পেরেছিলাম তা হলো, নাজমা আমাকে মনে মনে ভীষণ পছন্দ করতো। নাজমার ছোটটা সুফিয়া। আমি ওকে লম্বু বলে ডাকতাম। ও ছিল ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা। আমার চাইতেও লম্বা। সুফিয়া নিজেই আমাকে আভাষ দিয়েছিল, আপু মনে হয় আপনাকে পছন্দ করে। অথচ আমি এই ব্যাপারে মোটেও আগ্রহী ছিলাম না। পেছনে কারণ ছিল। আমি তখন অনিন্দিতা বলতে পাগল। অনিন্দিতাই আমার সব। সে ছাড়া আমার মনে তখন আর কারও জন্য এতোটুকু জায়গা খালি নেই। পরে একদিন নাজমাকে সব খুলে বলেছিলাম। আর সেদিন একটা জিনিষ পরিষ্কার বুঝেছিলাম মেয়েরা কাউকে একবার মন থেকে ভালবাসলে সেটা সহজে মুছতে পারে না। আর কাউকে চেয়ে না না পেলে সেই চাওয়ার মানুষের জীবনে যে নারীই আসুক না কেন, তাকে সে কিছুতেই সহ্য করতে পারে না। মুখে ভাল ব্যবহার করলেও মনে মনে প্রচ্ছন্ন একটা হিংসে থেকেই যায়। আমি নাজমার মাঝে সেই ব্যাপারটা লক্ষ্য করেছি। আমাদের বিয়ের পর নাজমা ও নাজমার স্বামী এবং আমি ও আমার স্ত্রী কক্সবাজার বেড়াতে যেয়ে ব্যাপারটা পরিষ্কার হয়েছিল।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



