কি দেখছেন? রক্ত? কি রক্ত জানেন? আমি জানি।
হয়তোবা সে একজন হেল্পার, একজন অপারেটর, একজন আয়রন ম্যান, একজন লাইনচিপ, একজন সুপারভাইজার অথবা কোয়ালিটি চেকার। কতটাকা বেতন তার জানেন? হেল্পার হলে দুই হাজার বা আড়াই হাজার, অপারেটর হলে সর্বোচ্চ পাঁচ হাজার। গার্মেন্টস কর্মীদের দুপুরের খাবার বাক্স খুলে দেখেছেন কখনো? আমি দেখেছি। যাদের বাসা খুব কাছে তারা বাসায় যেয়ে দুপুরের খাবার খেয়ে আসে, আর যাদের বাসা দূরে তারা বাক্সে করে খাবার নিয়ে আসে। আমি দেখেছি, একজন হেল্পারের দুপুরের খাবারের বাক্সে দুইখানি কাঁচামরিচের সাথে একটি পেঁয়াজ আর কিছু পান্তা ভাত। দেখেছি ওকে না জানিয়েই। সেদিন বিষয়টা এভাবে চিন্তাও করিনি। এই রক্ত সেই পান্তা ভাত আর কাচাঁ মরিচের রক্ত। রক্তটা শুধু নিখাদ নয় কত যে ঋণ এই রক্তের প্রতি ফোটায়। কত ন্যায্য পাওনা না পাওয়া রক্ত এটা, কত ওভারটাইম, কত নাইট ডিউটি, কত বোনাস, কত কত পাওনা এই রক্তের ................. জানেন? ওরা কিছুই দেয় না ঠিকমত। বেতনটাও কেটে নেয় পান থেকে চুন খসলেই।
তার পরও যেটুকু দেয় মাস শেষে তাই দিয়ে বাসা ভাড়া দেওয়ার পর যা থাকে তা থেকে মাসের খরচ করে অনেকেই কিছুটা আবার গ্রামের বাড়ীতে গরীব মা-বাবার জন্য পাঠায়। শিপমেন্টের সময় ওরা খুবই কঠোর হয়ে ওঠে। ঈদের ছুটি পর্যন্ত ঠিকমত দেয় না। ঈদের দিন অনেকেই বাড়ীতে ঈদ করতে পারে না। ফ্লোরে কাজ করতে কত রকম অকথ্য ভাষায় অপূর্ব ব্যবহার শুনতে হয়, তা কেবল মাত্র গার্মেন্টস-এ অভিজ্ঞরাই জানেন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



