এই গান তো নতুন নয় ! আলোক বর্ষ দূরে দাঁড়িয়ে , ক্রমে সরে সরে যেতে যেতে , তুমি কি টের পাও ? কৃষ্ণবিবর থেকেও মাঝে মাঝে আলো ছুটে আসে । সেই আলো তুমি । মহাশূন্যের নিরবতাকে উপড়ে দিয়ে কালো , গভীর গহবর থেকে যে আমায় ডাকে , সে তুমি ! তোমার জন্য আমার আত্মায় শত সহস্র বার নেচে ওঠে তান্ডব স্পর্শ । অ-বোধের কুয়াশায় গা ডুবিয়ে আমি তখনো গন্ধ পাই , তোমার ধুমকেতুর ধুলোময় হাতের আর ফিস ফিসে ঠোঁটে সূর্য ওঠে , সূর্য ডোবে ।
বালুচরে ঘর তো বাঁধা যায় না প্রিয় , আমি পরান বান্ধি ! আমি তোমায় বান্ধি !
১।
এমনই পিঞ্জিরা কালা , এমনই তার চাবি
ঘুরাইলে না খোলে তালা
জলে বাড়ে দ্বিগুন জ্বালা
বান্ধিলে হয় আলগা নাকের ছাবি ।
২।
নদীর জলে সুরুয জ্বলে , কলসি ভরা জল
বৈঠা মারা শীতল জলে আগুন টলমল
৩।
খেজুর গাছের মিঠা গড়ি
বিন্নি ধানের খই
তোমার পরান আমার পরান
মোয়া বাইন্ধা রই ।
৪।
বোশেখ মাসের তুফান চিনিস
আষাঢ় মাসের বানে
না চিনিলি কেমন ডুবি
বন্ধু , তোঁয়ার টানে!
৫।
আমের বোলে গন্ধ ভাসে
দুর্বা জ্বলে , রোইদে হাসে
পরান আমার উথাল পাথাল ঘামে
দিঘীর ধারে ঠান্ডা পানি
কলস ভইরা ঘরে আনি
পা'ও কি তোমার আমার উঠান থামে?
______________________________
ডুবো জলে সাঁতরে হলেও একদিন ঠিক ছুঁয়ে দেব তোমার দহন
বহিরাস্তে যতই এড়াও , প্রেমের বিষে ঠিক নীলাবো গভীর গহন
_______________________________
জানা জানির কিছু নেই ।
তোমাকে ভালোবাসি বলে শাস্তি দেবে জানলে
এই পাপের নগরীতে আমি হজ্বের নৌকো ফিরিয়ে দিতাম!
________________________________
যতটা দুরত্বে তুমি স্বস্তি খোঁজো ,
আমার অন্তর হাতড়ে
ঠিক ততটা পথই একদিন পাড়ি দিতে হবে
যতটা কোঠায় তুমি বসতি গড়ো ,
নিজের হৃদয় খুঁড়ে
ঠিক সে কয়টা দেয়াল ভাঙতে একদিন কষ্ট হবে !
______________________________
৫০০ তম পোস্ট সমস্ত ব্লগার বন্ধুদের উৎসর্গ ! আমার সাথে ছিলে সে তোমার মহানুভবতা , আমি রয়ে গেছি সে আমার আত্মশ্লাঘা !
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




