আমরা যখন ক্ষুধার তাড়নায় ছটফট করি
তোমরা তখন কেএফসি/ বিএফসি, বা কুপার্সে
বা অন্য আরও কোন চটকদার রেষ্টুরেন্টে . . . ;
ক্ষুধার কষ্টে আমার যখন দু'চোখে পানি আসে
তখন তোমরা বাহারি রঙের পানি পান কর;
আচ্ছা, আমাদের কষ্টের চোখের পানি একটু পান করবে!
সেখানে নানান ধরণের স্বাদ পাবে।
তোমার সন্তানেরা যখন ফেসবুকে চ্যাট করে,
তখন আমার সন্তানের মুখে ক্ষুধার কষ্টে কথা আসে না।
তোমরা যখন বিলাসবহুল সিনেমাহলে বসে আর্টফিল্ম দেখ
আমাদের জীবনটাই তখন একটা বেশ সুন্দর আর্টফিল্ম।
আচ্ছা, তোমরা কষ্ট করে আমাদের জীবন-যাপন একটু দেখে যাবে!
আর বিলাসবহুল সিনেমাহলের টিকিটের টাকাটা যদি . . . . .
তাহলে হয়তো দু'একদিন পর পেটে কিছু দিতে পারতাম।
আমাদের কষ্ট করে একটু দেখে যাও,
জীবন সম্পর্কে তোমাদের ধারণাটাই বদলে যাবে।
আইসো তবে হামার বাড়ি
টেঙ্গারমারী হাট, জলঢাকা, নীলফামারী।
এখানে মানুষ তার পরিবার নিয়ে দু'একবেলা,
কখনও বা দু'একদিন, বা তারও বেশি অনাহারে থাকে।
জানো, আমাদের কেউ আর মানুষ ভাবে না;
নিজেরাও এখন আর ভাবি না!!!
তোমরা কি নিজেদের তা ভাবো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



