২৪ বছর ধরে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন বিজ্ঞানী মাকসুদুল আলম। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে পেঁপের জীবনরহস্য উন্মোচন করেছেন, বের করেছেন মালেশিয়া সরকারের হয়ে রাবারের জীবনরহস্য।
দেশের জন্য কিছু করার ভাবনা থেকেই ২০০৫ সাল হতে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে তিনি পাটের জীবনরহস্য উন্মোচনের ব্যাপারে সাহয্যের জন্য যাননি। কিন্তু, কেউ অর্থায়নে রাজি হয়নি। হতাশ হয়ে তিনি হাল ছেড়ে দেন। পরবর্তীতে ২০০৯ সালে তার গবেষণা নিয়ে প্রথম আলো'তে বিশেষ ফিচার লিখা হলে তা বর্তমান কৃষিমণ্ত্রীর নজরে আসে। এরপর সবই যেন স্বপ্ন।
কৃষিমণ্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশে এলেন। শুরু হল পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণা। এতে যোগ দিলেন বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ডাটা সফট্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের ও পাট গবেষণা ইনিস্টিটিউটের গবেষকেরা। মাত্র এক বছর সময় নিলেও তার অনেক আগেই এলো পাটের জীবনরহস্য উন্মোচনের সুখবর।
এই সফলতার সূত্র ধরেই শুরু হল পাটের জীবনরহস্য উন্মোচনের দ্বিতীয় পর্যায়। অর্থায়নে আবারও কৃষি মণ্ত্রণালয়। প্রাক্কলিত সময় তিন বছর হলেও এক বছরের মাথায় দেশ ও বিশ্ববাসীকে চমকে দিলেন তারা। ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের একটি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করলেন তাঁরা, যে ছত্রকের আক্রমণে দুনিয়াজুড়ে প্রায় ৫০০টি ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। অথচ, বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেও এই একই বিষয়ে সফল হতে পারেননি।
চির অভাগা আর দুঃসংবাদের দেশ বাংলাদেশ ও তার মানুষের জন্য পরপর দুটো সুসংবাদ এনে দেওয়ার জন্য বিজ্ঞানী মাকসুদুল আলমকে, সাথে তাঁর দলকে বিনম্র শ্রদ্ধা।
পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী এই বিজ্ঞানীর মতে, ' সবাই মিলে দেশটাকে যদি আমরা মায়ের মতো ভালবাসি তাহলে এই দেশটিও একদিন বদলে যাবে। ' মনে রাখতে হবে, দেশ কখনো বদলায় না। বদলায় দেশের মানুষ; আর তাঁরাই বদলে দেয় দেশকে, যেমনভাবে চেষ্টা করছেন মাকসুদুল আলমের মতো মানুষেরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



