কন্যারা জলজ নয়, ঊষর চৌচির ফসলের মাঠ
ইচ্ছার আগুন পোষে, অবিকল অলাত
তৃষ্ণায় ফেটে গেলে বুক
চেয়ে খায় জল।
বৃষ্টিরা আসে না শিখণ্ডী নাচে না বলে, অপেক্ষায়
পুড়ে পুড়ে যাবে ফুলেল বাগান, উপত্যকা,
ত্রিভুজ সমতল, ব্যর্থ হবে জীবনের
বাসনার পল!
ক্লান্ত চাঁদ ডুবে গেলে লুদ্ধক তখনও জ্বলজ্বল
ফুলেল বাগান, উপত্যকা, ত্রিভুজ সমতল
সন্তপর্ণে আপাণ্ডুর, গৃহহীন
নোনা নাবিকের খুব কাছে আসে
আকাঙ্খারা মরেনি এখনও, চোখ ছলছল
বহুদিন আগে অ্যালবাট্রস এসে
তার হৃদপিণ্ড খেয়ে গেছে
ফসলের মাঠ তবু তার জল ভালবাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



