আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

আবু মুস্তাফিজের গল্পগ্রন্থ 'লুহার তালা'র ব্যঘ্রদর্শন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩

শেয়ারঃ
0 0 0

'লুহার তালা' গল্পগ্রন্থটিকে আমার মনে হয়েছে যেন প্রাপ্তবয়স্কদের ইশপের গল্প পড়ছি। ভাষিক কারুকার্য্যে এমন তীব্র-শ্লেষ মিশ্রিত ক্ষোভ গল্প বলার ঢঙে ভিন্ন সংযোজন, বিষ্ময়কর চমকের যোগান দেয়। যেমন 'মাল বানানি', 'পিকাসো ও রম্ভা' - এই ক্ষুদ্র গল্পদুটি। একই চিত্র 'স্বপ্ন' গল্পের ক্ষেত্রে - যেখান স্বপ্ন ও কল্পনার নানা বিভেদমূলক ব্যাখ্যার ভেতর থেকে এক সহজ জীবন স্বপ্নের বিভর বর্ণনা দেখা যায়। একই চিত্র 'টকেটের ভিতর পকেট আর পকেটের ভিতর টকেট' গল্পটিতেও। প্রচলিত গদ্য বলার ফর্মেট যে অভ্যস্ততা দেয় - কথ্যরূপে তার প্রকরণ অনেক বেশী ফ্লুয়েন্ট হলেও অধারাবাহিক বা অসংগঠিত হয়ে থাকে, কিন্তু লুহার তালার গদ্য সেই ত্রুটি থেকে উতরানো। এ যেন প্যাগান স্টোরি টেলিং, কল্পগাঁথা বুনোটের ভেতরে শক্তিশালী মরালের আলেখ্য।

স্থান ও চরিত্রের স্থিতাবস্থাকে বিচ্যুত করে গল্পের চরিত্রগুলো একই সাথে দ্বিমুখী অবস্থানে ভয়ংকরভাবে সুন্দর। যেমন 'লুহার তালা' গল্পে ভ্রূণ হত্যার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গময় স্বর ধরা পড়েছে - যা প্রতি লাইনে বিদ্রুপ ছড়াতে ছড়াতে নগ্ন করে দিয়েছে পারস্পরিক পরিবেশ। 'সুভদ্র বাঘ এবং বেলেহাজ বিড়াল' - যেমন মানুষের ও তার ভেতরের ক্রিয়াশীল দানবের জটিল চিত্রন, 'হরমুজ বিএসসি আর তার ছুটো ভাই মঞ্জু ভুনা খিছুরি আর গরুর গুস্ত খাইয়া মইল' কল্পনার রঙে আঁকা শ্রুতগল্পের বিস্তৃতি এবং চমকময় সম্পর্ককরণের গল্প বলে।

'একটি শক্তিশালী বাঘের গল্ফ' - সচেতন বিদ্রুপে অসহায় ছাপোষা জীবনের নির্মম বিনোদনের খোরাক যুগিয়েছে। 'একটা ঘাসখাইকা বাঘ এবং ভুদাই ঘোড়া' চমৎকার এক মৌলিক গল্প - ক্ষমতাধরের প্রলুব্ধকারী প্রচারণার করুন পরিনতির রূপকীয় উপস্থাপন।

আবু মুস্তাফিজ - এর লেখার সাথে যারা পরিচিত নন, তারা এক শক্তিশালী বাঘের উপস্থিতি টের পাবেন প্রায় গল্পে। এই বাঘ কখনও বৌদ্ধ ধর্মের অনুসারী, কখনও পাটিতে বসে নিম্নাঙ্গের কেশ মুর্দন করে, কচু শাক দিয়ে ভাত, ডিমভাজা খায়, কখনও উন্নত নৈতিকতার পাঠ প্রদান করে। চিরপরিচিত এ বাঘদর্শন মনে হবে কখনও রাষ্ট্রের, কখনও ব্যক্তির স্কন্ধে চালিত এক বৈসম্যময় নিগৃহের অস্ত্র - যা রুঢ় বক্রোক্তিতে আবু মুস্তাফিজ এত উলঙ্গভাবে সম্মুখে নিয়ে এসেছেন, প্রতিটা গল্প বারবার না পড়ে উপায় নেই।

সংযুক্তি
'লুহার তালা' প্রকাশ করেছে শুদ্ধস্বর (বইমেলায় ২৪২ নম্বর স্টল)। ন'টা গল্প আছে। প্রথম গল্পের নাম 'লুহার তালা' - বইয়ের নাম এ গল্প থেকে নেয়া। প্রচ্ছদ করেছেন আহমেদ অরূপ কামাল। দাম ৭৫টাকা। বইমেলায় সম্ভবত ৫৬ টাকায় কেনা যাচ্ছে।

উপরের এই তথ্যগুলা বইয়ের মলাট, সূচীপত্র, ক্রেডিট লাইন থেকে প্রাপ্ত। ফ্লাপে লেখক পরিচিতি নাই, গল্প সম্বন্ধে কোনো ভূমিকা নাই। সুতরাং গল্প সম্বন্ধে জানতে গল্পই পড়তে হবে এবং পুরো বইটা শেষ করতে ৭৮ মিনিটের বেশী সময় লাগার কথা নয়।

এর বাইরে আমি যা জানি তা হলো লেখক আবু মুস্তাফিজ - এ পোষাকী নামের আড়ালে আমার বন্ধু শাপলু রয়েছে। প্রিয় বন্ধুর বই পড়া আর অপরিচিত লেখকের বই পড়ার মধ্যে পার্থক্য রয়েছে। গল্পের ভেতরে আরো কিছু পাঠ্য চলে আসে যা লিখিত নয় এবং তার সহযোগে এ-পোস্টের বিবৃতি অন্য কারো পর্যবেক্ষণ থেকে ভিন্ন হতে পারে।

 

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০০
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য................
২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭
মাহবুব মোর্শেদ বলেছেন: লেখাটা ভাল লাগলো।
আবু মুস্তাফিজের লেখা আমারও পছন্দ।
কিন্তু একটা কথা, এই ব্লগে বই নিয়া লিখলে কী কোনো খাওয়া নাই নাকি?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: সাহিত্য ও সামহোয়ারইনব্লগের মেইন ট্রেন্ড - উভয়ে পৃথক অবস্থানে - এমন আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি..

৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০
নুরুজ্জামান মানিক বলেছেন: + "লেখক আবু মুস্তাফিজ - এ পোষাকী নামের আড়ালে আমার বন্ধু শাপলু রয়েছে।"

আমারও ।

 

মোট সময় লেগেছে ১.১২০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ