মেইল ট্রেনের হুইসেল শুনব বলে একদা
উৎকীর্ণ দুজন মাঝরাতের অন্ধকার সরিয়ে কান পাতি ধাতব স্লিপারে
হুইসেল ফিরে আসে চাপা আর্তনাদ হয়ে।
আমাদের রাত্রি এখন নির্জন একাকীত্বে ভরা
আমাদের নির্জনতাগুলো আরো বেশি বাঙময়
আমরা পরস্পর অচেনা শরীর নিয়ে বসে থাকি অন্ধকার বারান্দায় ভাবলেশহীনতায় দেখি উত্তর ফাল্গুনী-মৃগশিরার স্থানান্তর।
অথচ স্বাতী-রোহিনী-অরুন্ধতির মতো চেনা তারাদের মাঝেও থাকে আরো কিছু অচেনা নক্ষত্র। ঠিক আমাদেরই মতো। দীর্ঘদিন পাশাপাশি এক ঘরে থেকেও যেমন রয়ে গেছি অচেনা আগুন্তক।
তাইতো প্রাত্যহিক কর্মকাণ্ড ঝগড়া-বিবাদ ও ভোজন সকলের গোচরে রেখে সুকৌশলে গোপন রাখি প্রেম। কামনায় হৃদ্ধ কোনো বাক্য স্ফূরিত হয় না বহুদিন আমাদের মুখে। আর সংস্কারের কৌলিন্যে উদ্বুদ্ধ হয়ে কামসূত্র ব্যাংকের লকারে রাখব ভাবি।
আশ্চর্য! এতোগুলি পথ এক সঙ্গে হাঁটা হয়ে গেলো
অথচ আমরা কেউ করো সহযাত্রী নই।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



