কে বলে ভালবাসিস নে আমায়? তবে কি মিছেমিছি তোর পড়ন্ত নিঃশ্বাস আমায় দেখে ফণা তুলে তেড়ে আসে?! জানিস নে হতচ্ছাড়া, মিথ্যে বলা মহাপাপ?! বুকের বাঁ'পাশ টিতে ডান হাতটি রেখে আমার চোখের দিকে তাকিয়ে দিব্যি করে বল দেখি "ভালবাসিস নে আমায়?!!! আমার ডানপিটে অবাধ্য চুল গুলো যখন তোর চোখে মুখে আছড়ে পড়ে বিরক্তি ধরে না কেন তোর??!! নাক ডুবিয়ে মুখ গুঁজে চুলের গন্ধ নিতে বুঝি এমনি এমনি ভাল লাগে? হাসিসনে, হাসবিনে একদম! বড্ড বিশ্রী তোর হাসি, তাই বলে মুখটা অমন প্যাঁচার মতও করতে বলিনি! আমি যখন কেঁদে বুক ভাসাই, তখন অমনি করে চোখ মুছে দিস কেন? আমি কাঁদলে তোর কি?!! তুই তো আর ভাল বাসিস নে আমায়!!! কনকনে শীতে যখন হাতদু'টো জমে যাচ্ছিল সেদিন, নিজের হাতের মধ্যে নিয়ে যে উষ্ণতা দিলি সেও কি এমনি এমনি??
সত্যি করে বল্, যখন তোর হাত ধরি তখন তোর হৃদপিন্ডের ভেতর রক্তকণিকাগুলো নুপূর পায়ে নাচেনা? তবে কি আমি ভুল শুনি?!! আমি যখন ইচ্ছে করে গাড়ি ঘোড়ার থোড়াই তোয়াক্কা করে রাস্তা পার হই, তখন এত ভয় পাস কেন? হাত ধরে যত্ন করে পার করিস কেন? আমায় নিয়ে কিসের এত শঙ্কা রে তোর? মুখে বলিস, ভালবাসিস না, তবে আমার ভাল মন্দ নিয়ে এত কেন মাথা ব্যাথা তোর?!! রাস্তায় কেউ আমার দিকে মন্দভাবে দেখলে তোর এত ঈর্ষা কিসের? বুকে হাত রেখে বল তো "ভালবাসিস নে আমায়?!!! বিশ্বাস কর, আমি বড্ড ভালবাসি তোকে। এই দেখ শরীরের সমস্ত লোম গুলো কাঁটা দিয়ে উঠলো আমার!! বুকের উপর কান পেতে শোন্ "ধ্বক ধ্বক" করে হৃদপিন্ড টা জানিয়ে দিচ্ছে "আমি বেঁচে আছি" । কেন জানিস? কারন তুই আছিস!!
আয় না হারিয়ে যাই দু,জন দু,জনের মাঝে!! আমাদের বিদগ্ধ যৌবন আমাদেরই শত্রু হয়ে উঠেছে বারবার। আয় না জীবন থেকে যৌবনের আগুনটুকু নিভিয়ে ফেলে হিম শীতল এক স্বস্তির সংসার গড়ি! চল কোন দ্বীপে চলে যাই। খোলা আকাশের তলে জগৎ সংসারের সমস্ত সুখ সেদিন আমরা ঈশ্বরের কাছ থেকে ইজারা নেব। চাঁদ ঢেকে দেবে সব অভিশপ্ত অন্ধকার!! একজনের ঠোঁটের উষ্ণতা বিনা শব্দেই আরেকজনকে বলে যাবে "ভালবাসি"!!!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




