আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

লইট্টা শুঁটকির ভর্তা

২৭ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩১

শেয়ারঃ
0 0 0



চট্টগ্রামে শুঁটকির ঐতিহ্য আর আদর আপনাকে চোখে দেখতে হবে। তাও আবার দূর হতে দেখলে হবে না, কোন পরিবারে থেকে কিংবা চট্টগ্রামে থেকে তা উপলব্ধি করতে হবে। অসাধারণ -এক কথায়। কত রকম করে যে শুটকি'র ব্যবহার হয় প্রতিদিনের তরকারীতে, এর সাথে আমরা যারা বাহিরে থেকে চট্টগ্রামের এই ঐতিহ্য ধারন করছি তারা এতে নতুন মাত্রা যোগ করেছি কোন সন্দেহ নেই।

লইট্টা শুঁটকি খুবই সহজ লভ্য এখানে। তাই এর ভর্তা নিয়ে একটা রেসিপি দিলাম এখনে। লইট্টা মাছও খুবই জনপ্রিয় এবং সুস্বাদু, মাছটি দেখে হয়ত আপনাদের ভাল নাও লাগতে পারে। তবে একবার ভাল রান্নায় লইট্টা মাছের কোন তরকারী খেয়ে আপনি আবার এর টানে এখানে আসতে চাইবেন।

উপকরণঃ

লইট্টা শুঁটকি - ১২ টুকরা (১ ইঞ্চি করে কাটা)
পেঁয়াজ কুচি - মাঝারী ১ টি পেঁয়াজ
রসুন - ২ কোয়া (বড় সাইজের)
নারকেল (কুরানো) - ১ টেবিল চামচ
শুকনা মরিচ - ৫/৬ টা (টালা অথবা ভাজা)
ধনেপাতা - ১ টেবিল চামচ কুচানো
লবণ পরিমানমতো

প্রণালীঃ

শুঁটকি'র টুকরা গুলো ভালকরে ধুয়ে টেলে নিন।

এবার পাটায় (শিলে) টালা শুকনো মরিচ ও লবণ বেটে নিন। শুটকি ভাল করে বেটে নিন পাটায়। তারপর পেঁয়াজ কুচি, রসুন, কুরানো নারকেল, ধনেপাতা কুচি একসঙ্গে বেটে নিন।

বাটা উপকরণ গুলো এবার একসঙ্গে মেশান। মেশানো উপকরণ গুলো এবার একসঙ্গে আবার পাটায় বেটে নিন- আরো মিহি হবে। এবার পাটা থেকে তুলে আরেকবার মাখান।

ভর্তার গোল গোল বল করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

শুটকির ভর্তা করার জন্য অন্য কোন শুটকি হলেও একই রেসিপিতে করা যেতে পারে। শুধু রেসিপিতে লইট্টা শুটকির পরিমানে অন্য শুটকি নিলেই হবে। এখানে লইট্টা শুটকি ব্যাবহার করা হয়েছে, কারণ লইট্টা মাছ এবং এর শুঁটকি চাটগাঁ'র মানষের কাছে খুবই জনপ্রিয়। অন্য একটা রেসিপিতে লইট্টা মাছের রেসিপি দেয়ার ইচ্ছে রইল, লইট্টা মাছতো আরো মজার, যারা খেয়েছেন তারা এর স্বাদ ভুলবেন না কোনদিন।

---
ভূলু, চট্টগ্রাম
নভেম্বর ২০০৬

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চট্টগ্রামে শুঁটকির ঐতিহ্য ;
প্রকাশ করা হয়েছে: ভর্তা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫১
অতিথি বলেছেন: দারুন লিখেছেন ...
আমার ছুটকি দেখলে কেমন যানি খারাপ লাগে... নোনতা ইলিশ ছারা আর কিছু চেষ্টা করিনি...
ধন্যবাদ আপনার রেসিপির জন্য ..
২. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৭:২৩
ভূলু বলেছেন: ধন্যবাদ টগর, নোনতা বা কাটা ইলিশতো দারুণ, শুঁটকিতো মজার খাবার যদি ভাল করে রান্না করা যায়, তবে শুঁটকির গন্ধটা অনেকের কাছেই ভাল লাগবে না। চট্টগ্রাম আসলে কখনো শুঁটকি খেয়ে যাবেন।
৩. ০৩ রা মে, ২০০৮ রাত ১:১৯
যূঁথী বলেছেন: ওয়াও!!! লইট্যা শুঁটকি ওয়ান অফ মাই ফেভ। আপনাকে আমার একটা রেসিপি দিয়ে যাই। কেমন? শর্টে মারি -

-একি ভাবে শুঁটকি টুকরো করে কেটে পাটায় ছেঁচে নিবেন বেশ একটু ভাল করে।

- চুলায় কড়াইয়ে নরমালের চেয়ে একটু বেশি তেল দিয়ে তা গরম হলে তাতে আস্ত পিঁইয়াজ আর রসুন ছ্যাঁচা (দুটোই পরিমাণের চেয়ে বেশি করে দিবেন)দিয়ে লাল লাল করে ভেজে নিন। এবার তাতে ছোট চিংড়ি (বাঁছা এবং ধুয়ে রাখা) দিয়ে হাল্কা ভেজে তাতে পরিমাণ মত হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে শুটকি ছ্যাঁচা দিয়ে দিন। একটু কষিয়ে তাতে লবণ দিইয়ে অল্প পানি দিয়ে আস্তে জ্বালে বসিয়ে রাখুন।

- পানি কম মনে হলে আবার দিবেন কিন্তু একবারে বেশি না। নামানোর আগে কাঁচামরিচ দিয়েন। তেল উপরে উঠলে নামিয়ে ফেলেন।

- রান্না করলে কখন আমাকে জানায়েন কেমন লাগল। হি হি হি। বেস্ট অফ লাক।
২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: দূর্দান্ত যূঁথী, আমি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করব, তারপর জানাবো।

৪. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৯
মানবী বলেছেন: আমি রূপচান্দা মাছের শুটকি দিয়ে রেসিপিটি ট্রাই করবো তবে এই রান্নায় নারকেল (কুরানো) না দিলে খুব খারাপ হবে কিনা বুঝতে পারছিনা!


ধন্যবাদ রেসপিটি শেয়ার করার জন্য।
২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মানবী। নারকেল কুরানো না দিলে খুব খারাপ হবে না, তবে নারকেল কুরানো দিয়ে অনেক ভর্তারই চেহারা স্বাদ বদলে দিতে পারেন।

৫. ২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
পথিক তুমি বলেছেন: ঢাকায় ভাল শুটকি কই পাওয়া যায়?
৬. ২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
ভূলু বলেছেন: চট্টগ্রামে কথা বলতে পারব - রেয়াজুদ্দীন বাজারে, কাজীর দেঊড়ী বাজারেও পাবেন। ঢাকায় কাওরান বাজার, নিউমার্কেটে পাবেন নিশ্চয়ই।
৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪০
নিমচাঁদ বলেছেন: লইট্যার ভর্তা পাটায় না পিশ্লে মজা লাগে না

১ম +

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ