সেমাই জর্দা
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৩
সেমাই, বাংলাদেশের ঈদে এটি এমন একটি অবিচ্ছেদ্য অঙ্গ যে সেমাই নিয়ে আলাদা করে তেমন কিছুই বলার থাকেনা। বিশেষ করে ঈদুল ফিতরে আমাদের ঘরে ঘরে সেমাই থাকবেই। এজন্যেই হয়ত ঈদুল-ফিতর সেমাই ঈদ নামেও পরিচিত। তবে ইদানীং ঈদের খাবারের লিস্টে সেমাই খুব একটা আদর নাপেয়ে লিস্টের নীচের দিকে নেমে গেছে। আবার অন্য চিত্রও দেখা যায়, এখন অনেকেই ভিন্ন ভিন্ন রেসিপিতে সেমাই করে থাকেন - প্রশংসনীয় ব্যাপারটা। ঈদের দিন আমার ঘরে অনেক বছর ধরেই এই সেমাই জর্দা তৈরী করি, আমার ছেলে-মেয়েরা পছন্দ করে তাই। ঈদের দিন সকাল বেলায়ই বাড়ির পুরুষরা নামাজ থেকে ফিরে আমার হাতে করা সেমাই জর্দা খায় কিছু ঝাল খাবারের সাথে। আজ আপনাদের জন্য রেসিপিটি দিলাম, কেউ রান্না করলে জানাবেন কেমন লেগেছে।
উপকরণঃ
কুলসন সেমাই - ১ প্যাকেট (২০০ গ্রাম)
(কুলসন সেমাই না পেলে, যেকোন দেশি সেমাই, যাকে অনেকে বাংলা সেমাই বলে থাকেন, একটু লালচে রং-এর খোলা সেমাইটাই আসলে বাংলা সেমাই নামে পরিচিত। বনফুল সেমাইতেও ভাল হয়।)
চিনি - ২ কাপ
নারকেল কুরানো - ১ কাপ
কিশমিশ - ২ টেবিল চামচ
চীনা বাদাম (ভাজা) - ৩ টেবিল চামচ
দারুচিনি - ৩ টুকরা
তেজপাতা - ২ টা
ঘি - ৪ টেবিল চামচ
পানি - ২ কাপ
লবন - পরিমাণমতো
প্রস্তুতপ্রণালীঃ
চুলাতে কড়াই চাপিয়ে আগুনের আচেঁ কড়াইয়ের ভেতরটা শুকাতে দিন। এবার গরম কড়াইতে ঘি দিয়ে দিন। ঘি সামান্য গরম হলে চিনি দিন । এবার ১ প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা এই গরম ঘিয়ে ঢেলে দিয়ে ১০/১৫ মিনিট নাড়ুন, সেমাইটা ঘিয়ে ভাজা হবে ।
এবার এতে কুরানো নারকেল দিয়ে নাড়তে থাকুন, কিছুক্ষণ পর পানি দিয়ে দিন আর চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকুন । পানি শুকিয়ে আসলে বাদাম, কিশমিশ, তেজপাতা, দারুচিনি দিয়ে আরো মিনিট দশেক মৃদু জ্বালে দমে রাখুন । সেমাই ঝরঝরে হলে নামিয়ে পরিবেশণ করুন
টিপসঃ
সেমাইটা সরাসরি ঘিয়ে না দিয়ে একটু প্রসেস করে নিতে পারেন, এতে সেমাইটা নরম হবে। কি করতে হবে বলছি - আলাদা পাত্রে পানি গরম করে তাতে সেমাইটা মিনিট পাচেক সিদ্ধ হতে দিন, এবার একটা ঝাঁঝরিতে গরম পানি সহ সিদ্ধ সেমাইটা ঢেলে দিন, পানি ঝরে যাবে। এবার সাথে সাথেই সিদ্ধে গরম সেমাইটার উপর ঠান্ডা পানির ধারা দিন, তাতে সেমাইটা ঝর-ঝরে হয়ে যাবে আর ঠান্ডা হবে। এ অবস্থায় সেমাইটা পাতিলে গরম ঘিয়ে ঢেলে দিন। এখান থেকে রেসিপি'র বাকী অংশ অনুসরণ করুন।
চট্টগ্রাম, ৩০/০৯/০৯
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সেমাই, সেমাই জর্দা, ঈদের রেসিপি ;
প্রকাশ করা হয়েছে: মিষ্টি বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রুদমী বলেছেন:
আমার আম্মুও এই সেমাইটা রান্না করে। আমরা বলি পোলাও সেমাই। আমারো বেশ ভালো লাগে এই সেমাইটা
ভূলু বলেছেন:
ঠিকই, সেমাই পোলাও কিংবা পোলাও সেমাই বলা যেতে পারে। আমার ঘরে সেমাই জর্দা নামেই বেশি পরিচিত। আর এতে কুরানো নারকেলের ব্যবহারটা হয় সুন্দর ভাবে।
কুলসন সেমাই এক প্যাকেটে কতটুকু থাকে জানালে ভাল হত।
লেখক বলেছেন: ২০০ গ্রামের এক প্যাকেট কুলসন সেমাই লাগবে। ধন্যবাদ ভাই, ভুল ধরিয়ে দেয়ার জন্য। সংশোধন করা হয়েছে।
সুরঞ্জনা বলেছেন:
আমি বলি জর্দা সেমাই। আর নারকেলের বদলে ডিম দেই।রেসিপি দিতে ইচ্ছে করে, কিন্তু ছবি কি করে দিতে হয়, এই
নাদান আমি জানিনা।
লেখক বলেছেন: ডিম দিয়েও অনেক ভাল হয়, স্বাদটাই অন্যরকম হয়। রেসিপিটা দিয়ে দিন আমাদের জন্য।
লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাদের সবাইকে। পূজোর সময় করেন এমন কিছু রেসিপি নিয়ে আলোচনা করুন না। কিংবা রেসিপি'র নামগুলো জানান, আমরা সবাই জেনে রাখলাম। আবারো শুভেচ্ছা রইল।
ভূলু বলেছেন:
ধন্যবাদ সুপ্তি আপু তোমাকেও। ভাল থেকো।
নীল-দর্পণ বলেছেন:
সেমাই আগেই সেদ্ধ করে নিলেতো মনে হয় পরে আর পানি দেবার দরকার নেই...নাকি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















