অষ্ট প্রহরের যাপিত জীবনের গল্প!
আজ যখন এই লেখা লিখছি কিংবা কেউ পড়ছে, তার মাত্র এক শতাব্দী পরেই বর্তমান পৃথিবীর কয়েকশ' কোটি মানুষের মাঝে হাতে গোনা দু'চারজনই বেঁচে থাকবে। কতটা নির্মম, কতটা নিদারুন এই সত্যকথন। অথচ, মহাকালের গর্ভে একটা কেন দু'চারটা শতক কত অনায়াসেই না হারিয়ে যায়! এই পরিমাণ ক্ষুদ্রতা, এই পরিমাণ দীনতা সত্ত্বেও মানুষ এতটা অহংকারী হয় কী করে?কীভাবে সে হয়ে ওঠে এতটা আত্মধ্বংসী আর পরশ্রীকাতর? কোন আশায় সে সুসম্পর্কের সবুজ আঙ্গিনায় অশান্তির আগুন জ্বালিয়ে দেয়? জীবনের রঙ্গমঞ্চে মিথ্যে অভিনয়ের জাল বুনে চলে, সত্যের তীব্র ভ্রূকুটিকে অম্লানবদনে উপেক্ষা করে?
এর চেয়ে ভালো কি তবে পাখির জীবন? ছোট্ট দেহ, অল্প আহার। অল্প বিয়োগ। দুটো মাত্র ডিম, একটু তা। ছোট্ট বাসায় দুটো বাচ্চা। চারপাশে তার অনন্ত আকাশ। কন্ঠে শুধু গান আর গান!
না হয় পেতাম ঘাসের জীবন। একফালি রোদ, একটু ছায়া। অল্প জলে সবুজ গালিচা। প্রান্তর জুড়ে ঘাসফরিং এর স্বপ্ন হাঁটে। ভোরের শিশির আবেশ ছড়ায়; ঝরা শেফালির শব পড়ে থাকে।
কিংবা হতাম গাছের পাতা। সূর্যালোকে খাবার বানাই। আমার ক্রোড়ে লুকিয়ে থাকে ফুলের কুঁড়ি। আমার ছায়ায় বসত গড়ে ছোট্ট পাখি। জন্মকালে সবুজ ছিলাম; বয়সকালে হলুদ হয়ে মিলিয়ে যাই ঐ নিরালায়!
এমনি করেই কতকিছুই না হয়ে যেতে চাই! দূর্লভ এ মানবজন্ম পেয়ে ও কেন যে তৃপ্তি আসে না!
মন, তুই বড় খারাপ রে! তোর একটু বেশিই খাই খাই!
মানবজন্মের অর্থ খুঁজিস?!
মায়ের কোল। শিশুর ঘুম। নিশ্চিন্ত দুজন। দেখিস নি?
তরুন যুগল। ঘাসের বিছানা। বসে আছে। হাতে রেখে হাত! দেখিস নি?
সমাধির সারি। ছোট্ট মেয়ে। অশ্রু সজল। দেখিস নি?
ঘুরে ঘুরে সেই রবীবাবুর কাছে ফিরে যাই!
"একদিন এই দেখা হয়ে যাবে শেষ,
পড়িবে নয়ন- 'পরে অন্তিম নিমেষ।
পরদিনে এই মতো পোহাইবে রাত,
জাগিবে জগত- 'পরে জাগ্রত প্রভাত।
.........................................
যা পাই নি তাও থাক, যা পেয়েছি তাও
তুচ্ছ বলে যা চাই নি তাই মোরে দাও।।"
অমরতা! মরে গিয়েও বেঁচে থাকা! কী স্বপ্নীল হাতছানি! তবে, আমি তা চাই না। আবার সবুজ বনপথে কোন পায়ের ছাপ না রেখে হারিয়ে যাবো- তাও কেন যেন মেনে নিতে পারিনা! কেমন করে কাটাই এ দ্বিচারী জীবন?
আবোল তাবোল-৭ (বদনা বন্দনা)
আবোল তাবোল-৬ (অ-আস্তিকেরর জীবনচক্র)
আবোল তাবোল-৫ (বৌদি)
আবোল তাবোল-৪ (লুঙ্গীর ব্যবচ্ছেদ)
আবোল তাবোল-৩ (নাস্তিকতা বিশ্লেষন)
আবোল তাবোল-২ (নববর্ষ)
আবোল তাবোল-১ (নোয়াখাইল্লা পোলা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

